সাকিব কি বুঝলেন, খেলাটার চেয়ে বড় তিনি নন

দক্ষিণ আফ্রিকায় কঠিন এক সফরে সাকিবকে পাচ্ছে বাংলাদেশছবি : প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মধুরেণ সমাপয়েৎ’ বলবেন? বলতেই পারেন। দক্ষিণ আফ্রিকায় কঠিন এক সফরে ওয়ানডে আর টেস্ট সিরিজ দুটিতেই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছে বাংলাদেশ, এর চেয়ে ভালো খবর আর কী হতে পারে!

গতকাল দুপুরে মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বৈঠকের পর সাকিব আল হাসান নিজেই জানিয়েছেন সুখবরটা। শুধু দক্ষিণ আফ্রিকা সফরই নয়, সামনে বাংলাদেশের যত খেলা আছে, সবই খেলবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছেন। এ–ও বলেছেন, বিশ্রাম যদি নিতেই হয়, সেই সিদ্ধান্ত ক্রিকেট বোর্ডই নেবে। সবই ভালো ভালো কথা। সাকিবকে নিয়ে কয়েক দিন ধরে চলা নাটকের সমাপ্তিটাকে তাই ‘মধুর’ না বলে উপায় কী!

আরও পড়ুন

যদিও প্রশ্ন একটা উঠছেই। যে শারীরিক ও মানসিক ক্লান্তির কথা বলে সাকিব নিজেকে সরিয়ে নিয়েছিলেন, কদিনের মধ্যে কীভাবে তা দূর হয়ে গেল? শুধু তো ক্লান্তির কথাই বলেননি সাকিব; বলেছিলেন, তাঁর অবস্থা এতটাই খারাপ যে দক্ষিণ আফ্রিকায় খেললে অন্য একজন খেলোয়াড়ের জায়গা নষ্ট করা হবে। টিমমেট এবং দলের প্রতিও যা হবে প্রতারণা। ৬ মার্চ একটা বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাজে দুবাই যাওয়ার সময় বিমানবন্দরে সাংবাদিকদের যখন এ কথা বলছেন, তার তিন দিন আগেই দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষণা করা হয়ে গেছে। সাকিবের সম্মতি নিয়েই ওয়ানডে–টেস্ট দুই সিরিজেই রাখা হয়েছে সাকিবকে।

তাঁর ক্রিকেট খেলার মতো অবস্থা নেই দাবি করে একটা সমাধানও বাতলে দিয়েছিলেন সাকিব। দক্ষিণ আফ্রিকা সফরের শুরুতে ওয়ানডে সিরিজটায় যদি ছুটি পান, তাহলে হয়তো ক্লান্তি কাটিয়ে টেস্ট সিরিজে খেলতে পারবেন। পরে ক্রিকেট বোর্ড থেকে লিখিত চাওয়ার পর দুবাই থেকেই সাকিব জানিয়ে দেন, শুধু ওয়ানডে সিরিজ নয়, টেস্ট সিরিজেও তিনি খেলতে চাইছেন না। যার অর্থ, দক্ষিণ আফ্রিকা সফর থেকেই তিনি ছুটি চান।

সাকিবকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তের কথা জানানোর সময় বিসিবি সভাপতি নাজমুল হাসান যা বলেছিলেন, সেটি রীতিমতো হুঁশিয়ারির মতো শুনিয়েছে
ছবি : বিসিবি

কোনো খেলোয়াড় খেলতে না চাইলে তাঁকে জোর করে খেলানো যায় না। বিসিবি তাই সাকিবের চাওয়া পূরণ করেছিল। একটু বেশিই করেছিল। সাকিব দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছুটি চেয়েছিলেন, যে সফর শেষ হওয়ার কথা ১২ এপ্রিল। বিসিবি আরও ১৮ দিন বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত সাকিবকে বিশ্রাম দিয়ে দেয়। ‘ছুটি’র বদলে ‘বিশ্রাম’ দেওয়ার বড় একটা তাৎপর্য আছে। ছুটিতে যা ইচ্ছা তা–ই করা যায়। কিন্তু বিশ্রাম হলো বিশ্রাম—অনেক কিছুই তখন নিষিদ্ধ হয়ে যায়।

অনেক দিন ধরেই খেলার বাইরের জগৎটাকে বিস্তৃত করে চলেছেন সাকিব। শুধু ক্রিকেট নয়, সব ক্ষেত্র মিলিয়েই বাংলাদেশের সবচেয়ে বড় তারকা বলে বিজ্ঞাপনজগতেও তাঁর বিপুল চাহিদা। এতটাই যে আন্তর্জাতিক সিরিজ চলার মাঝখানেও তাঁকে বিজ্ঞাপনের শুটিংয়ে যেতে হয়। ‘বিশ্রাম’ সেই সুযোগ রাখে না। চুক্তিবদ্ধ খেলোয়াড় হয়েও ক্লান্তির কারণে বাংলাদেশের পক্ষে না খেললে সুযোগ থাকে না ঘরোয়া প্রতিযোগিতায় অন্য কোনো দলের হয়ে খেলারও। অথচ সাকিব আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে খেলার জন্য মোটা অঙ্কের বিনিময়ে মোহামেডানের সঙ্গে চুক্তি করে রেখেছেন। দক্ষিণ আফ্রিকা সফরে গেলেও যে প্রিমিয়ার লিগের শেষ দিকে তিনি মাঠে নামতে পারতেন। ‘৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রাম’ সেই সুযোগটাও রাখেনি। সব মিলিয়ে সাকিবকে যে বার্তাটা দিতে চেয়েছিল বিসিবি, সাকিবের মতো বুদ্ধিমান মানুষের তা না বোঝার কোনো কারণ নেই।

‘ছুটি’র বদলে ‘বিশ্রাম’ দেওয়ার বড় একটা তাৎপর্য আছে। ছুটিতে যা ইচ্ছা তা–ই করা যায়। কিন্তু বিশ্রাম হলো বিশ্রাম—অনেক কিছুই তখন নিষিদ্ধ হয়ে যায়

তিন–চার দিনের মধ্যে সাকিবের ১৮০ ডিগ্রি ঘুরে যাওয়ায় বিসিবির যৌক্তিক কড়া অবস্থানও ভূমিকা রেখে থাকবে। সাকিবকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তের কথা জানানোর সময় বিসিবি সভাপতি নাজমুল হাসান যা বলেছিলেন, সেটি রীতিমতো হুঁশিয়ারির মতো শুনিয়েছে। সাকিবসহ অন্য সিনিয়র খেলোয়াড়দের গত কিছুদিনের কর্মকাণ্ডে বিরক্তি প্রকাশ করে বলেছিলেন, এভাবে চলতে থাকলে তিনি এমন সিদ্ধান্ত নেবেন, কোনো ক্রিকেটারেরই যা পছন্দ হবে না। বিসিবি সভাপতির সঙ্গে বরাবরই ভালো সম্পর্ক রক্ষা করে চলেছেন সাকিব। তাঁকে এভাবে কথা বলতে আগে কখনো শোনেননি। এই সবকিছু মিলেই হয়তো সাকিবের উপলব্ধি হয়েছে, এবার তিনি একটু বেশিই করে ফেলছেন।

আরও পড়ুন

আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচিই আধুনিক ক্রিকেটারদের জীবন কখনো কখনো দুর্বিষহ করে তোলার জন্য যথেষ্ট। করোনাকালে বাড়তি যোগ হয়েছে বায়োবাবলে বন্দি থাকার যন্ত্রণা। এসবের সঙ্গে অন্য সব ব্যস্ততা মিলে সাকিবের জীবন আসলেই খুব কঠিন। পরিবার থাকে আমেরিকায়, সেখানে যাওয়া–আসা আর জেট ল্যাগ কাটাতেই চলে যায় দুই সিরিজের মাঝখানের সময়টার বেশির ভাগ। ক্রিকেটে ক্লান্তি তাই আসতেই পারে সাকিবের।

বিসিবি সভাপতির সঙ্গে বরাবরই ভালো সম্পর্ক রক্ষা করে চলেছেন সাকিব
ছবি : প্রথম আলো

কিন্তু গত কিছুদিন প্রায় প্রতিটি সফরের আগেই তাঁকে পাওয়া না–পাওয়া নিয়ে অনিশ্চয়তা বাংলাদেশ দলের জন্য দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হয়ে উঠছিল। সঙ্গে তরুণ খেলোয়াড়দের কাছে যাচ্ছিল একটা ভুল বার্তাও। সাকিবের এই খামখেয়ালিপনায় অবধারিত প্রশ্নটাও জাগছিল অনেকের মনে, নিজেকে তিনি বাংলাদেশ ক্রিকেটের চেয়েও বড় ভাবতে শুরু করেছেন কি না!

কোনো খেলোয়াড়ই যে খেলাটার চেয়ে বড় নন—এটা সাকিবকে বুঝিয়ে দেওয়া তাই খুব জরুরি ছিল। সাকিবের জন্য যেমন, তেমনি বাংলাদেশের ক্রিকেটের জন্যও। সাকিব যদি সত্যিই তা বুঝে থাকেন, তাতে তাঁর মঙ্গলই হবে। বাংলাদেশের ক্রিকেটকে যে এখনো অনেক কিছু দেওয়ার আছে তাঁর।