রান বেশি দেওয়ার আক্ষেপ তাইজুলের

৩২ ওভার বল করে ৭৭ রান দিয়ে ৩ উইকেট নেওয়া তাইজুলই ছিলেন প্রথম দিন শেষে বাংলাদেশের সেরা বোলার।ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোর্ট এলিজাবেথে টেস্টের প্রথম দিনে দ্রুত রান হয়, উইকেটও পড়ে দ্রুত। দক্ষিণ আফ্রিকার সবচেয়ে পুরোনো টেস্ট ভেন্যুর অতীত রেকর্ড অন্তত সেটাই বলছে। প্রথম দিন গড়ে ২৭৪ রানের বিপরীতে উইকেট পতনের গড় ৮। সেই হিসাবে প্রথম দিন শেষে বাংলাদেশ দলের বোলিং পারফরম্যান্স নিয়ে একটু আক্ষেপ থাকছেই।

দিনের খেলা শেষে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে অনলাইন সংবাদ সম্মেলনে আসা বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও সে আক্ষেপের কথাই বলছিলেন, ‘এই কন্ডিশনে প্রথম এক ঘণ্টার মতো সময় বোলারদের জন্য বেশ সহায়ক ছিল। কিন্তু আস্তে আস্তে উইকেটটা ব্যাটিং–সহায়ক হয়ে যায়। আমরা যদি তাদের আরেকটু কম রানে আটকে রাখতে পারতাম, হয়তোবা তাদের ওপর চাপটা আরেকটু বেশি থাকত। চাপটা যদি বেশি হতো, তাহলে দু–একটা উইকেট পড়ার সুযোগ ছিল। আমার মনে হয় একটু বেশি রান হয়ে গেছে।’

৩২ ওভার বল করে ৭৭ রান দিয়ে ৩ উইকেট নেওয়া তাইজুলই ছিলেন প্রথম দিন শেষে বাংলাদেশের সেরা বোলার। দক্ষিণ আফ্রিকা যখন প্রথম সেশনেই ১০৭ রান করে চোখ রাঙাচ্ছিল, রান থামিয়ে চাপ বাড়ানোর কাজটা তাইজুলই করেছেন সফলভাবে। দিন শেষে ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকার রান ২৭৮-ই যার প্রমাণ। নিজের বোলিংয়ের প্রসঙ্গে তাইজুলও বলছিলেন একই কথা, ‘আমি চেষ্টা করেছি। আসলে এই উইকেটে বেশি জোরাজুরি করার কিছু নেই। কারণ, দেখা যাচ্ছে বল একটু স্টাম্পের বাইরে বা ওপরে হলে রান হয়ে যায়। আসলে লাইন-লেংথ ধরে রাখাটা গুরুত্বপূর্ণ ছিল, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি।’

আরও পড়ুন
সারেল এরউইকে আউট করে খালেদের উচ্ছ্বাস
ছবি: এএফপি

রান থামাতে নিজের প্রথম স্পেলে টানা ২৪ ওভার বোলিং করেছেন তাইজুল। তাইজুলের প্রথম ২টি উইকেটও এসেছে প্রথম স্পেলে। মাঝে মধ্যাহ্নভোজের বিরতি বাদ দিলে টানা বল করেছেন এই বাঁহাতি স্পিনার। তবে মধ্যাহ্নভোজের আগে ও পরে তাইজুলের পরিকল্পনা ছিল ভিন্ন। নিজের বোলিং পরিকল্পনার ব্যাখ্যায় তাইজুল বলছিলেন, ‘ভালো করে খেয়াল করলে দেখবেন, মধ্যাহ্নভোজের আগে আমি ৫ ওভার করেছি। তখন আমি বেশি কিছু করার চেষ্টা করিনি। কারণ, ওই সময় রানরেট একটু বেশি ছিল। আমি চেষ্টা করেছি রানরেট কমানোর। এরপর আমি গতির তারতম্যে গিয়েছি। এ রকম একটা পরিকল্পনা ছিল। মধ্যাহ্নভোজের পর এসে চেষ্টা করেছি রান কম দেওয়ার সঙ্গে যেন উইকেটও পাওয়া যায়।’

পোর্ট এলিজাবেথে কন্ডিশনের সাহায্য না পেলেও দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ ম্যাচের সময়ই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বোলিংয়ের সময়ই বাউন্ডারি লাইনের পাশ থেকে তাইজুলকে পরামর্শ দিয়েছিলেন শ্রীলঙ্কার সাবেক স্পিনার। সেটি আবার কাজেও লেগেছে। হেরাথের পরামর্শ মেনেই কিগান পিটারসনকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন তাইজুল। তাঁকে সেই আলোচনার ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলছিলেন, ‘আমি কিছু ফিল্ড সেটআপের জন্য তাঁর সঙ্গে আলোচনা করছিলাম। অন্য কিছু নয়।’

আরও পড়ুন