গোল দরকার, ‘হোম স্ট্রাইকার’ হামজা তো আছেন
বাংলাদেশ দলে যখন আক্রমণভাগ ও ফিনিশিং নিয়ে দুশ্চিন্তা, ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে পর্যন্ত উইং ছেড়ে উঠে এসে ‘নম্বর নাইন’ পজিশনে দাঁড়িয়ে যেতে হচ্ছে; ঠিক তখনই লাল–সবুজ জার্সিধারীদের জন্য স্বস্তির উদাহরণ হয়ে সামনে এল পরিসংখ্যানের খাতা। যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে—হামজা চৌধুরী যেন আদ্যোপান্ত এক ‘হোম স্ট্রাইকার’, ঘরের মাঠে নামলেই যাঁর পা খুঁজে নেয় প্রতিপক্ষের জাল!
বাংলাদেশ দলের জার্সিতে হামজার পথচলা খুব দীর্ঘ নয়, কিন্তু এর মধ্যেই তিনি হয়ে উঠেছেন আস্থার প্রতীক। সব মিলিয়ে এখন পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছেন, হোমে ৫টি আর অ্যাওয়েতে ৮টি।
এই ১৩ ম্যাচেই নামের পাশে জমা হয়েছে ৪টি গোল আর ১টি অ্যাসিস্ট। পরিসংখ্যানের সবচেয়ে রোমাঞ্চকর দিকটি হলো, হামজার এই চার গোল ও একমাত্র অ্যাসিস্টের সবই এসেছে ঘরের মাঠ জাতীয় স্টেডিয়ামে।
আগামীকাল থেকে যে সাফ চ্যাম্পিয়নশিপে প্রতিপক্ষের মুখোমুখি হবেন হামজা, সেটিও হচ্ছে জাতীয় স্টেডিয়ামেই। হামজা নিশ্চয়ই এবারও সতীর্থকে বল বানিয়ে দেওয়া আর খেলা তৈরি করা ছাড়াও প্রতিপক্ষের রক্ষণভাগ ভাঙার চেষ্টা করবেন। গোল করাটাও যে এখন তাঁর অভ্যাসে পরিণত হচ্ছে!
গত বছরের মার্চে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশ দলে অভিষেক হয় হামজার। শিলংয়ে অনুষ্ঠিত সেই ম্যাচে তিনি কোনো গোল করতে পারেননি, ম্যাচ শেষ হয় গোলশূন্য ড্রয়ে। তবে জাতীয় দলের জার্সিতে তাঁর স্ট্রাইকার রূপ দেখার জন্য বেশি দিন অপেক্ষা করতে হয়নি সমর্থকদের। গেল বছরের জুনে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচেই আন্তর্জাতিক ফুটবলের প্রথম গোলের দেখা পান হামজা।
এরপর এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে অসাধারণ এক অ্যাসিস্ট, হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ গোল এবং নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে জোড়া গোল—সব মিলিয়ে দেশের মাটিতে খেলা শেষ পাঁচ ম্যাচের চারটিতেই প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন হামজা। একমাত্র ব্যতিক্রম ছিল ভারতের বিপক্ষে ঘরের মাঠের সেই ম্যাচ, যেখানে শেখ মোরছালিনের দুর্দান্ত গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ।
এবার শুরু হচ্ছে হামজার ভিন্ন এক অধ্যায়—সাফ চ্যাম্পিয়নশিপ। যেটা বাংলাদেশ দলের কাছে ২৩ বছরের দীর্ঘ শিরোপা–খরা কাটানোর মিশন। তবে হামজার কাছে এটি আরও অনেক বেশি ‘বিশেষ’।
ক্যারিয়ারে লেস্টার সিটির হয়ে কমিউনিটি শিল্ড ও এফএ কাপ জয়ের স্বাদ পেলেও জাতীয় দলের হয়ে এখনো কোনো ট্রফি উঁচিয়ে ধরা হয়নি তাঁর। এবার নিশ্চয়ই সেই শূন্যস্থানটাও পূরণ করতে চাইবেন হামজা। গতকাল সকালে ঢাকায় পা রেখেই ক্লান্তি ভুলে বিকেলে দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি।
সাফ চ্যাম্পিয়নশিপে আগামীকাল গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে রাত আটটায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচের আগেই অবশ্য সেমিফাইনালও নিশ্চিত করে ফেলেছে স্বাগতিকেরা। তারপরও ম্যাচটা গুরুত্বপূর্ণ কারণ, এই ম্যাচের জয়ী দলই হবে গ্রুপসেরা।
ওদিকে হামজাও চাইবেন সাফে নিজের শুরুটা ভালোভাবে রাঙাতে। সমর্থকেরাও বোধ হয় আরও একবার হামজার দিকেই তাকিয়ে। তিনি তো শুধুই একজন মিডফিল্ডারই নন, বাংলাদেশ দলের ‘হোম স্ট্রাইকার’ও!