হুতিদের হামলায় সৌদি লিগে স্থগিত রোনালদোদের ম্যাচ
সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘাত ভয়াবহ রূপ নিয়েছে। ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠছে সৌদি আরবের বিভিন্ন এলাকা। যুদ্ধের এই উত্তাপ এবার ছড়িয়ে পড়েছে দেশটির ফুটবল মাঠেও। ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের ম্যাচসহ সৌদি প্রো লিগের (এসপিএল) তিনটি ম্যাচ স্থগিত করা হয়েছে।
গত রাতে নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে তিনটি ম্যাচ পিছিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ। লিগের নবম রাউন্ডের এই ম্যাচগুলো স্থগিতের কারণ হিসেবে বিবৃতিতে বলা হয়েছে, ‘ম্যাচগুলোর মধ্যে বাধ্যতামূলক ন্যূনতম বিশ্রামের সময় নিশ্চিত করতে এবং আনুষঙ্গিক ব্যবস্থাপনার বিষয়গুলো বিবেচনায় নিয়ে’ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূচি অনুযায়ী, লিগের শীর্ষে থাকা আল হিলাল ও আল রিয়াদের ম্যাচটি হওয়ার কথা ছিল নবম রাউন্ডে। সেই ম্যাচ পিছিয়ে আগামী ১৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। একই দিনে অনুষ্ঠিত হবে আল ইত্তিহাদ ও আল শাবাবের স্থগিত ম্যাচটিও।
তবে রোনালদোর আল নাসর ও আল আহলির ম্যাচটি পিছিয়েছে আরও অনেকটা। নতুন সূচি অনুযায়ী, ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ৬ মার্চ।
লিগ কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, নবম রাউন্ডের বাকি ম্যাচগুলো আগের ঘোষিত সূচি অনুযায়ী ১৫ অক্টোবর থেকে অনুষ্ঠিত হবে। সেগুলোর সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।
সৌদি আরবে চলমান সংঘাতের প্রভাব অবশ্য এর আগেই পড়েছে ফুটবলে। গত সোমবার রিয়াদে উজবেকিস্তানের নেফচি ফারগানার বিপক্ষে আল নাসরের এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ এক ঘণ্টা দেরিতে শুরু হয়। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট রিয়াদের দিকে হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ঘোষণা দেওয়ার পর ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়েছিল।
সাম্প্রতিক দিনগুলোতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে তীব্র লড়াই শুরু হয়েছে। সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
গত সপ্তাহে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় ১৩ জন নিহত হন। বন্ধ হয়ে যায় বিমানবন্দরের কার্যক্রমও। ২০১৫ সালের পর এটিই ছিল সৌদি আরবে সবচেয়ে ভয়াবহ হামলা। ওই হামলার পরই সংঘাত নতুন করে তীব্র হয়ে উঠেছে।