দুঃসংবাদই পেলেন সোহাগ গাজী
পর পর দুই বছরের দুটি অক্টোবর। অথচ দুটিতে কী তফাত! এর একটি যদি সোহাগ গাজীকে আকাশ ছোঁয়ার অনুভূতিতে আচ্ছন্ন করে থাকে, অন্যটি এসেছে ভয়াল দুঃস্বপ্ন হয়ে। গত বছর অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে একই টেস্টে সেঞ্চুরি ও হ্যাটট্রিক করার ইতিহাস। আর এই অক্টোবরে খবর পেলেন, অবৈধ বোলিং অ্যাকশনের জন্য তিনি আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ।
গত ওয়েস্ট ইন্ডিজ সফরে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর কার্ডিফে পরীক্ষা দিতে গিয়েছিলেন।
১৯ সেপ্টেম্বরের সেই পরীক্ষার ফল কাল সন্ধ্যার পর সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে আইসিসি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়েছে এর আগেই। যেটি বয়ে এনেছে দুঃসংবাদ, কার্ডিফের পরীক্ষাগারে সোহাগ গাজীর সব বলই কনুই ভাঙার নির্ধারিত সীমা ১৫ ডিগ্রি অতিক্রম করেছে। অ্যাকশন না শোধরানো পর্যন্ত তিনি আন্তর্জাতিক ক্রিকেটে আর বোলিং করতে পারবেন না।
সোহাগ গাজীর বোলিং নিয়ে সন্দেহের তির কার্ডিফে সোহাগ গাজীর সঙ্গেই পরীক্ষা দিয়েছিলেন জিম্বাবুইয়ান অফ স্পিনার প্রসপার উতসেয়া। ফলও একই সঙ্গে বেরিয়েছে। অভিন্ন ফল। প্রসপার উতসেয়ার সব বলও ১৫ ডিগ্রির সীমা অতিক্রম করে। তিনিও তাই আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ। গত কিছুদিন অবৈধ বোলিং অ্যাকশনের বিরুদ্ধে যেন রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে আইসিসি। একের পর এক বোলারের অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠছে। বেশির ভাগই অফ স্পিনার। পাকিস্তানের সাঈদ আজমল ও শ্রীলঙ্কার সাচিত্রা সেনানায়েকে নিষিদ্ধ হয়েছেন। তাঁদের সঙ্গে যোগ হলো সোহাগ ও উতসেয়ার নামও।
আজমল ও সেনানায়েকের পরীক্ষার ফল রীতিমতো বিস্ময় জাগিয়েছে, কীভাবে তাঁরা এত দিন খেলে যেতে পারলেন। দুজনেরই কনুই প্রায় ৪৩ ডিগ্রি পর্যন্ত বেঁকে যায়! সোহাগের কত ডিগ্রি বাঁকে? আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে সেটির উল্লেখ নেই। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীও তা বলতে রাজি নন, ‘এটা আইসিসি যখন জানাবে তখন জানবেন।’ তবে একটি সূত্রে জানা গেছে, বোলিংয়ের সময় ডেলিভারিভেদে সোহাগের কনুই ২৫ থেকে ৩০ ডিগ্রি পর্যন্ত বাঁকা হয়।
কাল রাতে সোহাগকে যখন ফোনে ধরা হলো, তখন পর্যন্ত তিনিও জানতেন না, ডিগ্রির বিচারে তাঁর সমস্যাটা আসলে কতটা গুরুতর। তবে তিনি পরীক্ষার ফল শুনে হতচকিত, ‘এটা আমি একদমই আশা করি নাই। পরীক্ষার সময় যারা ছিল, তারা বলেছিল, আমার কোনো সমস্যা আছে বলে মনে হচ্ছে না। আমার কনুই ১৫ ডিগ্রির বেশি বাঁকে না। খবরটা শুনে আমি তাই খুব আপসেট।’
সোহাগের সামনে নতুন ‘যুদ্ধ’ বিস্ময়কর হলো, খবরটা সোহাগকে নিজের উদ্যোগেই শুনতে হয়েছে। বিসিবি থেকে কেউই তাঁকে কিছু জানাননি। সাংবাদিকদের ফোন পেয়ে তিনি ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খানকে ফোন করে দুঃসংবাদ সম্পর্কে নিশ্চিত হন। হতাশায় আচ্ছন্ন হলেও সোহাগ মোটেই ভেঙে পড়ছেন না, ফেরার প্রতিজ্ঞার কথাও শুনিয়ে দিলেন, ‘ক্রিকেটই তো আমার ধ্যানজ্ঞান। তাই যেভাবে হোক ফিরবই। যা যা করতে হয় করব।’
সাম্প্রতিক সময়ে অবৈধ বোলিং অ্যাকশন নিয়ে তোলপাড়ে নিষিদ্ধ বোলারদের ফেরার প্রক্রিয়া মোটামুটি জানা হয়ে গেছে সবার। সোহাগও তা জানেন। বোলিং অ্যাকশন নিয়ে কাজ করতে হবে। সেটি অনুমোদিত সীমার মধ্যে এসেছে বলে ধারণা করার পর আইসিসিকে আবারও পরীক্ষার জন্য অনুরোধ করা হবে। তাতে ‘পাস’ করলে ফিরতে পারবেন আন্তর্জাতিক ক্রিকেটে। সোহাগের চেয়ে বিসিবির উদ্যোগই এখানে বেশি জরুরি। বিসিবির প্রধান নির্বাহীও জানালেন, সোহাগকে ফিরে পেতে সম্ভাব্য সবকিছুই করা হবে, ‘সোহাগ আমাদের খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। যত তাড়াতাড়ি সম্ভব তাঁকে আমরা আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে চাই। মাত্রই রিপোর্টটা পেলাম। খুব দ্রুতই আমরা করণীয় ঠিক করব।’