আফ্রিকার সমর্থনে মিত্র খুঁজে পেলেন ইনফান্তিনো
কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (কাফ) নির্বাহী কমিটি গতকাল বৃহস্পতিবার সর্বসম্মতভাবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি সমর্থন জানায়।
ইউরোপিয়ান, উত্তর আমেরিকান ও এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাগুলোর অবস্থান যখন ইনফান্তিনোর বিরুদ্ধে, আফ্রিকা হাঁটল ঠিক তার উল্টো পথে।
ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা গতকাল জানায়, বিশ্বকাপসহ ফিফার প্রতিযোগিতা বর্জনের হুমকি থেকে এখনো সরে আসেনি তারা। একই দিন কাফের সর্বোচ্চ নীতিনির্ধারণী মহল ফিফা সভাপতির পাশে দাঁড়াল। ইনফান্তিনো আগামী বছর মার্চে ফিফার পরবর্তী সভাপতি নির্বাচনে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ফিফার ২১১টি সদস্যদেশের মধ্যে ৫৪টি কাফের অন্তর্ভুক্ত। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থায় আফ্রিকা মহাদেশ শক্তিশালী ভোটব্যাংক হিসেবে পরিচিত। ইনফান্তিনো ২০১৬ সালে ফিফা সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই তাঁর পক্ষে অবস্থান নিয়ে আসছে এ সংস্থা।
মহাদেশীয় এ ফুটবল সংস্থার বিবৃতিতে বলা হয়, ‘কাফ এক্সকো (নির্বাহী কমিটি) সর্বসম্মতভাবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে এবং বহু বছর ধরে আফ্রিকান ফুটবলে অবদানের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছে।’
বিশ্বকাপসহ ফিফার বড় টুর্নামেন্টগুলোর অংশীদারত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত পরিকল্পনা থেকে সরে এসেছে ফিফা। এ পরিকল্পনা প্রকাশ হওয়ার পর ব্যাপারটি নিয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া থেকে বাদ পড়ার অভিযোগ তোলে বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশন। এটি ফিফা সভাপতি ইনফান্তিনোর মেয়াদে সবচেয়ে বড় বিতর্কের জন্ম দেয়। সেই বিতর্কের সূত্রপাত ঘটানো প্রক্রিয়াটি পুনর্বিবেচনার জন্য ফিফার দেওয়া প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছেন কাফ সভাপতি প্যাট্রিস মতসেপে।
মতসেপে বলেন, ‘ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও মহাসচিব মাতিয়াস গ্রাফস্ট্রোমের “যৌথ বার্তা”কে স্বাগত ও সমর্থন জানায় কাফ। আমরা ফিফার সদস্য সংস্থা, অন্যান্য কনফেডারেশন ও সব অংশীজনের সঙ্গে কাজ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে সুশাসন, সঠিক প্রক্রিয়া ও স্বচ্ছতার আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলা যায় এবং বিশ্বব্যাপী ফুটবলের সার্বিক উন্নয়ন ও প্রসার ঘটে।’
ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) গঠন এবং বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা বাতিল করার পরও বিশ্বজুড়ে নিন্দার মুখে পড়েছিলেন ইনফান্তিনো। কাফের সমর্থনে তিনি কিছুটা হলেও স্বস্তি পাবেন।
চলতি সপ্তাহের শুরুর দিকে আফ্রিকার অন্যতম প্রভাবশালী পাঁচ ফুটবল–নেতা ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়ে পৃথক বিবৃতি দেন। একই সঙ্গে ভবিষ্যতে বিশ্বকাপে রাজস্বের অংশ বিক্রির বিতর্কিত পরিকল্পনা বাতিলের সিদ্ধান্তকেও স্বাগত জানান তাঁরা।
মরক্কো ফুটবলের প্রধান ও কাফের সহসভাপতি ফৌজি লেকজা এবং ফিফা কাউন্সিলের সদস্য হানি আবো রিদা (মিমর), হামিদো জিব্রিলা (নাইজার) ও আহমেদ ইয়াহিয়া (মৌরিতানিয়া) ইনফান্তিনোকে সমর্থন দেন। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর ফুটবল ফেডারেশনের সভাপতি ও কাফের সাবেক সাধারণ সম্পাদক ভেরন মোসেঙ্গো-ওম্বাও ইনফান্তিনোকে সমর্থন দিয়েছেন।
বিশ্বকাপের স্বত্ব বিক্রির পরিকল্পনা প্রকাশ্যে আসার কয়েক দিন আগেও ইনফান্তিনোর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন কাফ সভাপতি মতসেপে। তিনি বলেছিলেন, ‘ব্যক্তিগতভাবে আমি জিয়ান্নি ইনফান্তিনোকে সমর্থন করি। তিনি শুধু একজন ভালো বন্ধুই নন, একজন বিশ্বস্ত বন্ধু। আফ্রিকার প্রতি তিনি সর্বদা অনুগত। আমি এমন এক সংস্কৃতি থেকে এসেছি, যেখানে মানুষের বিশ্বস্ততার প্রতিদানে কখনো পিঠে ছুরি মারতে হয় না।’