কুনিয়ার শেষ মুহূর্তের গোলে ১ পয়েন্ট পেল ম্যানচেস্টার ইউনাইটেড
ফুলহাম ১–১ ম্যানচেস্টার ইউনাইটেড
ম্যানচেস্টার ইউনাইটেডকে এক সপ্তাহের মধ্যে টানা তৃতীয় হারের লজ্জা থেকে বাঁচিয়ে দিলেন মাতেউস কুনিয়া। রোববার ক্রাভেন কটেজে প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর ম্যাচে ৮৯ মিনিটে তার শট প্রতিপক্ষের ডিফেন্ডারে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে ফুলহামের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।
এর আগে মনে হচ্ছিল আন্তর্জাতিক বিরতির ঠিক আগে টানা তৃতীয় ম্যাচ হারতে যাচ্ছে ইউনাইটেড। ৬৩ মিনিটে লিসান্দ্রো মার্তিনেজের আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিক ফুলহাম।
কিন্তু শেষ মুহূর্তে কুনিয়ার ভাগ্যপ্রসূত গোলটি খানিকটা স্বস্তি ফিরিয়ে আনে। যদিও লিগের প্রথম পাঁচ ম্যাচের মধ্যে ইউনাইটেডের জয় কেবল একটিই।
প্রথম অর্ধে জমে উঠেছিল লড়াই। ব্রুনো ফার্নান্দেজের শট পোস্টে বাধা পায় এবং ফুলহাম গোলরক্ষক বার্নড লেনো চমৎকার কয়েকটি সেভ করেন। তবে বিরতির পর ঢিমেতাল শুরুর মাশুল গুনতে হয় ইউনাইটেডকে।
সুযোগটি কাজে লাগায় ফুলহাম। ক্যালভিন বাসির দুর্দান্ত এক শট ইউনাইটেড গোলরক্ষক সেনে লামেন্স ঠেকিয়ে দিলেও ফিরতি বল মার্তিনেজের গায়ে লেগে সোজা জালে আশ্রয় নেয়।
পিছিয়ে পড়ার পর ইউনাইটেড অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ব্রায়ান এমবিউমোর বাঁকানো এক শট অসাধারণ দক্ষতায় রুখে দেন লেনো। মনে হচ্ছিল, নতুন ম্যানেজার আলভারো আরবেলোয়ার অধীনে নিজেদের প্রথম লিগ জয় এবং ২০০৯ সালের পর ঘরের মাঠে ইউনাইটেডের বিপক্ষে প্রথম জয় পেতে যাচ্ছে ফুলহাম। ঠিক তখনই শেষ সময়ের সেই ভাগ্যের ছোঁয়ায় ফুলহামের মুখে হাসি কেড়ে নেন কুনিয়া।