বার্সেলোনার মতো স্টেডিয়াম দখল হতে দেবে না ওয়েস্ট হাম
দুই পক্ষের মধ্যে এক দফা মারামারি বহু আগেই হয়ে গেছে। ইউরোপা লিগের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ওয়েস্ট হাম ও ফ্রাঙ্কফুর্ট। তবে দুই দলের সমর্থকেরা শক্তি পরীক্ষা করে নিয়েছেন শেষ ষোলোতে থাকার সময়ই। একদম নিরপেক্ষ ভেন্যু বেছে নিয়ে ইংলিশ ও জার্মান সমর্থকেরা মারামারি করে এসেছেন স্পেনে। এমন দুই দল যখন মুখোমুখি হয়, তখন আগেভাগেই সাবধান হওয়া ভালো।
এর মধ্যে একটি দল যদি ফ্রাঙ্কফুর্ট হয়, তাহলে প্রতিপক্ষের আগে থেকেই প্রতিরোধ গড়ে রাখায় দোষ নেই। সুযোগ পেলে তাঁরা কী করতে পারেন, আগের রাউন্ডে সেটা টের পেয়েছে বার্সেলোনা। নিজেদের টিকিট বিক্রির ব্যবস্থা ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি বার্সা। আর সুযোগ পেয়ে ৩০ হাজার ফ্রাঙ্কফুর্ট দর্শক ক্যাম্প ন্যু দখল করে নিয়েছিলেন। এই ভুল করতে চায় না ওয়েস্ট হাম। ইউরোপা লিগের সেমিফাইনালে ফ্রাঙ্কফুর্টকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ওয়েস্ট হাম, সে ম্যাচে নিজেদের মাঠ যেন প্রতিপক্ষ দর্শক দখল করতে না পারে, সে ব্যবস্থা আগেই নিয়ে রাখছে তারা।
২৮ এপ্রিল ওয়েস্ট হামের মাঠে সেমিফাইনালের প্রথম লেগ খেলতে যাবে ফ্রাঙ্কফুর্ট। সে ম্যাচের জন্যও যে ফ্রাঙ্কফুর্ট দর্শকেরা দলের সঙ্গে সফরে নামবেন, এটা জানা কথা। সাধারণত প্রতিপক্ষের দর্শকের জন্য ধারণক্ষমতার অন্তত ৫ শতাংশ টিকিট রাখতে হয়। বার্সেলোনা তাই তাদের প্রায় এক লাখ ধারণক্ষমতার স্টেডিয়ামের ৫ হাজার টিকিট রেখেছিল ফ্রাঙ্কফুর্টের জন্য। কিন্তু জার্মান ক্লাবের ৩০ হাজারের বেশি দর্শক হাজির হয়েছিলেন বার্সেলোনায়। বিভিন্ন উপায়ে টিকিট কেটে ঠিকই মাঠে হাজির হয়েছিলেন তাঁরা।
ওয়েস্টহাম স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতাও কম নয়। লন্ডন স্টেডিয়ামে ৮০ হাজার দর্শক একসঙ্গে খেলা দেখতে পারেন। সে অনুযায়ী অন্তত ৪ হাজার টিকিট পাবে ফ্রাঙ্কফুর্ট। কিন্তু টিকিট না পেলেও এ ম্যাচের জন্য লন্ডনে যে আরও হাজার হাজার জার্মান সমর্থক হাজির হবেন, এ নিয়ে কারও মনে কোনো সন্দেহ নেই। কিন্তু আগামী সপ্তাহে বৃহস্পতিবারের সে ম্যাচে যেন ঘরের দর্শকের আসনে জার্মান সমর্থকদের দেখা না যায়, সেটা নিশ্চিত করতে চাইছে হ্যামার্স।
ক্লাব অবশ্য আত্মবিশ্বাসী, তারা যে ব্যবস্থা নিচ্ছে, তাতে বার্সেলোনার মতো টিকিট কেলেঙ্কারি দেখতে হবে না লন্ডনের ক্লাবকে। এরই মধ্যে ক্লাব, স্টেডিয়ামের কর্মী ও পুলিশ মিলে এ নিয়ে আলোচনা করেছে। সেই সঙ্গে এ ম্যাচের জন্য বাড়তি নিরাপত্তাকর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লন্ডন স্টেডিয়ামের এক সূত্র মিরর ফুটবলকে জানিয়েছে, ‘তারা নিরাপত্তাকর্মী ও নিরাপত্তাব্যবস্থা বাড়াবে এবং ক্লাবের পরিকল্পনাকে বেশ বড় পুলিশি পরিকল্পনার সঙ্গে একীভূত করা হবে।’
ওয়েস্ট হাম এর আগে জানিয়েছিল, অবিক্রীত টিকিট আজ থেকে বিক্রির জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তবে এখন সমর্থকদের সতর্ক করে দেওয়া হয়েছে, স্টেডিয়ামের যে অংশে স্বাগতিক দর্শক থাকার কথা, সেখানে প্রতিপক্ষ দর্শক দেখা গেলে সেই টিকিটের প্রকৃত মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, ‘ওয়েস্টহামের যে সমর্থকেরা আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের সমর্থকের কাছে অসাধু উপায়ে টিকিট বিক্রি করবে, তাদের মৌসুমি টিকিট বাতিল হবে এবং বাকি মৌসুমের জন্য স্টেডিয়াম থেকে তাদের নিষিদ্ধ করা হবে। সে সঙ্গে মৌসুমি টিকিট কেনার ফলে যেসব সুবিধা পাওয়া যায়, সব বাতিল হবে। কোনো অর্থ ফেরত দেওয়া হবে না।’
এর আগে গত মাসে সেভিয়ায় ফ্রাঙ্কফুর্ট ও ওয়েস্টহাম সমর্থকদের মধ্যে এক দফা মারামারি হয়ে গেছে। জার্মান ক্লাব গিয়েছিল রিয়াল বেতিসের বিপক্ষে খেলতে আর ইংলিশ ক্লাবের খেলা ছিল সেভিয়ার বিপক্ষে। একদিন আগে-পরের সে দুই ম্যাচের জন্য একই শহরে যাওয়া দুই দলের সমর্থকেরা মারামারি করে এসেছেন।