বিশ্বকাপে ৭৭ ম্যাচের জন্য ১০ লাখের বেশি টিকিটের আবেদন, দাবি ফিফা সভাপতির
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দাবি করেছেন, আসন্ন ফিফা বিশ্বকাপের খেলা গ্যালারিতে বসে দেখতে ৫০ কোটির বেশি আবেদন পাওয়া গেছে। বিশ্বকাপের ১০৪টির ম্যাচের মধ্যে ৭৭টির প্রতিটির জন্য আবেদন জমা পড়েছে ১০ লাখের বেশি করে।
ফ্লোরিডায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্টে গত বুধবার ওয়ার্ল্ড লিবার্টি ফোরামে এ কথা বলেন ইনফান্তিনো। এই সম্মেলনে নেতৃত্বস্থানীয় ব্যবসায়ী, সিনেটর ও বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।
আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে শুরু হবে ২৩তম ফিফা বিশ্বকাপ, যার বেশির ভাগ ম্যাচই যুক্তরাষ্ট্রে।
ওয়ার্ল্ড লিবার্টি ফোরামের সম্মেলনস্থলে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির সঙ্গে বিশ্বকাপের বিতর্কিত টিকিটনীতি নিয়ে কথা বলেন ফিফাপ্রধান। এবারের বিশ্বকাপে টিকিটের উচ্চমূল্যকে ফিফার ‘চূড়ান্ত বিশ্বাসঘাতকতা’ বলে সমালোচনা করে আসছেন অনেকে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানিসহ বেশ কয়েকজন রাজনীতিবিদও টিকিটের উচ্চমূল্য নিয়ে সমালোচনামুখর হয়েছেন।
ইনফান্তিনোর দাবি, ‘বিক্রির জন্য থাকা ৭০ লাখ টিকিটের বিপরীতে ৫০ কোটির বেশি টিকিটের আবেদন’ এসেছে। একই দাবি এর আগে ফিফার পক্ষ থেকেও করা হয়েছিল। তবে সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, এই হিসাব স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
অভিযোগ উঠেছে, টিকিটের জন্য এসব আবেদনের অনেকটি বটের মাধ্যমে করা হয়েছে। কিন্তু ফিফার দাবি, প্রতিটি আবেদনই ‘স্বতন্ত্র ক্রেডিট কার্ডের তথ্যের মাধ্যমে যাচাই করা হয়েছে।’
টিকিটনীতি নিয়ে ইনফান্তিনো বলেন, ‘আমাদের মোট ম্যাচসংখ্যা ১০৪। (প্রায়) ৬০০ কোটি মানুষ এসব ম্যাচ দেখবেন। এই ১০৪টি ম্যাচের মধ্যে ৭৭টিতে ১০ লাখের বেশি টিকিটের আবেদন এসেছে। প্রতিটি ম্যাচ-টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, আমরা কিছু টিকিট শেষ মুহূর্তে বিক্রির জন্য সংরক্ষণ করি, তবে প্রতিটি ম্যাচের টিকিট বিক্রি সম্পূর্ণ হয়েছে।’
দ্য অ্যাথলেটিকের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল, কিছু টিকিট যদি পরে বিক্রির জন্যই সংরক্ষিত রাখা হয়, তাহলে সব ম্যাচ–টিকিট কীভাবে বিক্রি হয়? ফিফার একটি সূত্র জানায়, ইনফান্তিনো ভুল বলেছেন এবং তিনি বলতে চেয়েছেন, ফিফা আশা করছে সব ম্যাচই বিক্রি হবে। পাশাপাশি ইনফান্তিনো দাবি করেছেন, ৬০০ কোটি মানুষ এই বিশ্বকাপ দেখবেন। কিন্তু তাঁর এই হিসাবের ব্যাখ্যা ফিফা দিতে পারেনি, যেখানে বিশ্বের মোট জনসংখ্যাই ৮০০ কোটি।
ইনফান্তিনো জানিয়েছেন, এবারের বিশ্বকাপ থেকে ১১০ কোটি ডলারের বেশি আয় করবে ফিফা এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে এর প্রভাব হবে ৩০০ কোটি ডলার।