‘স্কুল দলের কোচ হওয়ারও যোগ্যতা নেই মিসবাহর’
নিউজিল্যান্ডে গিয়ে টেস্ট সিরিজে বলতে গেলে উড়েই যাচ্ছে পাকিস্তান দল। প্রথম টেস্টে ১০১ রানের বড় ব্যবধানে হেরেছে তারা। ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে তো তৃতীয় দিন শেষে ইনিংস ব্যবধানে হারের সামনে দাঁড়িয়ে পাকিস্তান।
দলের এমন অবস্থা যেন মানতেই পারছেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। শোয়েব আখতার-আকিব জাভেদরা ছুড়ে মারছেন সমালোচনার তির। পাকিস্তানের হয়ে ১৯৯২ বিশ্বকাপ জেতা সাবেক ফাস্ট বোলার আকিব জাভেদ সব দায় দিচ্ছেন প্রধান কোচ মিসবাহ-উল–হক আর বোলিং কোচ ওয়াকার ইউনিসকে।
কোচ হিসেবে এ দুজনের যোগ্যতা আর সামর্থ্য নিয়েই প্রশ্ন তুলেছেন আকিব জাভেদ।
পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি পিএসএলের দল লাহোর কালান্দার্সের প্রধান কোচ আকিভ জাভেদ মনে করেন, মিসবাহ ও ওয়াকারকে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়াটা ছিল একটা ভুল সিদ্ধান্ত। আকিব জাভেদের কথা, ‘ওয়াকার ইউনিস ও মিসবাহ–উল–হকের কোচিংয়ের কোনো অভিজ্ঞতাই নেই। অথচ এখনো তাঁরা জাতীয় দলের কোচের ভূমিকায় আছেন। তাঁদের যাঁরা নিয়োগ দিয়েছেন, সেই মানুষগুলোর এর জন্য জবাবদিহি করা উচিত।’
মিসবাহর কোচিং পারফরম্যান্স নিয়ে হতাশ আকিব জাভেদ বলেছেন, ‘মিসবাহর কোচিং দেখে আমার মনে হয় না তাঁকে কোনো স্কুল দলও কোচের পদে নিয়োগ দেবে। মিসবাহর বড় সমস্যা কোথায় সেটাও বলেছেন আকিব জাভেদ, পেশাদার কোচদের উচিত সব সময় দলের সঙ্গে থাকা। একমাত্র তাহলেই হয়তো উন্নতি হবে।’
অনেক দিন ধরেই পাকিস্তানের ক্রিকেট আকাশে একটা গুঞ্জন ভাসছে—পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোচিং দলে ঢুকতে চান আকিব জাভেদ। সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে তিনি বলেছেন, ‘আমি কখনোই পাকিস্তান দলের কোচ হব না।’ কেন পাকিস্তান দলের কোচ হতে চান না, সেই কারণও বলেছেন আকিব জাভেদ, ‘পিসিবির বর্তমান সিস্টেমে কোনো ব্যক্তির প্রতি শ্রদ্ধাবোধ নেই।’
দলের অবস্থা শোচনীয়। এ অবস্থা কাটিয়ে ওঠার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে এখনই পদক্ষেপ নিতে হবে বলে তাগিদও দিয়েছেন আকিব জাভেদ, ‘মাঠের বাস্তবতা হিসেবেই নেয় না ওয়াসিম খান আর তার লোকেরা। বোর্ড যদি এখনই কোনো পদক্ষেপ না নেয়, তাহলে আমাদের ক্রিকেটের অবস্থাও একসময় হকির মতো হবে।’
আকিব জাভেদের মতো শোয়েব আখতারও পাকিস্তান দল আর কোচদের সমালোচনা করেছেন। এর আগে পাকিস্তানের দুই কোচ মিসবাহ ও ওয়াকারের সমালোচনা করেছেন মোহাম্মদ আসিফ।