বাইচুং ভুটিয়া পেলেন এক ভোট, সভাপতি চৌবে

সভাপতি পদে নির্বাচনে বাইচুং ভুটিয়া পেলেন এক ভোটফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সভাপতি পদে নির্বাচিত হলেন কল্যাণ চৌবে। আজ অনুষ্ঠিত নির্বাচনে বাইচুং ভুটিয়াকে ৩৩-১ ভোটে হারিয়েছেন তিনি। ভারতীয় ফুটবল ফেডারেশনের ৮৫ বছরের ইতিহাসে এবারই প্রথম কোনো সাবেক ফুটবলার সভাপতি হলেন। নির্বাচনে মাত্র একটি ভোট পেয়েছেন বাইচুং।

নির্বাচনে সভাপতি প্রার্থী দুজনই ভারতের সাবেক ফুটবলার। কিন্তু ভারতের বেশির ভাগ রাজ্য সংস্থার সমর্থন ছিল পশ্চিমবঙ্গের ফুটবলার কল্যাণের দিকে। ভারতের সাবেক অধিনায়ক বাইচুংকে সমর্থন করেনি তাঁর নিজের রাজ্য সিকিমই। তিনি নির্বাচন করেছেন অন্ধ্রপ্রদেশ ফুটবল সংস্থা ও রাজস্থান ফুটবল সংস্থার সমর্থন নিয়ে। কল্যাণ দাঁড়িয়েছিলেন গুজরাট রাজ্য সংস্থার আশীর্বাদ সঙ্গী করে। ভারতের কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন বিজেপির সদস্য কল্যাণ বর্তমানে উত্তর কলকাতা জেলার সাংগঠনিক সভাপতি। তাঁর প্রতি সমর্থন ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

আরও পড়ুন

ভারতীয় ফুটবল প্রশাসনে একেবারে আচমকাই ঢুকে পড়েছেন কল্যাণ। প্রফুল প্যাটেলকে সুপ্রিম কোর্ট সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়ার পর অনেকে শীর্ষ পদে লড়াইয়ের জন্য আগ্রহী হয়েছিলেন। হঠাৎই সেই দৌড়ে ঢুকে পড়েন কল্যাণ। দ্রুতই মনোনয়নপত্র জমা দেন তিনি। নির্বাচনী প্রক্রিয়া বাতিল হয়ে যাওয়ার পর আবার নতুন করে মনোনয়ন জমা দিয়েছিলেন। শুরু থেকেই বেশির ভাগ রাজ্য সংস্থার সমর্থন ছিল তাঁর দিকেই। ফলে নির্বাচনে জিততে কোনো অসুবিধাই হয়নি চৌবের।

১৯৯৫ সালে টাটা ফুটবল একাডেমি থেকে স্নাতক করেন কল্যাণ চৌবে। তিনি ১৯৯৭-৯৮ ও ২০০১-০২ সালে ‘ভারতের সেরা গোলকিপারের’ পুরস্কার পান। এর আগে ১৯৯৪ সালে ইরানে অনূর্ধ্ব-১৭ এশীয় যুব প্রতিযোগিতায় ভারতীয় দলে খেলেছেন। খেলেছেন ১৯৯৬ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ এশিয়ান যুব ফুটবলে।

জাতীয় দলে ছিলেন ১৯৯৯ থেকে ২০০৬ সাল পর্যন্ত। তবে জাতীয় দলের হয়ে কোনো দিন কোনো ম্যাচে খেলার সুযোগ পাননি কল্যাণ। তিনি ক্লাব পর্যায়ে খেলেছেন মোহনবাগান, ইস্টবেঙ্গল, বেঙ্গল মুম্বাই এবং সালগাঁওকরে। সন্তোষ ট্রফিতে পশ্চিমবাংলা ছাড়াও ঝাড়খন্ড, গোয়া, পাঞ্জাব ও মহারাষ্ট্রের হয়ে খেলার অভিজ্ঞতা আছে।

আরও পড়ুন

তৃতীয় পক্ষের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের কারণে গত ১৬ আগস্ট ভারত ফুটবল ফেডারেশনকে নিষিদ্ধ করেছিল ফিফা। এরপর ভারতের সুপ্রিম কোর্ট নিয়োজিত প্রশাসক কমিটিকে (সিওএ) বাতিল করার নির্দেশ দিয়ে দ্রুত নির্বাচন করতে বলে দেয় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। শেষ পর্যন্ত সিওএ বাতিল করার পর ২৭ আগস্ট ফিফা ভারতের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। এরপরই হলো এ নির্বাচন।

২০০৫ সালে করাচিতে হয়েছিল সাফ চ্যাম্পিয়নশিপ। সেবার ফাইনালে ভারতের কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। চ্যাম্পিয়ন ভারতীয় দলে সেবার দ্বিতীয় গোলরক্ষক ছিলেন কল্যাণ চৌবে। প্রধান গোলরক্ষক সন্দীপ নন্দী। ওই সময় বাংলাদেশের পোস্টে বিশ্বস্ত নাম আমিনুল হক। বাঙালি হওয়ায় কল্যাণের সঙ্গে বেশ সুসম্পর্কই ছিল আমিনুলের।

নতুন সভাপতি কল্যাণ চৌবে
ছবি: টুইটার

কল্যাণ আজ ভারতীয় ফুটবলে শীর্ষ পদে নির্বাচিত হওয়ার পর তাঁকে অভিনন্দন জানিয়ে আমিনুল প্রথম আলোকে বলেন, ‘তখন সাফ টুর্নামেন্টের আগে সবাই ধরেই নিত বাংলাদেশ ও ভারত ফাইনালে খেলবে। এ জন্য দুই দলের মধ্যে একটা মনস্তাত্ত্বিক লড়াই সব সময় চলত। কিন্তু ভারতের খেলোয়াড়দের সঙ্গে আমাদের একটা সুসম্পর্ক থাকত। কলকাতায় বাড়ি, বাঙালি ফুটবলার, তাই কল্যাণের সঙ্গে একটু বেশিই কথা হতো আমার। সে ভারতের ফুটবলের সভাপতি হওয়ায় অভিনন্দন জানাচ্ছি।’


একজন সাবেক ফুটবলারের সভাপতি হওয়া ইতিবাচক মনে করছেন আমিনুল, ‘যেহেতু কল্যাণ একজন ফুটবলার ছিলেন, তাই সে সবচেয়ে বেশি বুঝবে ফুটবলারদের সমস্যার কথা। আশা করি, ওর হাত ধরে ভারতের ফুটবল আরও অনেক দূর এগিয়ে যাবে। কল্যাণের জন্য রইল শুভকামনা।’

আরও পড়ুন