ফিলিস্তিনের শিশুদের পাশে গার্দিওলা, তোপ দাগলেন ‘কাপুরুষ’ ক্ষমতাধরদের দিকে

মাঠের লড়াইয়ে তিনি বেশ কৌশলী, এমনকি কখনো কখনো নিজের দলের খেলোয়াড়দের প্রতিও বেশ কঠোর। তবে মাঠের বাইরে হয়তো ঠিক ততটাই মানবিক। তিনি পেপ গার্দিওলা। ইতিহাদ স্টেডিয়ামের ডাগআউট সামলানোর ঠিক পরের দিনই ম্যানচেস্টার সিটির এই মাস্টারমাইন্ডকে দেখা গেল ভিন্ন এক রূপে। গাজায় ইসরায়েলি হামলায় সব হারানো ফিলিস্তিনি শিশুদের পাশে দাঁড়াতে ‘অ্যাক্ট এক্স প্যালেস্টাইন’ নামে এক চ্যারিটি কনসার্টে যোগ দিয়েছেন স্প্যানিশ এই কোচ। সেখানে তাঁর আবেগঘন বক্তব্য ফুটবল ছাপিয়ে নাড়িয়ে দিয়েছে আরও অনেককেই।

আরও পড়ুন

ফিলিস্তিনি ঐতিহ্যের প্রতীক কালো-সাদা কেফিয়াহ (রুমাল) গলায় জড়িয়ে গার্দিওলা কথা বলেছেন গাজায় মা-বাবা হারানো শিশুদের নিয়ে। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, ‘দুই বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যম বা টিভিতে ধ্বংসস্তূপের মধ্যে কোনো শিশুকে যখন দেখি আর্তনাদ করছে—আমার মা কোথায়? অথচ সে জানেও না যে তার মা আর নেই; তখন আমি ভাবি, ওদের মনে কী চলছে? আমার মনে হয়, আমরা ওদের একা ফেলে এসেছি, আমরা ওদের ত্যাগ করেছি।’

ইসরায়েলি হামলায় ছিন্নভিন্ন হয়ে গেছে তাঁবু। সেটি আবার গোছানোর চেষ্টায় পরিবারের সদস্যরা। উৎকণ্ঠা নিয়ে সেখানে বসে আছে এক ফিলিস্তিনি শিশু। ৯ জানুয়ারি ২০২৬; গাজা নগরী, ফিলিস্তিন
এএফপি

বিশ্বের ক্ষমতাধরদের একহাত নিতেও ছাড়েননি সিটির এই কোচ। অনেকটা ক্ষোভের সঙ্গেই তিনি বলেন, ‘ক্ষমতাধররা আসলে কাপুরুষ। তারা নির্দোষ মানুষকে পাঠায় আরেক দল নির্দোষ মানুষকে মারতে। অথচ তারা নিজেরা ঘরে বসে থাকে; ঠান্ডার সময় হিটার আর গরমের সময় এসি ছেড়ে আরাম করে। সবকিছুর ঊর্ধ্বে এটি স্রেফ মানবতার প্রশ্ন।’

গার্দিওলা মানবতার কথা বললেও যে ক্ষমতাধরদের দিকে আঙুল তুলেছেন, তাঁরা এখানে রাজনীতি খুঁজে থাকেন। আর ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা রাজনৈতিক মন্তব্য ও আচরণের ক্ষেত্রে সংশ্লিষ্টদের নিরুৎসাহিতও করে থাকে। তবে কি গার্দিওলাকে তাঁর এবারের মন্তব্যের জন্য বিরূপ পরিস্থিতির মুখোমুখি হওয়ার ঝুঁকি আছে?

ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা
এএফপি

ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ তা নাকচই করে দিয়েছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, গার্দিওলাকে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) কোনো শাস্তির মুখে পড়তে হচ্ছে না। এর আগে কাতালুনিয়ার রাজনৈতিক বন্দীদের সমর্থনে ‘হলুদ রিবন’ পরে ২০ হাজার পাউন্ড জরিমানা গুনেছিলেন তিনি। ফুটবল সংস্থটি তখন একে ‘রাজনৈতিক বার্তা’ হিসেবে গণ্য করেছিল। তবে এবার ফিলিস্তিনি শিশুদের নিয়ে তাঁর এই বক্তব্য বিদেশের মাটিতে একটি চ্যারিটি অনুষ্ঠানে হওয়ায় বিষয়টি তদন্ত করবে না এফএ।


আগামী রোববার টটেনহামের বিপক্ষে ম্যাচ ম্যান সিটির। তার আগে আজকের নির্ধারিত সংবাদ সম্মেলনে গার্দিওলা থাকছেন না বলে ক্লাব নিশ্চিত করেছে। তাঁর বদলে সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন সহকারী কোচ পেপাইন লেইন্ডার্স।

আরও পড়ুন