মেসির অটোগ্রাফ নিয়ে সমালোচিত যুক্তরাষ্ট্রের ফুটবলার

যুক্তরাষ্ট্রের ফুটবলার ব্রান্ডন ভাসকুয়েজছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসি, মেসি এবং মেসি! যুক্তরাষ্ট্রের ফুটবল মানেই যেন মেসি! আর্জেন্টাইন অধিনায়কের সতীর্থরা তো বটেই, মেসির প্রতিপক্ষরাও যেন মেসির প্রশংসা করতেই ব্যস্ত থাকেন। মেসির প্রতি প্রতিপক্ষের এই অতিভক্তিকে আবার অনেকেই ভালো চোখে দেখছেন না। এই যেমন সিনসিনাটির ব্রান্ডন ভাসকুয়েজের মেসির অটোগ্রাফ নেওয়াটা। ইউএস ওপেন কাপ সেমিফাইনালে মেসিদের কাছে হারার পরও কেন সিনসিনাটির এই ফুটবলার নিজের জার্সিতে মেসির অটোগ্রাফ নিতে গেলেন, তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

ইউএস ওপেন কাপ সেমিফাইনালে মেসির ইন্টার মায়ামির কাছে টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় সিনসিনাটি। ম্যাচে ২-০ গোলে এগিয়ে থাকার পরও হেরে যাওয়ায় স্বাভাবিকভাবেই মন খারপ হওয়ার কথা তাঁর। কিন্তু ২৪ বছর বয়সী যুক্তরাষ্ট্রের এই ফুটবলার মন খারাপটা একপাশে সরিয়ে জার্সিতে মেসির অটোগ্রাফ নিতে ছুটে যান। তরুণ এই ফুটবলারের এমন মানসিকতা মোটেই পছন্দ হয়নি সাবেক স্কটিশ ফুটবলার স্টিভ নিকলের।

আরও পড়ুন

লিভারপুলের এই সাবেক ফুটবলার ভাসকুয়েজের কাণ্ডে পুরোপুরি বিরক্ত , ‘সত্যি বলতে আমি বিরক্ত। টিভিতে বলা যাবে, এমন কিছু বলার ভাষা নেই। কেউ সেমিফাইনালে হারার পর প্রতিপক্ষের কাছ থেকে অটোগ্রাফ নেওয়ার কথা ভাবতে পারে! পুরোপুরি বিরক্তিকর।’

এমন মানসিকতা সিনসিনাটির দর্শকদের সঙ্গেও প্রতারণা, ফুটবলবিশ্লেষক নিকোলের কথার মর্মার্থ এমনই, ‘পুরোই হাস্যকর। একজন ক্লাবের সমর্থক হিসেবে আমি এসেছি দলের জয় দেখতে অথচ তারা ম্যাচ হারার পর বাচ্চাদের মতো ব্যবহার করেছে! আসলে আমার অন্য শব্দ ব্যবহার করা উচিত, কিন্তু তা ব্যবহারের অনুমতি নেই।’

ভাসকুয়েজের এমন কাণ্ড মেনে নিতে পারছেন না আলেহান্দ্রো মরেনোও। ভেনেজুয়েলার সাবেক ফুটবলার আলেহান্দ্রো মরেনো, যিনি নিজেও খেলেছেন মেজর লিগ সকারে। এই ফুটবল বিশ্লেষকের মতে, নিজের প্রতি শ্রদ্ধা থাকলেও এমন কাণ্ড ঘটানোর আগে ভাবতেন ভাসকুয়েজ।

আর যার অটোগ্রাফ নিয়েছেন, সেই নামটা মেসি হলেও মানসিকতার জায়গায় ছাড় দেওয়া পছন্দ হয়নি মরেনোর, ‘এটা লিওনেল মেসি, ম্যারাডোনা কিংবা পেলে হোক, তা নিয়ে আমার মাথাব্যথা নেই। সে তোমার প্রতিপক্ষ যে তোমাকে এবং তোমার দলকে লক্ষ্য অর্জনে বাধা দিচ্ছে। আর তোমার মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভাব কোথায়, তোমার প্রতিষ্ঠান, ক্লাব, সতীর্থ ও নিজের প্রতি সম্মান কোথায়?’

আরও পড়ুন