তাসকিন এবার কাচ্চি বিরিয়ানি খেতেই পারেন

বাবার সঙ্গে তাসকিন আহমেদছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে প্রতিদিনের মতোই ব্যস্ততা লেগে আছে। বিকেলের দিকে গড়ানো দুপুরের দিকে একটু লক্ষ করলেই বোঝা যাচ্ছিল, এলাকার বাসিন্দারা একটা বাড়ির সামনে গিয়ে একটু হলেও কৌতূহল নিয়ে থমকে দাঁড়াচ্ছেন।

বাড়িটির সামনে লাইন ধরে পার্ক করা কয়েকটি বেসরকারি টিভি চ্যানেলের গাড়িও। বাড়ির পাঁচতলার অ্যাপার্টমেন্টে থাকা একটা ছেলে যে গতকাল রাতে পুরো দেশের মন জিতে নিয়েছেন—তাসকিন আহমেদ। প্রায় ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার তাসকিনকে কালকের রাতের পর থেকে আরও মাথা উঁচু করে দেখতে হচ্ছে!

তাসকিনের বাবা আবদুর রশিদ ও তাসকিনের ছেলে তাসফিন আহমেদ
ছবি: প্রথম আলো

বাড়ির মূল গেটে পা রেখে পরিচয় দিতেই দারোয়ান বললেন, ‘বুঝেছি, তাসকিন ভাইয়ের বাসায় যাবেন।’ ফোনে তাসকিনের বাসায় কারও সঙ্গে কথা বলে দিয়ে দিলেন বাসায় যাওয়ার ছাড়পত্র।

বাসার দরজা খুলে দিয়ে তাসকিনের বাবা আবদুর রশিদ মজা করে বলছিলেন, ‘আজকে তো আড়ং থেকে কয়েক সেট জামাকাপড় কিনে আনা উচিত ছিল।’ সেঞ্চুরিয়নে ছেলের কীর্তির দ্যুতি ঢাকার মোহাম্মদপুরে বাবার ওপর পড়লে যা হয় আরকি!

আগের রাতে বাসার আদুরে ছেলেটা দক্ষিণ আফ্রিকা জয় করেছেন, বাসার দেয়ালে দেয়ালে লেগে আছে সে আনন্দ। বসার রুমে জ্বলজ্বলে তাসকিনের ক্রিকেটীয় সাফল্যের গল্পগুলো।

বড় একটা ছবিতে উইকেট পাওয়ার পর তাসকিনের দুই হাতে ডানা ছড়িয়ে ওড়ার গল্প। কাল তাসকিনের যে ছবি আনন্দ ছড়িয়েছে বাংলাদেশের অসংখ্য ড্রয়িংরুমে। একটা শোকেসে বেশ কয়েকটি স্টাম্প ও বল।

তাসকিনের বাসার শোকেসে জমানো বল
ছবি: প্রথম আলো

সেগুলো মনে করিয়ে দেয় বাংলাদেশের জয় ও তাসকিনের ব্যক্তিগত সাফল্যের গল্পগুলো। বাংলাদেশ দল দেশে ফেরার পর সেখানে নিশ্চয়ই ঢুকে যাবে সুপার স্পোর্ট পার্ক স্টেডিয়ামের স্টাম্প ও বলও।

আরও পড়ুন

সেই শোকেসেই আঠা দিয়ে লাগানো তিনটি চিরকুট দৃষ্টি কেড়ে নিল। একটি হলুদ চিরকুটে লেখা, ‘আমি চাইলেই আমার সেরাটা বের করে আনতে পারি।’ দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের ইনিংস ধসিয়ে দিয়ে যে কাজটি এরই মধ্যে করে দেখিয়েছেন তাসকিন। আরেকটি হলুদ চিরকুটে লেখা, ‘নেতিবাচক মানুষদের এড়িয়ে চলো।’

তাসকিনের বাসার শোকেস
ছবি: প্রথম আলো

পরিণত তাসকিন এত দিনে চিনে গেছেন তাঁর আশপাশের নেতিবাচক বন্ধুদের। সাদা চিরকুটে যে কথাটি লেখা, সেটা তো আরও সর্বজনীন, ‘আমি আমার পিতামাতাকে ভালোবাসি।’ এই তিনের শক্তিতেই তো লেখা তাসকিনের ফিরে আসার গল্প।

বাবা-ছেলে হলে কী হবে, তাসকিনের সঙ্গে তাঁর বাবার সম্পর্ক যেন বন্ধুর মতো। সুখ-দুঃখের সব গল্প বাবার সঙ্গে তাঁর ভাগাভাগি করা চাই। এমন দারুণ সাফল্যের পর বাবা অপেক্ষা করছিলেন ছেলের ফোনের। সেই ফোন এসেছে ম্যাচ শেষ হওয়ার বেশ কিছুক্ষণ পর।

কারণটাও বললেন আবদুর রশিদ, ‘খেলা শেষে ও একটু হইহুল্লোড় ও নাচানাচি করবে, আমি তো জানি। তাই ফোন দিইনি। ও ফোন দিয়ে বলল, “বাবা, দোয়া কোরো। ভালো করেছি, সামনে যেন আরও ভালো করতে পারি। এখন টেস্ট আছে, সেখানেও ভালো করতে হবে।” আমি বলেছি, এটা কিন্তু শুরু। এখানেই শেষ করা যাবে না।’

আরও পড়ুন

২০১৯ বিশ্বকাপে দলে জায়গা না পাওয়া তাসকিনের কান্না ছুঁয়ে গিয়েছিল অনেকেরই। সেই চোখের পানিকেই পরে পরিণত করেছেন শক্তিতে। ছেলের বাঁকবদলের গল্পগুলো গর্ব নিয়ে শোনালেন আবদুর রশিদ, ‘সুদিন থাকলে দুর্দিনও থাকবেই। এই সাফল্য ওর পরিশ্রমের ফল। বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর অনেক পরিশ্রম করেছে। বিশেষ করে লকডাউনের সময়। জিম, মনোবিদের সাহায্য নেওয়া, বালুতে দৌড়ানো...নিচের গ্যারেজে বোলিং অনুশীলন।’

কঠোর পরিশ্রমের সঙ্গে বড় পরিবর্তন এসেছে খাবারেও। শরীরটা ঝরঝরে রাখার জন্য প্রিয় কাচ্চি বিরিয়ানির নাম ভুলে যেতে বসেছেন তাসকিন। তাঁর বাবা বলছিলেন, ‘ও কাচ্চি বিরিয়ানি খেতে খুব পছন্দ করে। কিন্তু বছরখানেক হলো কাচ্চি বিরিয়ানি খায় না। ওর ট্রেনার ওকে বলেছিল, “৫ উইকেট পেলেই বিরিয়ানি খাবে।”’

আরও পড়ুন

ছেলের গল্পগুলো বলতে বলতে রশিদকে দৌড়ে এসে জড়িয়ে ধরেন তাসকিনের সাড়ে তিন বছরের ছেলে তাসফিন আহমেদ। প্রিয় নাতিকে কোলে তুলে নেন আবদুর রশিদ। বাবার উদ্‌যাপন দেখানোর কথা বলতেই কোলে বসে দুহাত ছড়িয়ে ‘তাসকিন’ হয়ে গেল তাসফিন। হাসির একটা রোল উঠল। আনন্দফোয়ারার মধ্যে একটা আগাম সুখবরও দিয়ে রাখলেন তাসকিনের বাবা, আগামী মাসে কন্যাসন্তানের বাবা হতে যাচ্ছেন তাসকিন।

৫ উইকেট নিয়েছেন তাসকিন
ছবি: এএফপি

ওয়ানডে সিরিজ শেষ, এখন অপেক্ষা টেস্ট সিরিজের। যেটি শেষ করে কবে তাসকিন ফিরে আসবেন, সেই অপেক্ষায় দিন গুনছেন আবদুর রশিদ। ফেরার পর মায়ের কাছে কাচ্চি বিরিয়ানি খাওয়ার বায়না ধরবেন বলেই বিশ্বাস তাঁর। ট্রেনারের শর্ত মেনে ৫ উইকেট তো পেয়েছেন, এবার তো তাসকিন কাচ্চি বিরিয়ানি খেতেই পারেন।