বিশ্বকাপ থেকে ইতালি বাদ পড়ায় ফিফা সভাপতির কান্না পেয়েছে

বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে ইতালিফাইল ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর নিরপেক্ষ থাকাটা ফুটবলের জন্য জরুরি। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান বলে কথা, নির্দিষ্ট কোনো দলের প্রতি টান থাকলে তো বিপদ! কিন্তু নাড়ির টান বলে কথা, জিয়ান্নি ইনফান্তিনো সে টান উপেক্ষা করেন কীভাবে। পূর্বপুরুষের দেশ ইতালি টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলছে না। চারবারের চ্যাম্পিয়নরা এবার বাদ পড়েছে প্লে-অফের সেমিফাইনাল থেকেই। ইতালির এমন ব্যর্থতায় কাঁদতে ইচ্ছা হয়েছিল ইনফান্তিনোর।

আরও পড়ুন
ইনফান্তিনো
ছবি: এএফপি

ইনফান্তিনোর জন্ম সুইজারল্যান্ডে। কিন্তু তাঁর মা–বাবা দুজনই ইতালির, উন্নত জীবনের আশায় পাড়ি দিয়েছিলেন সুইজারল্যান্ডে। তাই স্প্যানিশ, ফ্রেঞ্চ, জার্মানির মতো ইতালিয়ান ভাষায়ও সিদ্ধহস্ত ফিফা সভাপতি। প্লে-অফের সেমিফাইনালে উত্তর মেসিডোনিয়ার কাছে ইতালি হেরে যাওয়ার পর সমর্থক–সত্তা বেরিয়ে এসেছিল ২০১৬ সালে ফিফা সভাপতির দায়িত্ব পাওয়া ইনফান্তিনোর। বেড়ে ওঠার সময় যে দলের সমর্থন করেছেন, বিশ্বকাপ জেতার স্বাদ পেয়েছেন যাদের সমর্থক হিসেবে, তাদের এমন দুর্দশা সহ্য হচ্ছে না তাঁর।

২০১৪-এর পর থেকেই ইতালিকে পাওয়া যাচ্ছে না বিশ্বকাপে
ফাইল ছবি: রয়টার্স

ইতালিয়ান ক্রীড়া চ্যানেল রাই স্পোর্টসের সঙ্গে কথোপকথনে দেশটিকে টানা দুটি বিশ্বকাপে দর্শক হতে দেখার অনুভূতি জানিয়েছেন ইনফান্তিনো, ‘আমার আসলেই কাঁদতে ইচ্ছা করছে। সব ইতালিয়ানের জন্যই এটা দুঃখজনক, এ নিয়ে টানা দুই বিশ্বকাপে আজ্জুরিরা অংশ নিচ্ছে না। আর তারা যদি আগামী বিশ্বকাপে যেতে পারে, তাহলেও ১২ বছর বিশ্বকাপে তারা অনুপস্থিত থাকছে।’

টানা দুটি বিশ্বকাপে খেলতে না পারার হতাশা খেলোয়াড়-কোচরা নানাভাবেই জানিয়েছেন। আর দর্শকদের কেমন লাগছে, সেটা ইনফান্তিনোই জানিয়ে দিচ্ছেন, ‘আমি যখন ছোট ছিলাম, ১৯৭৮ ও ১৯৮২ বিশ্বকাপ দেখার যে আবেগ, সেটাই তো ফুটবলের প্রেমে ফেলে দেয় আমাকে। ইতালির শিশুদের জন্য দুঃখজনক ব্যাপারটা।’

গত বছরই ইউরো শিরোপা নিয়ে উৎসব করেছে ইতালি দল
ফাইল ছবি: রয়টার্স

ইতালির এই হতাশাকে নিজের এক প্রস্তাবে কাজে লাগাতে চাইছেন ইনফান্তিনো। দুই বছর ধরে বিশ্বকাপে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে ফিফা। ৩২ দলের বিশ্বকাপ থেকে ৪৮ দলের বিশ্বকাপ করার আলোচনাও হচ্ছে। এমনকি চার বছরের বদলে দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনের চিন্তাভাবনাও চলছে। সে চিন্তায় ভোট বাড়ানোর লক্ষ্যেই হয়তো ইনফান্তিনো একটু ইঙ্গিতেই বললেন, ‘কিন্তু এখন এটাই পরিস্থিতি। মাত্র ৩২ দল বিশ্বকাপে খেলতে পারে এবং ৪ বছর পরপর বিশ্বকাপ হয়। অন্তত এখন তাই হচ্ছে...’