পরিসংখ্যান নয়, খেলার ধরন দেখে ডাকা হবে দলে

অধিনায়ক হিসেবে নিজের সিরিজেই সফল স্টোকসছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু শহীদ আফ্রিদিই জনি বেয়ারস্টোর তোপ সামলে টিকে রইলেন।

হেডিংলিতে গতকাল বেয়ারস্টো যখন উইকেটে নেমেছেন, জয়ের জন্য ১১১ রান দরকার ছিল ইংল্যান্ডের। হাতে পুরো দিন। ট্রেন্ট ব্রিজের মতো শেষ সেশনেই জেতার মতো কঠিন কোনো লক্ষ্য নয়। কিন্তু বেয়ারস্টোকে সম্ভবত সেটা কেউ বলতে ভুলে গিয়েছিলেন। ৪৪ বলে ৭১ রান তুলে মাঠে নামার ১৫তম ওভারের মধ্যেই ম্যাচ শেষ করে এসেছেন দুর্দান্ত ফর্মে থাকা এই ব্যাটসম্যান।

এতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটা ৩৯৪ রান নিয়ে শেষ করলেন বেয়ারস্টো। গড় এমন কিছু আহামরি নয়, ৭৮.৮০। কিন্তু স্ট্রাইক রেট? ১২০.১২। কোনো টেস্ট সিরিজে তিন শ বা এর বেশি রান করা কোনো ব্যাটসম্যানদের ক্ষেত্রে এর চেয়ে বেশি স্ট্রাইক রেট শুধু আফ্রিদির। ২০০৬ সালে ভারতের বিপক্ষে ব্যাটিংবান্ধব উইকেটে ১২১.৩২ স্ট্রাইক রেটে ৩৩০ রান করেছিলেন টেস্ট ক্রিকেটের সঙ্গে কখনোই মানিয়ে নিতে না পারা আফ্রিদি।

আরও পড়ুন

বেয়ারস্টোর কারণে অন্যদের হয়তো চোখে পড়ছে না। কিন্তু এবার নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের সব ব্যাটসম্যানই ইতিবাচক ক্রিকেট খেলেছেন। নিল ওয়াগনারের বলে জো রুটের রিভার্স স্কুপ চোখ কপালে তুলে দিয়েছিল, সিরিজ শেষে সে চোখকে নিজের অবস্থানে ফিরতে দিচ্ছে না সাবেক অধিনায়কের পরিসংখ্যান। সিরিজে দুই শতক ও এক অর্ধশতকে ৩৯৬ রান করা রুটের স্ট্রাইক রেট ৭৪.১৫। এ সিরিজের আগপর্যন্ত যাঁর ক্যারিয়ার স্ট্রাইক রেট ছিল ৫৪.৬৫। এ ছাড়া ওলি পোপ ২৬৭ রান করেছেন ৬০ স্ট্রাইক রেটে, অধিনায়ক বেন স্টোকসের ১৯৪ রান এসেছে ৮২.৫৫ স্ট্রাইক রেটে।

আরও পড়ুন

এমন নয় যে নিউজিল্যান্ডকে ধবলধোলাই করা এই সিরিজ ব্যতিক্রম হয়ে থাকবে। নতুন অধিনায়ক স্টোকস ও নতুন কোচ ব্রেন্ডন ম্যাককালাম এই ইতিবাচক (পড়ুন আগ্রাসী) ক্রিকেটই দেখাতে চান টেস্টে। কাল তিন ম্যাচ সিরিজের ট্রফি বুঝে নিয়ে স্টোকস বলে দিয়েছেন, যাঁরা ইংল্যান্ড দলে খেলতে চান, তাঁরা যেন দলের নতুন এই স্টাইল মাথায় গেঁথে নেন। খেলাটা কীভাবে খেলা হচ্ছে, সেটাই দেখবেন তাঁরা। কাউন্টিতে রানের পর রান করেও লাভ হবে না, যদি সে খেলায় ইতিবাচকতা না থাকে। ভাগ্যিস, জিওফ্রে বয়কট এ সময়ে জন্মাননি!

আরও পড়ুন
দারুণ এক সিরিজ কাটাল ইংল্যান্ড
ছবি: রয়টার্স

শেষ দিনে ১১৩ রান দরকার ছিল ইংল্যান্ডের। ৬৫ মিনিটের মধ্যে খেলা গুটিয়ে দিয়ে পঞ্চম দিনের খেলাকে আক্ষরিক অর্থেই আনুষ্ঠানিকতা বানিয়ে ফেলেছে ইংল্যান্ড। অবশ্য যে দলের কোচ টেস্টে ৬৪.৬০ স্ট্রাইক রেটে রান তোলা ম্যাককালাম এবং অধিনায়ক স্টোকস, যিনি বছর সাতেক আগেই এক সিরিজে ১০০-এর বেশি স্ট্রাইকরেটে ৪১১ রান করেছেন, সে দলের কাছ থেকে হয়তো এমন কিছু অবশ্যম্ভাবীই।

আরও পড়ুন

স্টোকস বলে দিয়েছেন, এই নিউজিল্যান্ড সিরিজ বা ভারতের বিপক্ষে শুরু হওয়া ১ জুলাইয়ের টেস্ট নয়, তাঁরা এভাবে বিনোদন দিতে চান আরও বহুদিন, ‘আমার ধারণা, আগামী অন্তত দুই বা তিন বছর ইংল্যান্ডের হয়ে যারা টেস্ট খেলতে চায়, তাদের গত তিন ম্যাচ একটা বার্তা পৌঁছে গেছে। আমি আশা করব, যারা আমাদের দেখেছে, তারা এখন বুঝবে, দলে কড়া নাড়তে হলে এবং ঢুকতে হলে কী করতে হবে।’

কাউন্টিতে ভালো করে নির্বাচকদের চোখে পড়তে হলে কী করতে হবে, সেটা আরও একবার বলে দিয়েছেন নতুন টেস্ট অধিনায়ক, ‘আমি বলব, আপনি ব্যাটিং করেন বা বোলিং, কোন মানসিকতা এবং কোন ঢঙে আপনি খেলছেন, সেটাই গুরুত্বপূর্ণ; আপনার পরিসংখ্যান বা অমন কিছু গুরুত্বপূর্ণ নয়। নির্বাচকদের কাছে আপনি কীভাবে খেলছেন, সেটাই প্রথম বিবেচ্য ও সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুন
ছবি: রয়টার্স

বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশিপ বিজয়ী নিউজিল্যান্ডকে ধবলধোলাই করাটা বড় কৃতিত্ব। কিন্তু ঘরের মাঠে ইংল্যান্ডের এমন জয় খুব বেশি অপ্রত্যাশিত তো নয়; তবু ইংল্যান্ডের সিরিজ জয় নিয়ে সবার উচ্ছ্বাসের কারণ সিরিজটি যেভাবে এগিয়েছে সেটা। এই সিরিজে ইংল্যান্ড একবার ১৪১ রানে অলআউট হয়েছে, এক টেস্টে ৫৫ রানে ৬ উইকেট হারিয়েছে, অন্য টেস্টে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৫৫৩ রান তুলেছে। প্রতিবার আগ্রাসী ক্রিকেটে ম্যাচে ফিরেছে ইংল্যান্ড।

আরও পড়ুন

স্টোকসের দাবি, তাঁদের এই ঘরানার ক্রিকেট খেলার সবে শুরু, ‘আমরা চাইছি এর ওপর ভিত্তি করে ভবিষ্যতে এগোতে; শুধু আমাদের নিজেদের সাফল্য নিয়ে পড়ে থাকতে চাই না। এখানে ভবিষ্যতেরও ব্যাপার আছে। গত তিন সপ্তাহে যা করেছি, তাতে আমার ধারণা, মানুষ আবার টেস্ট ক্রিকেট উপভোগ করতে শুরু করেছে। এ ম্যাচগুলোয় ফল যদি আমাদের বিপক্ষেও যেত, খেলা যদি এভাবেই হতো কিন্তু আমরা হেরে যেতাম, তবু এই তিন টেস্টের প্রতিটি দিন, প্রতিটি সেশন, প্রতিটি ঘণ্টায় সবাই যেভাবে খেলেছে এবং যে মনোভাব দেখিয়েছে, আমি একজন সুখী অধিনায়ক হিসেবে মাঠ ছাড়তাম।’

হেরে গেলেও স্টোকস হয়তো খুশি হতেন দলের মনোভাব দেখে। কিন্তু সাধারণ দর্শকের কাছে জয়-পরাজয়টাও গুরুত্বপূর্ণ। আর ট্রেন্ট ব্রিজ ও হেডিংলিতে হয়তো জয় অসম্ভব হয়ে উঠতে পারত, যদি বেয়ারস্টো অমন অবিশ্বাস্য দুটি ইনিংস না খেলতেন। তাই দলের সবার মানসিকতার প্রশংসার ফাঁকেও অধিনায়কের কাছ থেকে বাড়তি স্তুতি মিলল এই আক্রমণাত্মক ব্যাটসম্যানের, ‘বেয়ারস্টো যা করেছে, তা খুব খুবই বিশেষ কিছু। সে এখন যেভাবে খেলছে, আমি শুধু বলতে পারি, “ওয়াও”।’

আরও পড়ুন
ম্যাককালামের অধীনে অন্য ধারার ক্রিকেট খেলতে চায় ইংল্যান্ড
ছবি: রয়টার্স

টেস্টে বেয়ারস্টো এর আগেও সোনালি সময় কাটিয়েছেন। ২০১৬ সালে টেস্টে ১৪৭০ রান করেছিলেন। কিন্তু সে বছরও যা করতে পারেননি ১৭ টেস্টে, সেটি এবার করে ফেলেছেন বেয়ারস্টো। এ বছর মাত্র ৭ টেস্টেই ৪টি শতক তাঁর। মাঝে কিছুদিন তো ওয়ানডে ও টি-টোয়েন্টিতেই বিবেচ্য ছিলেন। আবার টেস্ট দলে তাঁর এমন গুরুত্বপূর্ণ হয়ে ওঠার পেছনে ওয়ানডে অধিনায়ক এউইন মরগানেরও ভূমিকা দেখেন স্টোকস, ‘সাদা বলে ওর ভূমিকা খুব পরিষ্কার। খুবই নির্দিষ্ট। যখনই খেলতে নামে, সে জানে কী করতে হবে। সে এখন আমাদের হয়ে ওভাবেই খেলছে, যেমনটা সে ওয়ানডে জার্সিতে খেলে।’

আরও পড়ুন

কোচ ব্রেন্ডন ম্যাককালামও বেয়ারস্টোকে নিজের মতো খেলার স্বাধীনতা দিয়েছেন। স্টোকস সেটা ব্যাখ্যা করেছেন চমৎকারভাবে, ‘আমি কখনো শুনিনি, ট্রেন্ট ব্রিজে জনি যেভাবে ৯০ বলে ১৩০-এর বেশি করল, এরপর সে কোচকে গিয়ে জিজ্ঞাসা করবে, “কীভাবে খেলব?” ব্রেন্ডন শুধু বলেছেন, “যাও, নিজের সুডোকু বইটা এনে আমার পাশে চুপ করে বসে থাকো। গত সপ্তাহে যা করেছিলে, আবার সেটাই করো।” জনির ক্ষেত্রে ওকে শুধু জানতে হবে দলে ওর ভূমিকাটা কী।’

আগামী ১ জুলাই একমাত্র টেস্টে মুখোমুখি ইংল্যান্ড ও ভারত। সে টেস্টেও যে নতুন ইংল্যান্ডের দেখা মিলবে, এটা তো নিশ্চিত।

আরও পড়ুন