মেসি–স্কালোনি জুটি কি ভাঙার চেষ্টা করছে রিয়াল
বিশ্বকাপ শুরু হতে ৫০ দিনও বাকি নেই। কোচরা এখন স্কোয়াড গোছাতে ব্যস্ত, সমর্থকেরা স্বপ্ন বুনতে। ঠিক এই মুহূর্তে আর্জেন্টাইন ও স্প্যানিশ সংবাদমাধ্যমে এমন একটি খবর ঘুরছে, যা পড়লে আর্জেন্টিনার সমর্থকদের বুকটা একটু কেঁপে উঠতে পারে।
গুঞ্জন উঠেছে, রিয়াল মাদ্রিদ চাইছে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে। শুধু চাওয়াই নয়, ক্লাবটির পক্ষ থেকে নাকি সরাসরি যোগাযোগও করা হয়েছে তাঁর সঙ্গে। স্প্যানিশ রেডিও ‘কোপ’-এর জনপ্রিয় অনুষ্ঠান ‘এল পার্তিদাজো দে কোপ’-এ এই দাবি করেছেন সাংবাদিক মানোলো লামা। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ লামার বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে।
লামা রীতিমতো জোর দিয়ে বলেছেন, ‘আমি নিশ্চিত করে বলছি, রিয়াল মাদ্রিদ স্কালোনির সঙ্গে যোগাযোগ করেছে। তারা অনেক কোচের সঙ্গেই কথা বলছে, কিন্তু আর্জেন্টিনার এই কোচের বিষয়ে তারা বেশ আগ্রহী। ফ্লোরেন্তিনো পেরেজ যেন “লোপেতেগি কাণ্ড”রই পুনরাবৃত্তি করতে চাইছেন। পেরেজ নিজে স্কালোনির সঙ্গে কথা বলেছেন। আমার ধারণা, কোনো চূড়ান্ত সিদ্ধান্তের আগে তিনি সবকিছু একটু পরখ করে দেখছেন।’
২০১৮ বিশ্বকাপের ঠিক আগে এভাবেই তৎকালীন স্পেন কোচ হুলেন লোপেতেগিকে রিয়ালের কোচ হিসেবে ঘোষণা করে ফুটবল–বিশ্বকে নাড়িয়ে দিয়েছিলেন পেরেজ। ফলস্বরূপ বিশ্বকাপের আগমুহূর্তে ছাঁটাই হতে হয়েছিল লোপেতেগিকে। এবারও কি স্কালোনিকে দিয়ে তেমন কোনো নাটক মঞ্চস্থ করতে চাইছেন রিয়াল বস?
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ রিয়ালের এই আগ্রহের খবর নিশ্চিত করলেও একটি ‘কিন্তু’ ঝুলিয়ে রেখেছে। স্কালোনির কাছের মানুষদের দাবি, রিয়াল সভাপতির সঙ্গে কোনো যোগাযোগই হয়নি। ৪৭ বছর বয়সী এই কোচের সঙ্গে আর্জেন্টিনার চুক্তি ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। এএফএ সভাপতি চিকি তাপিয়া চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিলেও স্কালোনি এখনো কোনো উচ্চবাচ্য করেননি। আপাতত তাঁর সব মনঃসংযোগ বিশ্বজয়ের মুকুট ধরে রাখায়।
স্কালোনির ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপের আগে ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসতে রাজি নন স্কালোনি। ধারণা করা হচ্ছে, ২০২৬ বিশ্বকাপের পরই এ বিষয়ে চূড়ান্ত আলোচনা হবে। ২০১৮ সালে আর্জেন্টিনা কোচের দায়িত্ব নেন স্কালোনি। আর্জেন্টিনাকে ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা জেতানোর মাঝে বিশ্বকাপও জেতান তিনি।
ওদিকে রিয়াল মাদ্রিদে অনেক দিন ধরেই বসন্তের হাওয়া নেই। রিয়ালের মূল দলের কোচ হিসেবে গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর আলভারো আরবেলোয়া তেমন একটা ভালো করতে পারছেন না। টানা দ্বিতীয় মৌসুম বড় কোনো শিরোপা ছাড়াই শেষ করবে রিয়াল। চলতি মৌসুম শেষে আরবেলোয়ার বিদায়ও দেখছে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো। মোটামুটি এটা ‘ওপেন সিক্রেট’ যে নতুন মৌসুমের জন্য নতুন কোচ খুঁজছে রিয়াল।
কেন স্কালোনিকে চায় রিয়াল
ড্রেসিংরুমের একঝাঁক মহাতারকাকে সামলানো আর আধুনিক ফুটবলের ট্যাকটিকসে পারদর্শী একজন ‘ক্যাপ্টেন’ খুঁজছেন পেরেজ। লিওনেল মেসির মতো মহাতারকাকে নিয়ে স্কালোনি যেভাবে আর্জেন্টিনাকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছেন, তা পেরেজের নজর কেড়েছে। যদিও ক্লাব পর্যায়ে প্রধান কোচ হিসেবে স্কালোনির অভিজ্ঞতায় ঘাটতি আছে। আর্জেন্টিনা জাতীয় দল ও বয়সভিত্তিক দলের বাইরে কোনো দলের প্রধান কোচ হওয়ার অভিজ্ঞতা তাঁর নেই।
ক্লাব ফুটবলে কোচিং করানোর অভিজ্ঞতা না থাকলেও স্কালোনির জন্য বড় প্লাস পয়েন্ট তিনি স্পেনেরই ‘জামাই’। স্প্যানিশ ভলিবল খেলোয়াড় এলিসা মন্তেরোকে ভালোবেসে বিয়ে করেছেন। খেলোয়াড়ি ক্যারিয়ার শেষে স্পেনেই থিতু হন স্কালোনি, সেখানেই তাঁর সংসার। স্ত্রী-সন্তান নিয়ে মাদ্রিদ থেকে ৭১৬ কিলোমিটার দূরে মায়োর্কা দ্বীপের কালভিয়া পৌরসভার একটি ছোট শহর এল তোরোতে বাস করেন। রিয়ালের দায়িত্ব নিলে হয়তো ঠিকানাটা পাল্টাতে হবে, এই যা।
তবে স্প্যানিশ ফুটবলের অলিগলি স্কালোনির বেশ চেনা। দেপোর্তিভো লা করুনিয়া, রেসিং সান্তান্দার ও মায়োর্কার জার্সিতে খেলার অভিজ্ঞতা যেমন তাঁর আছে, তেমনি ২০১৬-১৭ মৌসুমে সেভিয়াতে হোর্হে সাম্পাওলির কোচিং স্টাফের সদস্য হিসেবেও কাজ করেছেন। দেপোর্তিভোর হয়ে ২০০০ সালে লা লিগাও জিতেছেন স্কালোনি।
স্কালোনির ভাবনা কী
গত বছরের জুনে স্কালোনি নিজেই জানিয়েছিলেন, বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব আসছে। তবে ক্লাব ফুটবলে যাওয়ার ব্যাপারে তিনি কখনো স্পষ্ট করে কিছু বলেননি। তখন তাঁর কথা ছিল, ‘ক্লাবের দায়িত্ব নেওয়ার ব্যাপারে আমি এখনো নিশ্চিত নই। ইচ্ছা আছে, তবে সেটা খুব দ্রুত হবে কি না জানি না। অনেক জায়গা থেকেই প্রস্তাব আসছে, কিন্তু সেগুলো কতটা বাস্তবসম্মত তা দেখতে হবে।’
বিশ্বকাপের পর নিজের ভবিষ্যৎ নিয়ে স্কালোনি বলেছেন, ‘বিশ্বকাপের পর কী হয় দেখা যাবে। আপাতত আমার সবটুকু মনোযোগ জাতীয় দল নিয়ে। আমি জানি, এই বিশ্বকাপ পর্যন্ত আমি এখানেই আছি।’
আপাতত আর্জেন্টিনার সমর্থকদের হয়তো একটাই প্রার্থনা—স্কালোনির মন যেন মাঠেই থাকে, গুঞ্জনে নয়।