চ্যাম্পিয়নস লিগে পরের মৌসুমেও অন্তত ৫ ইংলিশ ক্লাব, ইউরোপে যেতে পারে ১১টি

আর্সেনালসহ ইংল্যান্ডের পাঁচটি ক্লাব টিকে আছে ইউরোপের তিনটি টুর্নামেন্টেএএফপি

চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে মাঠে নামার আগে স্বস্তিদায়ক এক খবর পেল লিভারপুল। খবরটা চ্যাম্পিয়নস লিগ নিয়েই, আবারও যে নিশ্চিত হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ পাঁচ দল আগামী মৌসুমে খেলবে চ্যাম্পিয়নস লিগে। ইউরোপা লিগ ও কনফারেন্স লিগ মিলিয়ে সংখ্যাটি হয়ে যেতে পারে ১১।

ইউরোপীয় পারফরম্যান্স স্পটের (ইপিএস) সৌজন্যে টানা দ্বিতীয়বারের মতো এই বাড়তি কোটা নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগ। সাধারণত লিগের শীর্ষ চার দল সুযোগ পায় চ্যাম্পিয়নস লিগে। লিভারপুল এ মুহূর্তে আছে পয়েন্ট তালিকার পাঁচে।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে স্পোর্তিং লিসবনকে ১-০ গোলে হারায় আর্সেনাল। গানারদের এ জয়ের ফলেই গাণিতিকভাবে নিশ্চিত হয়ে যায় ইংল্যান্ডের পঞ্চম স্থানটি। উয়েফার নতুন নিয়ম অনুযায়ী, প্রতি মৌসুমে ইউরোপীয় প্রতিযোগিতায় (চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগ) সামগ্রিকভাবে সেরা পারফর্ম করা শীর্ষ দুটি লিগ একটি করে অতিরিক্ত জায়গা পায়।

লিভারপুল এই মুহূর্তে আছে ইংলিশ প্রিমিয়ার লিগের পাঁচ নম্বরে
রয়টার্স

চলতি মৌসুমে শুরু থেকেই ইপিএস টেবিলের শীর্ষে ছিল ইংল্যান্ড। তাদের ৯টি ক্লাবের প্রতিটিই ইউরোপীয় আসরগুলোর শেষ ১৬-তে পৌঁছে ইতিহাস গড়ে। এখন কোয়ার্টার ফাইনালে ৫টি ক্লাব টিকে থাকলেও লিগ পর্বে অর্জিত ‘কো–অফিশিয়েন্ট পয়েন্ট’ ইংল্যান্ডকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছে। গত মৌসুমে নিউক্যাসল ইউনাইটেড এই সুবিধা পেয়েছিল, এবারও পঞ্চম স্থানে থাকা দলটি সরাসরি খেলবে চ্যাম্পিয়নস লিগে।

ইংল্যান্ডের পর দ্বিতীয় স্থানের জন্য সবচেয়ে ফেবারিট এখন স্পেন। তবে জার্মানি ও পর্তুগালও হাল ছাড়েনি। মঙ্গলবার রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে জার্মানির আশা বাঁচিয়ে রেখেছে বায়ার্ন মিউনিখ। এ ছাড়া ইউরোপা লিগে সেল্তা ভিগোর বিপক্ষে ফ্রাইবুর্গের ফলের ওপরও অনেক কিছু নির্ভর করছে।

আরও পড়ুন

৬ বা ৭-ও হতে পারে সংখ্যাটা

প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় বর্তমানে ৫ নম্বর জায়গাটি দখলে রেখেছে আর্নে স্লটের লিভারপুল (৪৯ পয়েন্ট)। তবে লড়াইটা এতটাই তীব্র যে ১৩তম স্থানে থাকা বোর্নমাউথের সঙ্গে তাদের ব্যবধান মাত্র ৭ পয়েন্টের।

সমীকরণ বলছে, ইংল্যান্ড থেকে চ্যাম্পিয়নস লিগে দলের সংখ্যা ৬ বা ৭-তেও পৌঁছাতে পারে। যদি অ্যাস্টন ভিলা (বর্তমানে চতুর্থ) ইউরোপা লিগ জেতে এবং লিগে সেরা চারের বাইরে থাকে, তবে কোটা হবে ৬টি।

ম্যানচেস্টার সিটির আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলা প্রায় নিশ্চিত
রয়টার্স

একই সমীকরণ লিভারপুলের জন্য। তারা যদি চ্যাম্পিয়নস লিগ জেতে, কিন্তু লিগে সেরা চারের বাইরে থাকে, তবে সুবিধা পাবে নিচের সারির দলগুলো।

যদি এই দুটি দলই ইউরোপীয় ট্রফি জেতে এবং লিগে ৫ ও ৬ নম্বরে থাকে, তবে লিগের সপ্তম স্থানে থাকা দলটিও চ্যাম্পিয়নস লিগের টিকিট পাবে।

এ ছাড়া নটিংহাম ফরেস্ট যদি লিগের নিচের অর্ধে থেকেও ইউরোপা লিগ জেতে, তবে টটেনহামের মতো তারাও ইংল্যান্ডের ষষ্ঠ দল হিসেবে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেবে।

আরও পড়ুন

ইউরোপা লিগে দুটি জায়গা বরাদ্দ ইংল্যান্ডের জন্য। চ্যাম্পিয়নস লিগে জায়গা না পাওয়া পয়েন্ট তালিকার শীর্ষ দল ও এফএ কাপ চ্যাম্পিয়ন সুযোগ পাবে ইউরোপায়। কারাবাও কাপের চ্যাম্পিয়নদের জন্য বরাদ্দ কনফারেন্স লিগ। তবে চ্যাম্পিয়নরা চ্যাম্পিয়নস লিগ বা ইউরোপায় সুযোগ পেলে জায়গাটি পাবে অন্য একটি দল। এবারের চ্যাম্পিয়ন হয়েছে সিটি, যাদের চ্যাম্পিয়নস লিগ খেলা প্রায় নিশ্চিত। যার অর্থ, চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগ মিলিয়ে আটটি জায়গা নিশ্চিত ইংলিশদের। লিভারপুল, নটিংহাম ও ক্রিস্টাল প্যালেস শুধু ইউরোপীয় ট্রফি জিতে পরের মৌসুমে ইউরোপে সুযোগ পেলে সংখ্যাটা হয়ে যাবে ১১।

আরও পড়ুন