দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের একজন খেলোয়াড়ই সেভাবে চেনাতে পেরেছেন নিজেকে। দুই দল মিলিয়ে সবচেয়ে বেশি রান করা পাঁচ ব্যাটসম্যানের তালিকায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি সাকিব আল হাসান। সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকাতেও তিনি তিন নম্বরে। একটা জায়গায় সাকিব অবশ্য দুই দল মিলিয়েই সবার ওপরে—সবচেয়ে বেশি ম্যাচ খেলায়। পরিসংখ্যানের আলোয় বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের দ্বিতীয় পর্বে ব্যক্তিগত রেকর্ড।
বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা ওয়ানডে লড়াইয়ে শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের চারজনই দক্ষিণ আফ্রিকার। শীর্ষ পাঁচে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি সাকিব আল হাসান।
বাংলাদেশের সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরের দ্বিতীয় ওয়ানডেতে ১৯তম ওভারে নেমে ১০৪ বলে ১৭৬ রান করে ৪৮তম ওভারে ফেরেন এবি ডি ভিলিয়ার্স। দুই দলের ওয়ানডে লড়াইয়ে এটাই ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। ডি ভিলিয়ার্সের ক্যারিয়ার–সর্বোচ্চ ওয়ানডে ইনিংসও এটি। বাংলাদেশের একটিই সেঞ্চুরি, যা করেছেন মুশফিকুর রহিম।
দুই দলের ওয়ানডে লড়াইয়ে ব্যাটিংয়ের মতো বোলিংয়েও শীর্ষ পাঁচে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি সাকিব আল হাসান। তবে বোলিং গড়টা ঠিক সাকিবীয় নয়—৪৭.৫৩। ওয়ানডেতে সাকিবের এর চেয়ে খারাপ গড় আছে শুধু শ্রীলঙ্কা (৫০.৭৭) ও অস্ট্রেলিয়ার (৫৮.০০) বিপক্ষে। দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডেতে সাকিবের গড় ৬৯.৭৫। সাকিবের সবচেয়ে বাজে গড় দক্ষিণ আফ্রিকাতেই।
বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা ওয়ানডে লড়াইয়ে সেরা বোলিংয়ে সেরা ১২–তেও নেই বাংলাদেশের কেউ। বাংলাদেশের সেরা বোলিং রুবেল হোসেনের—৪/৬২, ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরের দ্বিতীয় ওয়ানডেতে।
অভিষেকের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সব কটি ওয়ানডেই খেলেছেন সাকিব আল হাসান। দুই দলের ওয়ানডে ইতিহাসেই সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন বাংলাদেশের অলরাউন্ডার।