বন্ধু রুটকে ফিরে পাওয়ার আশা অ্যান্ডারসনের

রুটের সঙ্গে সম্পর্ক আবার স্বাভাবিক হওয়ার আশা অ্যান্ডারসনেরফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টেস্টে অধিনায়কত্বের রেকর্ড জো রুটের। সবচেয়ে বেশি টেস্ট জয়ের রেকর্ডও তাঁর। ৬৪ ম্যাচে অধিনায়কত্ব করে ২৭ জয় পেয়েছেন সদ্য বিদায়ী ইংলিশ অধিনায়ক। এই ২৭ টেস্ট জয়ে মূল ভূমিকা দুজনের। ব্যাট হাতে রুট রানের পর রান করেছেন। ওদিকে বল হাতে দাপট দেখিয়েছেন জিমি অ্যান্ডারসন। তাঁর অধীনই সেরা সময় কাটিয়েছেন এই পেসার।

রুট অধিনায়কত্ব ছেড়ে দেওয়ায় তাই মন খারাপ হওয়াটা স্বাভাবিক তাঁর। তবে অ্যান্ডারসন এমন সিদ্ধান্তের মাঝে ভালো কিছু খুঁজে পাচ্ছেন। অধিনায়কত্ব ছেড়ে এখন সাধারণের কাতারে নেমেছেন রুট। এতে নাকি বন্ধুকে আবার ফিরে পাবেন অ্যান্ডারসন।

মাঠে দলকে অনুপ্রাণিত করতে পারছেন না বলে অভিযোগ উঠেছিল রুটের বিরুদ্ধে
ফাইল ছবি: রয়টার্স

রুটের অধিনায়কত্বে ৪৬ ম্যাচ খেলেছেন অ্যান্ডারসন। ৩৯ বছর বয়সী এই পাঁচ বছরে পেয়েছেন ১৭০ উইকেট। রুটের অধীন ভালো যেমন খেলেছেন, তেমনি সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে বিতর্কিতভাবে অ্যান্ডারসনকে বাদও দেওয়া হয়েছে। শুধু অ্যান্ডারসন নন, তাঁর দীর্ঘদিনের নতুন বলের সঙ্গী স্টুয়ার্ট ব্রডকেও বাদ দেওয়া হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ সফরে। সিরিজে ১-০ ব্যবধানে হারের পরই পদত্যাগের ঘোষণা দেন রুট।

বিবিসিতে নিজের টেইলএন্ডার পডকাস্টে এসে অ্যান্ডারসন বলেন, অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর রুটের সঙ্গে তাঁর কী কথা হয়েছিল, ‘আমি ওকে ধন্যবাদ দিয়েছি। কারণ, পরিসংখ্যানের দিক থেকে বোলার হিসেবে আমার সেরাটা ওর অধীন হয়েছে, এটা কোনো কাকতাল নয়। ওর অধীন আমাকে ও স্টুয়ার্টকে নিয়ে অনেক কিছুই বলা হয়েছে। এ ব্যাপারে অনেক কথা হয়েছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে, ওর অধীনই সেরাটা খেলতে পেরেছি। কয়েক বছর ধরে আমাকে সমর্থন দেওয়ার জন্য ওকে ধন্যবাদ দিয়েছি।’

রুটের অধীনেই সেরা পারফরম্যান্স অ্যান্ডারসনের
ফাইল ছবি: এএফপি

টেস্টে পেস বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট এখন অ্যান্ডারসনের। তাঁর চেয়ে বেশি টেস্ট উইকেট আছে শুধু দুজনের—মুত্তিয়া মুরালিধরন ও শেন ওয়ার্ন। ৩৯ বছর বয়সেও আগের মতো ধার তাঁর বলে। এর পেছনে রুটের অবদান স্বীকার করে নিয়েছেন অ্যান্ডারসন, ‘খেলা চালিয়ে যেতে ও অনেক অনুপ্রাণিত করেছে। বোলার হিসেবে আমার সর্বোচ্চটা বের করতে চেয়েছে সে। যখন সময় হয়েছে বিশ্রাম দিয়েছে এবং নিশ্চিত করেছে যত দিন সম্ভব আমি যেন খেলে যেতে পারি। দুজনের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা আছে আমাদের এবং সব সময় আমার ভালো বন্ধু ছিল সে।’

তবে অধিনায়কত্বের শেষ দিকে রুটকে যে ওভাবে আর পেতেন না সেটাও জানিয়েছেন অ্যান্ডারসন। তাই রুটের এই সিদ্ধান্তে ইতিবাচক কিছু খুঁজে নিয়েছেন অ্যান্ডারসন, ‘অধিনায়কত্বে যত নিবিষ্ট হয়েছে, তত আমাদের পক্ষে বন্ধুত্ব ধরে রাখা কঠিন হয়ে উঠেছিল। কিন্তু আশা করি এখন আবার সেই বন্ধুত্বে ফেরা সহজ হবে।’