পচেত্তিনোর সেই ট্রেন অবশেষে এল, কিন্তু স্টেশন যে আগুনে পুড়ছে

ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন মরিসিও পচেত্তিনোএএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল আসলে সময়ের খেলা।

২০২২ সালের শেষ দিকে কথাটা বলেছিলেন মরিসিও পচেত্তিনো।

তখন তিনি বেকার। রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো দুই বড় ক্লাবের কোচ হওয়ার স্বপ্ন কি তবে শেষ হয়ে গেছে? রেডিও মার্কার সঙ্গে সাক্ষাৎকারে এমন প্রশ্নের উত্তরে আর্জেন্টাইন কোচ বলেছিলেন, ‘ফুটবল হলো টাইমিং। অনেক সময় সবকিছু মিলে যাওয়ার অপেক্ষা করতে হয়। আমি বিশ্বাস করি না, জীবনে ট্রেন একবারই আসে। কখনো কখনো ধৈর্য ধরতে হয়। অপেক্ষা করতে জানতে হয়। ট্রেন আসে, দেরিতে হলেও আসে।’

চার বছর পর দেখা যাচ্ছে, অন্তত ইউনাইটেডের ক্ষেত্রে পচেত্তিনো ঠিকই বলেছিলেন। অপেক্ষার ট্রেন এবার সত্যিই তাঁর সামনে এসে দাঁড়িয়েছে। মাইকেল ক্যারিককে ছাঁটাইয়ের পর গতকাল পচেত্তিনোকে কোচ বানানোর ঘোষণা দিয়েছে ইউনাইটেড। যে চাকরির জন্য একসময় বারবার অপেক্ষা করেছেন, সেটিই এখন ধরা দিয়েছে পচেত্তিনোর হাতের মুঠোয়।

কিন্তু এখন পরিস্থিতি অন্য রকম। ইউনাইটেডের চাকরিটা এখন আর আগের মতো আকর্ষণীয় নেই। স্যার অ্যালেক্স ফার্গুসন ২৬ বছর ধরে যে দায়িত্ব সামলেছেন, সেটি এখন যেন অনিশ্চিত, অস্থায়ী এক চাকরি। ফার্গুসনের বিদায়ের পর এই ১৩ বছরে ইউনাইটেড ১২ বার কোচ বদলেছে, ডাগআউটে এই সময়ে দেখা গেছে ১১ জন কোচকে! এর মধ্যে কেউ কেউ টিকেছেন কয়েক মাস। সর্বশেষ দুই কোচ রুবেন আমোরিম আর মাইকেল ক্যারিক টিকেছেন ১০ মাসের কম।

ইউনাইটেড এখন প্রিমিয়ার লিগের অবনমন অঞ্চলে। মৌসুমের প্রথম ১০ ম্যাচে জিতেছে মাত্র একটি। ফার্গুসন বিদায় নেওয়ার পর গত ১৩ বছরে যেকোনো সময়ের চেয়ে বিশৃঙ্খলা এখন সম্ভবত সবচেয়ে বেশি। তবু যুক্তরাষ্ট্র কোচের পদ ছেড়ে পচেত্তিনো কেন ওল্ড ট্র্যাফোর্ডের পাগলাগারদে গেলেন—সেই প্রশ্নের উত্তরও আছে।

মাইকেল ক্যারিক ইউনাইটেডের ডাগ আউটে টিকতে পারেননি দশ মাসও।
এএফপি

সত্যিটা হলো এত কিছুর পরেও ম্যানচেস্টার ইউনাইটেডের চাকরিটা এখনো বিশ্ব ফুটবলের অন্যতম আকর্ষণীয় চাকরি। যতটা হওয়া উচিত ছিল, ততটা নয়। এর জন্য ধন্যবাদ দিতে হয় গ্লেজার পরিবারের ২১ বছরের মালিকানাকে, সঙ্গে স্যার জিম র‍্যাটক্লিফের গত দুই বছরের প্রশ্নবিদ্ধ প্রভাবকেও। তবু আকর্ষণীয়। আগস্টে যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনের সঙ্গে চার বছরের চুক্তি করার সময় পচেত্তিনো যে ‘বাই–আউট’ ক্লজ ঢুকিয়ে রাখতে বলেছিলেন, সেটা হয়তো এমন চাকরির কথা ভেবেই।

আরও পড়ুন

বড় প্রশ্নটা অন্য জায়গায়। ২০২৬ সালের পচেত্তিনো কি পারবেন ইউনাইটেডকে বদলে দিতে? তাঁর বয়স মাত্র ৫৪। কিন্তু এক দশক আগের সেই তরুণ, উদ্যমী কোচের সঙ্গে এখনকার পচেত্তিনোর অনেক দূরত্ব। ডেভিড ময়েস, লুই ফন হাল, জোসে মরিনিও, ওলে গুনার সুলশার, রালফ রাংনিক, টেন হাগ, আমোরিম ও ক্যারিক যা পারেননি, সেটা পচেত্তিনো কি পারবেন?

ক্যারিকের বিদায়ের পর তাঁর উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিয়েছেন মরিসিও পচেত্তিনো
গোলডটকম

পচেত্তিনোর জন্য সবচেয়ে ভালো সময় হয়তো ছিল ২০১৮ সালের শেষ দিকে। টটেনহামে তখন তাঁর সুনাম তুঙ্গে। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে দল। কিন্তু দীর্ঘ মেয়াদে আরও উন্নতি করতে পারবে কি না, সে প্রশ্ন উঠছিল। মরিনিওর বিদায়ের পর ইউনাইটেডের প্রথম পছন্দ ছিলেন পচেত্তিনো।কিন্তু অন্তর্বর্তী কোচ হিসেবে সুলশার দারুণ শুরু করেন। প্রথম ১৭ ম্যাচে ১৪ জয়, ২ ড্র ও ১ হার। এর মধ্যে পিএসজির মাঠে চ্যাম্পিয়নস লিগের নাটকীয় জয়ও ছিল। ইউনাইটেড কর্তারা তাড়াহুড়ো করে সুলশারের সঙ্গে তিন বছরের চুক্তি করে। পচেত্তিনোর ট্রেনটা তাই সেবার আসেনি।

পচেত্তিনো সাউদাম্পটনকে তুলেছিলেন প্রিমিয়ার লিগ টেবিলে ১৪তম (৪১ পয়েন্ট) স্থানে আর পরের মৌসুমে অষ্টম স্থানে (৫৬ পয়েন্ট)। টটেনহামকে প্রথম তিন মৌসুমে পঞ্চম (৬৪ পয়েন্ট), তৃতীয় (৭০ পয়েন্ট) ও দ্বিতীয় (৮৬ পয়েন্ট)। এবং সেটা দলবদলের বাজারে না গিয়েই!

অথচ ওই সময়ের ধ্বংসস্তূপ সাফ করে ইউনাইটেডকে নতুন করে গড়ে তোলার কাজে পচেত্তিনোই ছিলেন মানানসই। সুলশারের মতো তাৎক্ষণিক ঝলক কি তিনি দেখাতে পারতেন? প্রায় নিশ্চিতভাবে না। কিন্তু এসপানিওল, সাউদাম্পটন আর টটেনহামে তাঁর রেকর্ড বলছিল, তিনি ইউরোপের সেরা তরুণ কোচদের একজন। সাউদাম্পটনকে তুলেছিলেন প্রিমিয়ার লিগ টেবিলে ১৪তম (৪১ পয়েন্ট) স্থানে আর পরের মৌসুমে অষ্টম স্থানে (৫৬ পয়েন্ট)। টটেনহামকে প্রথম তিন মৌসুমে পঞ্চম (৬৪ পয়েন্ট), তৃতীয় (৭০ পয়েন্ট) ও দ্বিতীয় (৮৬ পয়েন্ট)। এবং সেটা দলবদলের বাজারে না গিয়েই!

টটেনহামে সাড়ে পাঁচ বছরে কোনো ট্রফি জিততে পারেননি বলে অনেকে তাঁর কাজকে খাটো করে দেখেন। অথচ পিএসজিতে ১৮ মাসে একটি লিগ আঁ, একটি ফরাসি কাপ ও একটি ট্রফি দে চ্যাম্পিয়ন জেতেন। তাহলে কি পিএসজিতে পচেত্তিনো বেশি সফল? প্রশ্নটা আসলে এত সরল নয়। কোচের কাজ বিচার করতে গেলে ট্রফির সংখ্যা দিয়ে সবকিছু মাপা যায় না। দলের অবস্থা, পরিবেশ ও বাস্তবতাও দেখতে হয়।

পিএসজিতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও নেইমারের মতো তারকাদের একসঙ্গে সামলাতে হয়েছে পচেত্তিনোকে।
রয়টার্স

পিএসজিতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও নেইমারের মতো তারকাদের একসঙ্গে সামলাতে হয়েছে তাঁকে। খুবই কঠিন কাজ ছিল। চেলসিতে এক মৌসুম কাটিয়েছেন বিশৃঙ্খলার মধ্যে। শেষ দিকে দল কিছুটা ছন্দে ফিরলেও প্রিমিয়ার লিগে তারা ষষ্ঠ হয়। তাঁর অধীনে সর্বশেষ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে কিছুদিন মনে হয়েছিল সবচেয়ে সুসংগঠিত দলগুলোর একটি। গ্রুপ জিতেছে, রাউন্ড অব ৩২–এ বসনিয়াকে হারিয়েছে স্বচ্ছন্দে। কিন্তু পরের রাউন্ডে বেলজিয়ামের কাছে এমন উড়ে গেল যে তাঁর সামগ্রিক প্রভাব বিচার করা কঠিন হয়ে পড়ে।

সাউদাম্পটন ও টটেনহামের সেই পচেত্তিনোকে যাঁরা দেখেছেন, তাঁরা জানেন এই কোচের পছন্দের ফুটবল কেমন। প্রচণ্ড গতির খেলা। রক্ষণে শৃঙ্খলা। বল পেলে আক্রমণে ঝাঁপিয়ে পড়া। চেলসিতে এর কিছু ঝলক দেখা গিয়েছিল। তাঁর বিদায়ে অনেক খেলোয়াড়ের মনও খারাপ হয়েছিল।

আরও পড়ুন

সেই পচেত্তিনো এখন ম্যানচেস্টার ইউনাইটেড নামে ‘বিষের পেয়ালা’ হাতে নিয়েছেন। ইউনাইটেডের অসুখটার শুরু তো আসলে বোর্ডরুমে, যেটা এখন ছড়িয়েছে ড্রেসিংরুমেও। অথচ ক্লাবের কর্তারা একজন একজন করে কোচকে এনে ছেড়ে দিচ্ছেন সেই রোগের প্রতিষেধক খোঁজার দায়িত্বে। সবাই ব্যর্থ হচ্ছেন। ইউনাইটেড হয়ে উঠেছে ম্যানেজ করার অযোগ্য।

পচেত্তিনো এখন ম্যানচেস্টার ইউনাইটেড নামে ‘বিষের পেয়ালা’ হাতে নিয়েছেন।
রয়টার্স

তবু ফুটবল কোচদের তো একটা নেশা থাকে। কোনো ক্লাবকে আবার সোনালি দিনে ফেরানোর নেশা। একসময় যে দল ইউরোপ শাসন করেছে, যে ক্লাবের নাম শুনলে প্রতিপক্ষের বুক কেঁপেছে, সেখানে আবার সেই দিন ফিরিয়ে আনার স্বপ্ন।

পচেত্তিনো বলেছিলেন, জীবনে ট্রেন একবারই আসে না। অপেক্ষা করতে জানতে হয়।

তাঁর জন্য সেই ট্রেন এল ঠিকই। কিন্তু এখন পুরো প্ল্যাটফর্মটাই যে জ্বলছে!