ইংল্যান্ড-জয়ের আনন্দে একটা দিবসই বানিয়ে ফেলল আর্জেন্টিনা

ফকল্যান্ড ব্যানার নিয়ে আর্জেন্টাইনদের উদ্‌যাপনরয়টার্স

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে, প্রতিবছর ১৫ জুলাই দিনটি পালিত হবে ‘জাতীয় ফুটবল দল দিবস’ হিসেবে। আপনার হয়তো মনে থাকতে পারে, চলতি বছরের এই দিনেই বিশ্বকাপ সেমিফাইনালে জয় পেয়েছিল লিওনেল মেসির দল।

আরও পড়ুন

এটুকু পড়ে আপনার ধন্দ লাগতে পারে, তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আসলেই একটা সেমিফাইনাল জয় উদ্‌যাপন করছে!

তবে প্রতিপক্ষ যখন ইংল্যান্ড, তখন সেই জয়ের জন্য একটা দিবসই বানিয়ে ফেলার কারণটা বুঝে নিতে কষ্ট হয় না।


গতকাল কার্যনির্বাহী কাউন্সিলের সভা শেষে দেওয়া বিবৃতিতে এএফএ নিশ্চিত করেছে, ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের সেই মহাকাব্যিক জয়কে স্মরণীয় করে রাখতেই তারিখটি বেছে নেওয়া হয়েছে। আটলান্টা স্টেডিয়ামের ম্যাচটিতে ৮৪ মিনিট পর্যন্ত স্কোরলাইনে এগিয়ে ছিল ইংল্যান্ড।কিন্তু শেষ মুহূর্তে রূপকথার মতো প্রত্যাবর্তনে ২-১ ব্যবধানে ম্যাচ জিতে নেয় আর্জেন্টিনা, ওঠে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে।


তবে এই জয়ের রেশ কেবল ফুটবলের ম্যাচে সীমাবদ্ধ থাকেনি। খেলা শেষে আর্জেন্টিনার খেলোয়াড়েরা মাঠে একটি ব্যানার তুলে ধরেন, যাতে লেখা ছিল ‘লাস মালভিনাস সন আর্জেন্তিনাস’ (মালভিনাস আর্জেন্টিনার)।

ফকল্যান্ড নিয়ে আর্জেন্টিনার ব্যানার
এএফপি

ফকল্যান্ড দ্বীপপুঞ্জকে আর্জেন্টিনা ঐতিহাসিকভাবে মালভিনাস নামে ডেকে থাকে, আর এই দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্যের সঙ্গে আর্জেন্টিনার বিরোধ বহু পুরোনো।


এই ব্যানার নিয়ে ইংল্যান্ডে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। যুক্তরাজ্য সরকার বিষয়টি তদন্তের দাবি জানায় ফিফার কাছে। ফিফাও জানিয়েছে, সেই তদন্ত শুরু হয়েছে।


বিতর্ক থামেনি সেখানেই। গত সপ্তাহান্তে দ্বিতীয় বিভাগের এক লিগ ম্যাচে আর্জেন্টিনার দ্বিতীয় বিভাগের ক্লাব আলমিরান্তে ব্রাউন তাদের নতুন জার্সি উন্মোচন করে, যেখানে ফকল্যান্ড দ্বীপের সার্বভৌমত্বের দাবিতে স্লোগান ছাপা ছিল।


এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া সম্প্রতি এক অনুষ্ঠানে বলেছিলেন, ইংল্যান্ডকে হারানোর মুহূর্তই আর্জেন্টাইনদের কাছে বিশ্বকাপ জয়ের অনুভূতির মতোই। ফাইনালে স্পেনের কাছে ১–০ গোলে হেরে যাওয়া আর্জেন্টিনাকে নিয়ে বুধবারের সভায় তিনি বলেন, জাতীয় দলের পারফরম্যান্সে আমরা গর্বিত।