সিটি পয়েন্ট হারানোর পর প্রিমিয়ার লিগ শিরোপার লড়াইয়ে এখন যে সমীকরণ

বের্নার্দো সিলভা–ফোডেনদের হতাশাএএফপি

১৩ মিনিটের এক ঝড়ে ম্যানচেস্টার সিটির সব হিসাব–নিকাশ ওলট–পালট হয়ে গেল! গতকাল রাতে প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে ৬৭ মিনিট পর্যন্ত জেরেমি ডকুর গোলে ১–০ ব্যবধানে এগিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। এরপর ৬৮ থেকে ৮১—এই ১৩ মিনিটের মধ্যে তিন গোল হজম করে হারের মুখে পড়ে পেপ গার্দিওলার দল। দুই গোল করেন থিয়ের্নো ব্যারি এবং অন্যটি জেক ও’ব্রায়েনের।

নাটকীয় ম্যাচে ৩–১ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত হার এড়িয়েছে সিটি। ৮৩ মিনিটে আর্লিং হলান্ড এবং যোগ করা সময়ের ৭ মিনিটে ডকু নিজের দ্বিতীয় গোল করে কোনো রকমে সিটিকে হার থেকে বাঁচিয়ে দেন, ম্যাচ ড্র হয় ৩–৩ গোলে।

ঘুরে দাঁড়িয়ে হার এড়ালেও সিটির জন্য এই ড্র হারের চেয়ে বেশি। কারণ, ড্রয়ে লিগ শিরোপা জয়ের লাগাম আর্সেনালের নিয়ন্ত্রণে। নিজেদের হাতে থাকা তিনটি ম্যাচ জিতলে কোনো হিসাব ছাড়াই ২২ বছর পর লিগ চ্যাম্পিয়ন হবে আর্সেনাল। ফলে সিটিকে সামনে থাকা ম্যাচগুলো জিতলেই শুধু চলবে না, আর্সেনালের পয়েন্ট হারানোর প্রার্থনাও করতে হবে।

আরও পড়ুন

গতকাল রাতের ম্যাচের পর ৩৫ ম্যাচ শেষে আর্সেনালের পয়েন্ট ৭৬। ৩৪ ম্যাচ শেষে সিটির পয়েন্ট ৭১। সিটির হাতে ম্যাচ আছে চারটি। ৯ মে শনিবার ঘরের মাঠে সিটির প্রতিপক্ষ ব্রেন্টফোর্ড। ১৩ মে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচটিও তারা খেলবে নিজেদের মাঠে। এরপর ১৯ মে বোর্নমাউথের বিপক্ষে তাদের মাঠে খেলবে সিটি আর শেষ ম্যাচে ২৪ মে ইতিহাদেই তাদের প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা। অর্থাৎ, চার ম্যাচের মধ্যে তিনটিই সিটি খেলবে নিজেদের মাঠে।

আর্সেনালের হাতে আছে তিন ম্যাচ। ১০ মে রোববার রাতে ওয়েস্ট হামের বিপক্ষে স্বাগতিক হয়ে খেলবে আর্সেনাল। ১৮ মে এমিরেটসেই আর্সেনালের প্রতিপক্ষ বার্নলি এবং ২৪ মে শেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের মাঠে খেলবে মিকেল আরতেতার দল। অর্থাৎ, হাতে থাকা তিন ম্যাচের মধ্যে দুটিতে স্বাগতিক হয়ে খেলবে আর্সেনাল।

এভারটনের বিপক্ষে ড্রয়ের পর এ মৌসুমে সিটির সর্বোচ্চ পয়েন্ট হতে পারে ৮৩। আর্সেনাল তাদের শেষ তিন ম্যাচে জয় পেলে ৮৫ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করবে। গোল ব্যবধানেও সিটির চেয়ে চার গোলে এগিয়ে গানাররা, যা তাদের কিছুটা বাড়তি সুবিধা দিচ্ছে।

এমনকি বিশেষ পরিস্থিতিতে ১৩ মে শিরোপা নিশ্চিত হয়ে যেতে পারে আর্সেনালের। যদি তারা ওয়েস্ট হামকে হারায় এবং সিটি যদি নিজেদের পরের দুই ম্যাচে ব্রেন্টফোর্ড ও ক্রিস্টাল প্যালেসের কাছে পরাজিত হয়—তাহলে দুই ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়ে যাবে আর্সেনাল।

তবে দুই দলই যদি জয়ের ধারা ধরে রাখে, তাহলে শিরোপা নির্ধারণ গড়াবে শেষ মুহূর্ত পর্যন্ত। এমনকি শেষ পর্যন্ত পয়েন্ট বাদ দিয়ে গোল ব্যবধান কিংবা গোল কে বেশি করেছে, তা দিয়েও নির্ধারিত হতে পারে শিরোপাভাগ্য।

হিল ডিকিনসন স্টেডিয়ামে এভারটনের বিপক্ষে ম্যাচটি পেপ গার্দিওলার দলের জন্য কঠিন হবে বলেই ধরা হচ্ছিল। শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়েছে। ম্যাচ শেষে গার্দিওলা বলেন, ‘হারার চেয়ে এটা ভালো। এতে বোঝা যায়, তারা কেমন দল। শিরোপা এখন আর আমাদের হাতে নেই। আগে ছিল, এখন নেই। সামনে এখনো ম্যাচ আছে। কী হয়, দেখা যাক।’

আরও পড়ুন

স্কাই স্পোর্টসে সাবেক আর্সেনাল তারকা থিয়েরি অঁরি বলেন, ‘আমি আর্সেনাল হলে পয়েন্ট হারানোর চিন্তা মাথাতেই আনতাম না। বাস্তবতা হলো, সবকিছু আবার তাদের (আর্সেনাল) হাতেই। এরপরও আমি নিজের সীমার মধ্যেই থাকব, আগেভাগে উদ্‌যাপন করব না। এখনো কিছুই শেষ হয়নি।’

পাশাপাশি ওয়েস্ট হাম ম্যাচ নিয়েও আর্সেনালকে সতর্কবার্তা দিয়েছেন অঁরি, ‘ওয়েস্ট হামের বিপক্ষে ম্যাচটি নিয়ে আমি চিন্তিত। যেমনটা আজকের (গতকাল রাতে) ম্যানচেস্টার সিটির ম্যাচ নিয়েও ছিলাম।’

লিগ জয়ের দারুণ সুযোগের সামনে আর্সেনাল
রয়টার্স

বিবিসির পডকাস্টে ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি ওয়েইন রুনি ভবিষ্যদ্বাণী করেছেন, আর্সেনাল তাদের বাকি সব লিগ ম্যাচ জিতবে এবং শিরোপা ঘরে তুলবে। রুনি বলেন, ‘আমার মনে হচ্ছে, এবার শিরোপা আর্সেনালেরই হবে। আর আমি চাই আরতেতার জন্য সেটা হোক। গত পাঁচ বছরে সে যে পরিশ্রম করেছে, আর তার সাবেক গুরু পেপ গার্দিওলার বিপক্ষে যদি সে শিরোপা জেতে, তাহলে সেটা তার জন্য বিশাল অর্জন হবে। আর্সেনাল খুবই ধারাবাহিক। অন্যদিকে সিটির পারফরম্যান্স মাঝেমধ্যে ওঠানামা করে। তবে সিটি যখন নিজেদের সেরা ছন্দে থাকে, তখন তারা ইউরোপের সেরা দল।’

বিবিসি রেডিও ফাইভ লাইভে সাবেক ব্ল্যাকপুল মিডফিল্ডার চার্লি অ্যাডাম বলেন, ‘(এভারটনের বিপক্ষে ড্র) এটি ম্যানচেস্টার সিটির শিরোপা লড়াইয়ে বড় ধাক্কা, তবে ঘুরে দাঁড়িয়ে আবার লড়াই চালিয়ে যেতে হবে। সব মিলিয়ে সামনে এখনো অনেক নাটকীয় মোড় অপেক্ষা করছে।’