এরপর বিশ্বকাপ জয়ের স্বপ্ন কেন দেখবে না?

দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জয়ের পর আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশের। বিশ্বকাপে এই আত্মবিশ্বাসই কাজে লাগাতে চান রাসেল ডমিঙ্গোছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিসি ওয়ানডে সুপার লিগ পয়েন্ট তালিকায় তাকালেই বাংলাদেশি সমর্থকদের মন ভরে যাওয়ার কথা। ১৮ ম্যাচে ১২ জয়—১২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চূড়ায় বাংলাদেশ।

শুধু পয়েন্ট তালিকায় আধিপত্য নয়, দক্ষিণ আফ্রিকায় ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশ পেয়েছে বিশ্বকাপ জয়ের আত্মবিশ্বাসও।

দলে এই আত্মবিশ্বাসের বীজ বুনেছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। আজ সেঞ্চুরিয়ন ছেড়ে টেস্ট সিরিজের ভেন্যু ডারবান যাওয়ার আগে ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল বললেন, ‘কাল ম্যাচ শেষে রাসেল দারুণ একটি কথা বলেছেন। তিনি বলেছেন, এই সিরিজ জেতার পর তোমাদের মধ্যে যদি বিশ্বকাপ জেতার বিশ্বাসটা না আসে, তাহলে আর কোনো কিছুতে বিশ্বাস করা কঠিন হবে। আমি মনে করি, এটা খুব ভালো বার্তা। আমি মনে করি, এটা দিয়ে শুরু হলো।’

দক্ষিণ আফ্রিকায় তামিমের সঙ্গে কোচ ডমিঙ্গো
ছবি: সংগৃহীত

তামিম বলছিলেন, ‘কোচরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এর আগে যাঁরা কাজ করে গেছেন, তাঁদেরও এই সফলতার পেছনে অবদান আছে। তাঁদের কথাও ভুলে গেলে হবে না। এটা দলীয় প্রচেষ্টার ফল। কোচিং স্টাফরাও এর অংশ। সবাই সবার কাজটা ঠিকঠাক করেছে বলেই আমাদের এই অর্জন।’

বাংলাদেশের সাফল্যের পেছনে সাকিব আল হাসানের অবদান আলাদা করে উল্লেখ করার কিছু নেই। সাকিব সিরিজটি খেলেছেন মানসিক ও পারিবারিক জটিলতা নিয়ে।

আরও পড়ুন

ওয়ানডে অধিনায়কের কাছে সাকিবের পারফরম্যান্সের চেয়ে এই নিবেদনই বেশি গুরুত্বপূর্ণ, ‘সাকিব যা করেছে, তা খুব বেশি মানুষ করবে না। এই পরিস্থিতিতে অনেকেই পরিবারের কাছে যেতে চাইত, যেটা মোটেই ভুল কিছু নয়। তবে সে যা করেছে, তার জন্য অনেক বড় মনের দরকার। সে সেঞ্চুরি করেছে কি না বা ৫ উইকেট পেয়েছে কি না, তা গুরুত্বপূর্ণ নয়। যে নিবেদন সে দেখিয়েছে, সেটাই গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুন

শুধু সাকিব নন, ত্যাগ স্বীকার করেছেন সিরিজ সেরা খেলোয়াড় তাসকিনও। এবারের আইপিএলে খেলার সুযোগ ছিল এই ফাস্ট বোলারের। কিন্তু দেশের জন্য আইপিএল না খেলার সিদ্ধান্ত নেন।

তবে ভবিষ্যতে তাসকিন আইপিএলে নিয়মিত হবেন বলেই বিশ্বাস তামিমের, ‘আইপিএল তাসকিনের জন্য বিশাল একটি সুযোগ ছিল। সাধারণত এই প্ল্যাটফর্মে আমাদের দেশ থেকে খুব বেশি সুযোগ পাই না। সে সিরিজ খেলছে। বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, সে সিরিজের জন্য গুরুত্বপূর্ণ। বিষয়টা সে খুব সুন্দরভাবে গ্রহণ করেছে। আর যে দুই ট্রফি সে পেয়েছে, আমার মনে হয়, এর চেয়ে বেশি তৃপ্তি আর কোনো কিছুতে সে পেত। ভবিষ্যতে সে আশা করি আরও সুযোগ পাবে।’

ওয়ানডে সিরিজে দুর্দান্ত বল করেছেন তাসকিন
ছবি: এএফপি

সিরিজজুড়ে প্রবাসী বাংলাদেশি দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তামিমের কথায় মাঠে আসা সমর্থকদের জন্যও ধন্যবাদের সুর, ‘আমরা বেশ ভাগ্যবান। পৃথিবীর যেখানেই আমরা খেলি না কেন, সমর্থকদের দিয়ে আমরা আমাদের প্রতিপক্ষকে পেছনে ফেলতে পারি। এটা বিশাল ব্যাপার। ক্রিকেটের ব্যাপারে আমরা খুবই আবেগপ্রবণ। আমরা দারুণ সমর্থন পেয়েছি। তাঁরা আমাদের দ্বাদশ খেলোয়াড় হিসেবে ছিলেন।’