এমবাপ্পের চোট কতটা গুরুতর, বায়ার্নের বিপক্ষে কি খেলবেন

জিরোনার বিপক্ষে ম্যাচে চোট পান এমবাপ্পেএএফপি

রক্তাক্ত ভ্রু, ব্যথায় কুঁচকে যাওয়া মুখ আর সান্তিয়াগো বার্নাব্যুর গ্যালারিতে জমে থাকা একরাশ শঙ্কা। কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন রিয়াল মাদ্রিদ সমর্থকেরা।

তবে তাঁদের জন্য আপাতত স্বস্তির খবর হলো, বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে বাঁচা-মরার লড়াইয়ের আগে এমবাপ্পে প্রায় ফিট। মিউনিখের বিমানে ওঠার আগে ফরাসি তারকার চোট নিয়ে যে মেঘ জমেছিল, তা অনেকটাই কেটে গেছে।

গত শুক্রবার জিরোনার বিপক্ষে ১-১ ড্রয়ের ম্যাচটি রিয়াল মাদ্রিদের জন্য ছিল দুঃস্বপ্নের মতো। লিগ টেবিলের লড়াইয়ে পয়েন্ট তো হারিয়েছেই, সঙ্গে এমবাপ্পের চোট নিয়ে এই দুশ্চিন্তা। ম্যাচের ৮৮ মিনিটে বক্সে ঢোকার সময় জিরোনা ডিফেন্ডার ভিতোর রেইসের কনুইয়ের আঘাতে চোট পান এমবাপ্পে। মাঠ ছাড়ার সময় তাঁর ডান ভ্রু বেয়ে রক্ত ঝরতে দেখে আঁতকে উঠেছিলেন রিয়াল সমর্থকেরা।

তবে আশার কথা শুনিয়েছেন ‘দ্য অ্যাথলেটিক’-এর সাংবাদিক মারিও কোর্তেহানা। তাঁর তথ্যমতে, এমবাপ্পের চোট গুরুতর কিছু নয়। বায়ার্নের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে তাঁকে পেতে কোনো বাধা নেই। রিয়াল মাদ্রিদও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে জিরোনা ম্যাচের পর এমবাপ্পের ডান ভ্রুতে কয়েকটি সেলাই লেগেছে। ব্যথার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে অনুশীলনে নামানো হয়নি, তবে কোনো  বড় ক্ষতি হয়নি।

আরও পড়ুন

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের সমীকরণ এখন আলভারো আরবেলোয়ার দলের জন্য বেশ কঠিন। প্রথম লেগে ঘরের মাঠে ২-১ গোলে হেরে পিছিয়ে আছে রিয়াল। মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ঘুরে দাঁড়াতে হলে এমবাপ্পের মতো একজন ‘গেম চেঞ্জার’কে আরবেলোয়ার লাগবেই।

পুরো ঘটনা অবশ্য মাঠের বাইরেও কিছু বিতর্ক ছড়িয়েছে। লা লিগার অফিশিয়াল সম্প্রচারে এমবাপ্পের রক্তাক্ত হওয়ার কোনো দৃশ্যই দেখানো হয়নি। পরে স্থিরচিত্রে তাঁর আঘাতের গভীরতা বোঝা যায়। যদিও লা লিগা কর্তৃপক্ষ সেন্সরশিপের অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ক্যামেরা অ্যাঙ্গেলের সীমাবদ্ধতার কারণেই দৃশ্যটি ধরা পড়েনি।

আরও পড়ুন