আরও একবার দরিয়েলতন-ঝলক। এবার সেই ঝলকে উড়ে গেল ব্রাদার্স ইউনিয়ন। ফেডারেশন কাপের প্রথম কোয়ালিফিকেশনে আজ কিংস অ্যারেনায় গোপীবাগের ক্লাবটি কিংসের কাছে হেরেছে ৪-০ গোলে। জোড়া গোল করেছেন দরিয়েলতন গোমেজ। এই জয়ে ষষ্ঠবারের মতো প্রতিযোগিতাটির ফাইনালে উঠেছে কিংস। আগের পাঁচবারের মধ্যে তারা শিরোপা জিতেছে চারবার।
দিনের অন্য ম্যাচে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এলিমিনেশন ম্যাচে রহমতগঞ্জকে ৩-০ গোলে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার্স নিশ্চিত করেছে মোহামেডান।
১৯ মে কিংস অ্যারেনায় ফেডারেশন কাপের ফাইনাল। সেই ম্যাচে কিংসের প্রতিপক্ষ দ্বিতীয় কোয়ালিফায়ার্সের জয়ী দল। ১২ মে দ্বিতীয় কোয়ালিফায়ার্সে খেলবে মোহামেডান ও ব্রাদার্স।
বাংলাদেশ ফুটবল লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৫ গোল করেছেন দরিয়েলতন। ফেডারেশন কাপে আজকের দুই গোলসহ ৯ গোল হলো দরিয়েলতনের। বেশ কিছুদিন ধরেই বসুন্ধরা কিংসের ফুটবলারদের মধ্যে বেতন নিয়ে অসন্তোষ চলছিল। দল সূত্রে জানা গেছে, ইমানুয়েল টনি, ইমানুয়েল সানডে ও রাফায়েল অগাস্তো নিয়মিত পারিশ্রমিক না পাওয়ায় আজও খেলেননি।
ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় কিংস। ডান প্রান্ত ধরে আক্রমণে ওঠা কিংসের সাদ উদ্দিনের বাড়ানো বল কোনাকুনি শটে জালে জড়ান রাকিব হোসেন। এক গোল হজমের পর ১৩ মিনিটেই ম্যাচে ফেরার সুযোগ পায় ব্রাদার্স ইউনিয়ন। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি ব্রাদার্সের গিনির ফরোয়ার্ড কেরফালা কৌয়াতে। মিডফিল্ডার মোলতাজিম আলমের ক্রসে হেড নিলেও পোস্টে রাখতে পারেননি কৌয়াতে।
২১ মিনিটে কিংসের সংঘবদ্ধ আক্রমণ রুখে দেন ব্রাদার্স গোলকিপার ইসহাক আকন্দ। ২৮ মিনিটে দরিয়েলতন গোমেজের বাইসাইকেল গোল অফসাইডের কারণে বাতিল হয়। এর দুই মিনিট পর আবারও সুযোগ তৈরি করে কিংস। কিন্তু ফ্রি–কিক থেকে নেওয়া দরিয়েলতনের শট পোস্টের ওপর দিয়েই চলে যায়।
এর আগে ২৪ মিনিটে ফ্রি–কিক পায় ব্রাদার্স। কিন্তু দলটির পাকিস্তানি উইঙ্গার শায়েক দোস্তের শট আটকে দেন কিংস গোলকিপার মেহেদী হাসান। ৩৫ মিনিটে ব্রাদার্সের মনির আলমের বাড়ানো বল ডি–বক্সে পেয়ে লক্ষ্যে শট নেন স্যামুয়েল চিগোজি, কিন্তু তাঁর শটে জোর না থাকায় কিংস গোলকিপার মেহেদী সহজেই সেটি আটকে দেন। ৪২ মিনিটে গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেননি দরিয়েলতন। খানিকটা সামনে এসেই তাঁর শট রুখে দেন ব্রাদার্স গোলকিপার ইসহাক।
দ্বিতীয়ার্ধের শুরুটা ভালোই হয়েছিল ব্রাদার্সের। একের পর এক আক্রমণে কিংসকে ব্যস্ত রাখে গোপীবাগের ক্লাবটি। কিন্তু আক্রমণভাগের কেউই পারেননি ঝলক দেখাতে, উল্টো সুযোগ নষ্টের খাতাটাই ভারী করেছেন। একটু দেরিতে হলেও প্রথমার্ধের ছন্দটা ফিরে পায় কিংস। ৭১ মিনিটে দরিয়েলতন এনে দেন দ্বিতীয় গোল। সাদ উদ্দিনের পাস পেয়ে ঠান্ডা মাথায় পোস্টে জড়ান এই ব্রাজিলিয়ান। তিন মিনিট পর আবারও দরিয়েলতন, নিজের জোড়া গোলের সঙ্গে কিংসকে এনে দেন তৃতীয় সাফল্য। ৮৮ মিনিটে ব্রাদার্সের কফিনে শেষ পেরেকটি ঠোকেন সাব্বির হোসেন।