ক্ষুব্ধ জাভির সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ
ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে বার্সেলোনার ইউরোপীয় লড়াই শেষ হয়ে গেছে গত সপ্তাহে। সেই হারের ধাক্কা সামলানোর আগে এবার লা লিগায়ও হেরেছে বার্সেলোনা। অবনমন অঞ্চলে থাকা আলমেরিয়ার কাছে ১-০ ব্যবধানে হেরেছে জাভি হার্নান্দেজের দল।
এই হারের পর লিগের শীর্ষে থাকলেও খেলোয়াড়দের খেলার ধরনে ক্ষুব্ধ বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। ম্যাচ শেষে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাভি, ‘খুবই রাগ হচ্ছে। আমার দৃষ্টিতে এটা এই মৌসুমের সবচেয়ে বাজে পারফরম্যান্স। দিনটা ছিল লা লিগায় নিজেদের অবস্থান জানান দেওয়ার (যেটা আমরা পারিনি)। এখানে কোনো অজুহাত চলে না।’
পুরো ম্যাচে ৭২ শতাংশ সময় বল দখলে রাখলেও আলমেরিয়ার গোলমুখে বারবার খেই হারিয়েছে বার্সেলোনা। মোট ১৩টি শট নিলেও লক্ষ্যে ছিল মাত্র একটি। যে কারণে ২৪তম মিনিটে এল বিলাল তোরের দেওয়া গোল শোধই করতে পারেননি রবার্ট লেভানডফস্কিরা।
এমন বাজে পারফরম্যান্সের কারণে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন বার্সেলোনা কোচ, ‘আমাদের মধ্যে জয়ের তাড়না দেখা যায়নি। এটা আমাকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। আমরা পা পিছলেছি। এ জন্য সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমাদের যদি লা লিগা জিততে হয়, নিজেদের ভেতরে জয়ের ক্ষুধা আনতে হবে।’
আলমেরিয়া ম্যাচের আগে লিগে টানা ১৩ ম্যাচ অপরাজিত ছিল বার্সেলোনা। যার সুবাদে এ মুহূর্তে ৫৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে কাতালান ক্লাবটি। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫২।
শিরোপা জিততে হলে মৌসুমের বাকি ১৫ ম্যাচে ব্যবধান টিকিয়ে রাখতে হবে জাভির দলকে, ‘সৌভাগ্যজনকভাবে আমরা ৭ পয়েন্টে এগিয়ে আছি। তবে লা লিগা জেতা সহজ হবে না। আমরা লড়াই করছি লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়নদের (রিয়াল মাদ্রিদ) সঙ্গে। আমরা বার্সেলোনা, ট্রফি জিততে হলে আরও তাড়না ও ছন্দ দরকার।’
বার্সেলোনার পরের ম্যাচের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার তাদের বিপক্ষে কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগ খেলতে বার্নাব্যু যাবে বার্সা।