সরাসরি

পাঁচ গোল খেয়ে উত্তর কোরিয়ার কাছে হারল বাংলাদেশ

০৪: ০০

বাংলাদেশের বড় হার 

এএফসি এশিয়ান কাপে উত্তর কোরিয়ার কাছে ৫–০ গোলে হেরেছে বাংলাদেশ। সিডনিতে ম্যাচজুড়ে বাংলাদেশের ওপর দাপট দেখিয়েছে উত্তর কোরিয়া। ম্যাচে বাংলাদেশ তেমন কোনো সুযোগই তৈরি করত পারেনি। প্রথমার্ধে ২ গোল করা উত্তর কোরিয়া দ্বিতীয়ার্ধে করেছে আরও তিন গোল।

০৩: ৫৪

ফের গোল খেল বাংলাদেশ 

ম্যাচের ৯০ মিনিটের মাথায় ৫ম গোল হজম করল বাংলাদেশ। এবার উত্তর কোরিয়ার হয়ে হেডে গোল করেছেন কিম হায়ে–ইয়ং।

০৩: ৩৬

মিলি আর কত বাঁচাবেন

চার গোল হজম করেছেন। তবু ৭৪ মিনিট পযর্ন্ত বাংলাদেশের সেরা খেলোয়াড় গোলরক্ষক মিলিই। ম্যাচজুড়ে অনেকবার দলকে বাঁচিয়েছেন তিনি। ওয়ান অন অনেও একাধিকবার নিরাশ করেছেন উত্তর কোরিয়ার খেলোয়াড়দের। মিলি জ্বলে না ওঠলে এই ম্যাচে বাংলাদেশ আরও বড় বিপর্যয়ে পড়তে পারত। পরিসংখ্যান অনুযায়ী মিলি এই ম্যাচে ৫টি নিশ্চিত গোলের হাত থেকে বাঁচিয়েছেন বাংলাদেশকে।

০৩: ২৭

দুই মিনিটে দুই গোল করল উত্তর কোরিয়া

আবারও দুই মিনিটের ব্যবধানে দুই গোল করল উত্তর কোরিয়া। ৬২ মিনিটে উত্তর কোরিয়ার হয়ে তৃতীয় গোল করেন চা উন–ইয়ং। গোলরক্ষকের এগিয়ে আসার সুযোগ কাজে লাগিয়ে লক্ষ্যভেদ করেন তিনি। এরপর ৬৪ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন কিম কিয়ং–ইয়ং।

আজ উত্তর কোরিয়ার বিপক্ষে সুবিধা করতে পারেনি বাংলাদেশ
বাফুফে
০৩: ১৫

উত্তর কোরিয়ার নিয়ন্ত্রণে ম্যাচ

প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরু থেকেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে উত্তর কোরিয়া। একের পর আক্রমণে গিয়ে বাংলাদেশের রক্ষণ কাঁপায় কোরিয়ানরা। একাধিকবার গোলের খুব কাছাকাছিও পৌঁছে গিয়েছিল তাঁরা। কিন্তু ফিনিশিংয়ের ব্যর্থতার গোল মিলছিল না। এর মধ্যে নবীরন খাতুনকে তুলে উন্নতি খাতুনকে মাঠে নামায় বাংলাদেশ।

০৩: ০০

প্রথমার্ধে কোণঠাসা বাংলাদেশ 

আগের ম্যাচে চীনের বিপক্ষে যে লড়াকু বাংলাদেশকে দেখা গিয়েছিল, আজ দ্বিতীয় ম্যাচের প্রথমার্ধে সেই বাংলাদেশ ছিল অনেকটাই কোণঠাসা। প্রথমার্ধে বাংলাদেশের হয়ে আলো ছড়িয়েছেন শুধুই গোলরক্ষক মিলি। একের পর এক গোল বাঁচিয়েছেন তিনি। এ ছাড়া তিনবার বাংলাদেশকে রক্ষা করেছে ভাগ্য। প্রথমার্ধে উত্তর কোরিয়া ১৬টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখে। বিপরীতে বাংলাদেশ কোনো শটই নিতে পারেনি।

উত্তর কোরিয়াকে কোনো চ্যালেঞ্জই দিতে পারেনি বাংলাদেশ
বাফুফে
০২: ৫৫

দুই মিনিটের মধ্যে দ্বিতীয় গোল করল উত্তর কোরিয়া

প্রথম গোল পাওয়ার দুই মিনিটের মধ্যে দ্বিতীয় গোল আদায় করে নেয় উত্তর কোরিয়া। গোলটি করেন কিম কিয়ং–ইয়ং।

০২: ৫১

এগিয়ে গেল উত্তর কোরিয়া 

একের পর এক গোল বঞ্চিত হওয়ার পর অবশেষ বিরতির আগেই এগিয়ে যায় উত্তর কোরিয়া। যোগ করা সময়ের ৫ মিনিটে পেনাল্টি গোলে উত্তর কোরিয়াকে এগিয়ে দেন মিয়ং ইউ–ঝং। বক্সের ভেতর আফাঈদা প্রতিপক্ষের খেলোয়াড় হং সংয়ের জার্সি ধরে টেনে ফেলে দিলে এই পেনাল্টি পায় উত্তর কোরিয়া।

০২: ৪৯

আবার বাংলাদেশকে বাঁচালেন মিলি

যোগ করা সময়ের তিন মিনিটে আবারও অসাধারণ নৈপুণ্যে বাংলাদেশকে বাঁচান গোলরক্ষক মিলি। এবার তিনি ঠেকান মিয়ং ইউ–ঝংয়ের শট।

০২: ৪৭

বিরতির আগেই বাংলাদেশের তিন পরিবর্তন 

বিরতির আগেই দলে পরিবর্তন আনছেন কোচ পিটার বাটলার। স্বপ্না রাণী, আনিকা রানিয়া ও উমহেলা মারমাকে মাঠে নামান তিনি, তুলে নেন তহুরা খাতুন, আইরিন খাতুন এবং শামসুন্নাহার জুনিয়রকে।

০২: ৪৫

দ্বিতীয় হলুদ কার্ড দেখল বাংলাদেশ

ম্যাচের ৯ মিনিটে প্রথম হলুদ কার্ড দেখে বাংলাদেশ। কার্ডটি দেখেন শামসুন্নাহার। এরপর ম্যাচের ৪৩ মিনিটে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ডটি দেখেন নবীরন।

০২: ৪০

এবার পোস্ট বাঁচাল বাংলাদেশকে 

৩৮ মিনিটের মাথায় আবারও গোল করার সুযোগ এসেছিল উত্তর কোরিয়ার সামনে। কিন্তু কিম কিয়ং–ইংয়ের হেড ফিরে আসে পোস্টে লেগে। ফাউল দাবি করে পেনাল্টির আবেদন করেছিল উত্তর কোরিয়া। কিন্তু সে আবেদন সফল হয়নি।

০২: ৩৩

তিনবার বাঁচল বাংলাদেশ

৩১ মিনিটের মাথায় আবারও বাংলাদেশের জালে বল জড়ায় উত্তর কোরিয়া। কিন্তু এবার অফসাইডের কারণে বাতিল হয় গোল, বেঁচে যায় বাংলাদেশ। অফসাইডের ফাঁদে পড়েন কিম কিয়ং–ইয়ং।

০২: ৩০

ভিএআরে দ্বিতীয়বার বাঁচল বাংলাদেশ

২৬ মিনিটে কিম সং ইয়ংয়ের কর্নার থেকে হ্যান ঝিং হংয়ের হেড ঠেকিয়ে দেন মিলি। কিন্তু মিলির ধরে রাখা বলে শট দিয়ে গোল করেন মিয়ং ইয়ো–ঝং। পরে ভিএআরে দেখার পর গোল বাতিল করেন রেফারি।

০২: ২৬

প্রথম ২৫ মিনিটে ছন্নছাড়া বাংলাদেশ

ম্যাচের প্রথম ২৫ মিনিটে কোনো সুবিধাই করতে পারেনি বাংলাদেশ। কোনো আক্রমণ নেই, নেই কোনো শট। একের পর এক উত্তর কোরিয়ার আক্রমণ ঠেকিয়েই সময় কেটেছে বাংলাদেশ দলের। গোলরক্ষক মিলি ত্রাতা হয়ে একাধিকবার বাঁচিয়েছেন বাংলাদেশকে। একবার বাঁচিয়েছে ভিএআর।

০২: ১৫

ভিএআর বাঁচিয়ে দিল বাংলাদেশকে 

ম্যাচের প্রথম ১৩ মিনিটে তেমন কোনো সুবিধা করতে পারেনি বাংলাদেশ। বল প্রায় পুরোটা সময় বাংলাদেশ বক্সের আশপাশেই ছিল। একাধিকবার মিলি দলকে বাঁচালেও ১৪ মিনিটে আর পারেননি। বক্সের ভেতর বল পেয়ে উত্তর কোরিয়াকে এগিয়ে দেন ফরোয়ার্ড কিম কিয়ং–ইয়ং। যদিও হ্যান্ডবলের কারণে এই যাত্রায় বেঁচে যায় বাংলাদেশ। এর আগে চীনের বিপক্ষেও শুরুতে ভিআরের কারণে গোল খেয়েও বেঁচে যায় আফঈদার দল।

০২: ১১

আবারও ত্রাতা মিলি

১১ মিনিটের মাথায় আবারও উত্তর কোরিয়ার আক্রমণ ঠেকান মিলি। এবারও ফরোয়ার্ড হান ঝিন হংয়ের নিরাশ করেছেন বাংলাদেশ গোলরক্ষক। মিলির নৈপূণ্য বাদ দিলে এখন পর্যন্ত বাংলাদেশ বেশ ছন্নছাড়া।

০২: ০৭

মিলির অসাধারণ সেইভ

৬ মিনিটের মাথায় ওয়ান অন ওয়ানে গোল করার দারুণ এক সুযোগ এসেছিল উত্তর কোরিয়ার ফরোয়ার্ড হান জিন হংয়ের সামনে। কিন্তু অসাধারণ নৈপূণ্যে নিশ্চিত গোলের হাত থেকে বাংলাদেশকে বাঁচিয়ে দেন মিলি।

০২: ০৬

আক্রমণাত্মক উত্তর কোরিয়া 

বাংলাদেশের বিপক্ষে শুরু থেকেই আক্রমণে যাওয়ার চেষ্টা করছে উত্তর কোরিয়া। প্রথম ৫ মিনিটের মধ্যে একাধিকবার বল নিয়ে বাংলাদেশের রক্ষণে হানাও দেয় তারা। যদিও সফল হয়নি।

০১: ৫৬

‘আমার সোনার বাংলা...’

যথারীতি জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা...’ গেয়ে ম্যাচের আনুষ্ঠানিকতা শুরু। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সময় খেলোয়াড়দের সঙ্গী হয়েছেন ডাগআউটে থাকা খেলোয়াড়, স্টাফ ও বাংলাদেশী দর্শকেরা।

বাংলাদেশ আর উত্তর কোরিয়ার জার্সি পরে সিডনির রাস্তায় দুই তরুণীর প্রচারণা
মাসুদ আলম
০১: ৫৪

উত্তর কোরিয়ার ভাবনায় ঋতুপর্ণা

বাংলাদেশ দলের উইঙ্গার ঋতুপর্ণা চাকমা উত্তর কোরিয়ার মাথাব্যথার কারণ। এ নিয়ে পড়ুন সিডনি থেকে প্রথম আলোর প্রতিনিধি মাসুদ আলমের প্রতিবেদন। ক্লিক করুন নিচের লিংকে।

বাটলারের তুরুপের তাস ঋতুপর্ণাকে নিয়ে ভাবছে উত্তর কোরিয়া

সিডনিতে মাঠের বাইরের দৃশ্যটা এমনই
মাসুদ আলম
০১: ৫৪

বাংলাদেশের একাদশ যেমন হলো

উত্তর কোরিয়া ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। চীনের বিপক্ষে রক্ষণাত্মক কৌশলে পাঁচজন ডিফেন্ডার নিয়ে খেললেও উত্তর কোরিয়ার বিপক্ষে আক্রমণভাগ শক্তিশালী করার দিকেই বেশি নজর দিয়েছেন বাংলাদেশ কোচ পিটার বাটলার। এর আগে প্রথম ম্যাচে চীনের বিপক্ষে ২–০ গোলে হেরেছে বাংলাদেশ। আর উত্তর কোরিয়া ৩–০ জিতেছিল উজবেকিস্তানের বিপক্ষে।

সিডনি থেকে প্রথম আলোর প্রতিনিধি মাসুদ আলমের বাংলাদেশ একাদশ নিয়ে প্রতিবেদন পড়তে ক্লিক করুন নিচের লিংকে।

দুই পরিবর্তন নিয়ে উত্তর কোরিয়ার মুখোমুখি বাংলাদেশ

০১: ৫৪

স্বাগতম

সিডনির ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে নারী এশিয়ান কাপের ‘বি’ গ্রুপে আর কিছুক্ষণের মধ্যে উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

শক্তিতে দুই দলের মধ্যে আকাশ–পাতাল ফারাক। র‍্যাঙ্কিংয়ে উত্তর কোরিয়া ৯ম দল, বাংলাদেশ ১১২তম। বি গ্রুপ থেকে বর্তমান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে প্রথম ম্যাচে ২–০ গোলে হারলেও বেশ ভালো লড়াই করেছিল বাংলাদেশ। উত্তর কোরিয়া এ টুর্নামেন্টে তিনবারের চ্যাম্পিয়ন।