স্পেনের সংবাদমাধ্যম বলছে, এমবাপ্পেকে দলে নেওয়া রিয়ালের এখন প্রয়োজন

পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাক্‌–মৌসুম প্রস্তুতির শুরুটা রিয়াল মাদ্রিদ ভালোই করেছিল। প্রথম ম্যাচে এসি মিলানকে ৩–২ গোলে হারানোর পর ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২–০ গোলের জয়। কিন্তু পরের দুই ম্যাচে হেরে গেছে তারা। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৩–০ গোলে হারার পর জুভেন্টাসের কাছেও ৩–১ ব্যবধানে হেরেছে তারা।

এ দুটি হারের পর স্পেনের সংবাদমাধ্যম রিয়ালকে একপ্রকার চাপই দিচ্ছে—এখনই কিলিয়ান এমবাপ্পের সঙ্গে চুক্তি করো! স্পেনের সংবাদমাধ্যমের দাবি, ভিনিসিয়ুস জুনিয়র ভালো খেলছেন ঠিক, কিন্তু একা এই ব্রাজিলিয়ান তারকাকে দিয়ে রিয়ালের আক্রমণভাগ চলছে না।

জুভেন্টাসের কাছে রিয়ালের হারের পর স্পেনের ক্রীড়া দৈনিক মার্কা তাদের একটি খবরের শিরোনাম করেছে এ রকম, ‘জুভ নিশ্চিত করে দিল: এমবাপ্পে এখন আর খেয়াল নয়, প্রয়োজন’। মার্কা অল্প কথায় রিয়ালকে বলতে চেয়েছে—এমবাপ্পেকে এখনই দলে ভেড়াও!

আরও পড়ুন
কী আছে কিলিয়ান এমবাপ্পের ভবিষ্যতে
ছবি: ইনস্টাগ্রাম

স্পেনের আরেক পত্রিকা এএস করিম বেনজেমা ও মার্কো আসেনসিও চলে যাওয়ার পর রিয়ালের আক্রমণভাগের কার্যকারিতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে। তারা তাদের অনলাইন সংস্করণের এক খবরে লিখেছে, ‘৮ গোল খেয়েছে আর প্রায় ১০০ সুযোগ পাওয়ার পরও ৬ গোল করেছে। এটা উদ্বেগের।’

দুটি পত্রিকাই দ্রুত এমবাপ্পেকে দলে ভিড়িয়ে আক্রমণভাগের সমস্যার সমাধান করার পরামর্শ দিচ্ছে রিয়ালকে। এদিকে রিয়াল চাইলেই এখন এমবাপ্পেকে দলে ভেড়াতে পারে। জুন মাসে লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যাওয়ার ঘোষণা দেওয়ার পরই এমবাপ্পে চিঠি দিয়ে পিএসজিকে জানিয়ে দিয়েছে আসন্ন মৌসুম শেষে তিনি আর চুক্তি নবায়ন করতে চান না।

এমবাপ্পের এই ঘোষণার পর পিএসজিও তাঁকে বিক্রি করার জন্য উঠেপড়ে লেগেছে। কারণ একটাই, এমবাপ্পেকে আগামী মৌসুমে মুক্ত খেলোয়াড় হয়ে ক্লাব ছাড়তে দিতে চায় না দলটি। মুক্ত খেলোয়াড় হিসেবে এমবাপ্পে দল ছাড়লে যে ট্রান্সফার ফি থেকে কোনো অর্থই পাবে না পিএসজি।

আরও পড়ুন
রিয়াল মাদ্রিদ কি এ মৌসুমেই কিনবে এমবাপ্পেকে?
ছবি: রয়টার্স

এমবাপ্পে পিএসজি ছাড়তে চান আর পিএসজিও তাঁকে বিক্রি করতে চায়। তাহলে রিয়ালের এমবাপ্পেকে নিতে সমস্যা কোথায়? সমস্যা দুটি—প্রথম বিষয়টি হচ্ছে রিয়াল চাইছে আগামী মৌসুমে এমবাপ্পেকে মুক্ত খেলোয়াড় হিসেবে বিনা ট্রান্সফার ফিতে দলে ভেড়াতে। দ্বিতীয়ত, এমবাপ্পেও মেয়াদ শেষ না করে ক্লাব ছাড়তে চান না। তাহলে যে তিনি ‘আনুগত্য’ বোনাসের পুরোটা পাবেন না!

সব মিলিয়ে এমবাপ্পের দলবদল নিয়ে অন্য রকম একটা জটিলতা তৈরি হয়েছে। কিন্তু ইউরোপের সবচেয়ে সফল ক্লাব রিয়াল যদি আগামী মৌসুমে লিগ ও চ্যাম্পিয়নস লিগ জিততে চায়, তাহলে বেনজেমা–আসেনসিওদের বিকল্প হিসেবে এমবাপ্পেকে এখনই দলে টানা যে খুব দরকার, স্পেনের সংবাদমাধ্যম সেটাই মনে করিয়ে দিতে চেয়েছে। কে জানে, রিয়াল শেষ পর্যন্ত কী করে!

আরও পড়ুন