১০, না ২০ বছরের অপেক্ষা ফুরাবে আজ?
অপেক্ষা আবারও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার। তিনবার ফাইনালে উঠে তিনবারই রানার্সআপ হওয়া স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদ সর্বশেষ ফাইনাল খেলেছে ২০১৬ সালে। আর্সেনালের একমাত্র ফাইনাল খেলার অভিজ্ঞতা আরও ১০ বছর আগের, ২০০৬ সালে। সেই ফাইনালে হেরেছিল গানাররা।
আজ লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি প্রথমবার ইউরোপীয় শ্রেষ্ঠত্বের স্বপ্ন দেখা দুই দল। ম্যাচটি সমতায় থেকেই শুরু করবে দুই দল। মাদ্রিদে প্রথম লেগটা যে ১-১ গোলে ড্র হয়েছে।
ইতিহাস আজ আর্সেনালের পক্ষেই। মুখোমুখি লড়াইয়ের হিসাবে ১-১ সমতা থাকলেও এমিরেটসে দুই দলের সর্বশেষ ম্যাচটিই এগিয়ে রাখছে মিকেল আরতেতার দলকে। এ মৌসুমের লিগ পর্বেই ঘরের মাঠে দিয়েগো সিমিওনের আতলেতিকোকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল আর্সেনাল।
উত্তর লন্ডনের বিরুদ্ধ পরিবেশে আতলেতিকো কোচ সিমিওনের সামনে আরেকটি লড়াইও অপেক্ষা করছে। লড়াইটা হুলিয়ান আলভারেজকে ধরে রাখার। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী স্ট্রাইকার মৌসুম শেষে চলে যেতে পারেন মাদ্রিদ থেকে। আলভারেজের সম্ভাব্য দুটি গন্তব্যের একটি আবার আর্সেনালই। আরেকটি বার্সেলোনা।
আলভারেজের মতো তারকাকে ধরে রাখতে সবচেয়ে বড় অনুপ্রেরণা তো চ্যাম্পিয়নস লিগ জয়ই হতে পারে। আতলেতিকো প্রথমবার ইউরোপ-সেরা হলে সিমিওনে আলভারেজকে বলতে পারবেন, ‘দেখো, আমরাও কিন্তু একেবারে ফেলনা নই।’
সেই স্বপ্নপূরণে আতলেতিকো আবার তাকিয়ে আলভারেজের দিকেই। আলভারেজ নিজে অবশ্য দাবি করছেন, দলবদল নিয়ে এখনই খুব বেশি ভাবছেন না। সেমিফাইনালের প্রথম লেগের আগে এই আর্জেন্টাইন বলেছিলেন, ‘এসব নিয়ে ভেবে শক্তি ক্ষয় করে কোনো লাভ নেই। আমার সামনে যে কাজ, সে কাজেই মনোযোগ দেওয়ার চেষ্টা করছি।’
নিখুঁত এক পেনাল্টি নিয়ে সমতা ফিরিয়ে মনোযোগের প্রমাণ ঘরের মাঠেই দিয়ে এসেছেন আলভারেজ। আতলেতিকোর প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগের এক মৌসুমে ১০ গোল করার কীর্তিও গড়েছেন।
আজকের ম্যাচের আগে আর্সেনালে জন্য সুখবর হয়ে এসেছেন বুকায়ো সাকা। এই উইঙ্গার চোট থেকে পুরোপুরি সেরে ওঠার প্রমাণ দিয়েছেন ফুলহামের বিপক্ষে আর্সেনালের সর্বশেষ জয়ে নিজে একটি গোল করে ও ইয়োকেরেসকে দিয়ে একটি করিয়ে।
আতলেতিকোর জন্য সাকা, ইয়োকেরেস, রাইসদের সামলানোর চেয়ে আর্সেনালের দুর্ভেদ্য রক্ষণ দুর্গ ভাঙার চ্যালেঞ্জটা বোধ হয় আরও বড়। এবারের চ্যাম্পিয়নস লিগে ১৩ ম্যাচে মাত্র ৬টি গোল খেয়েছে আর্সেনাল।