নেইমার-রিচার্লিসনদের দিকে কলা ছুড়ে মারল দর্শক
ম্যাচের মধ্যে টিভিতেই দৃশ্যটি দেখা গেছে। মাঠের মধ্যে একটি পাকা কলা পড়ে আছে। প্যারিসের পার্ক দে প্রিন্সেস অ্যারেনায় নেইমার-রিচার্লিসনদের সঙ্গে এমন বর্ণবাদী আচরণই করেছেন দর্শক। তবে মাঠে কলাটা ছুড়ে মারলেন কে বা কারা, তা স্টেডিয়ামের নিরাপত্তা কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারেনি।
তিউনিসিয়ার বিপক্ষে কাল রাতে প্রীতি ম্যাচে ৫-১ গোলের বড় জয় পায় ব্রাজিল। ম্যাচে ১৯ মিনিটে গোল করেন টটেনহাম হটস্পার ফরোয়ার্ড রিচার্লিসন। গোল করে মাঠে ডান পাশে কর্নার ফ্লাগের কাছে গিয়ে উদ্যাপন করেন রিচার্লিসন। ছুটে আসেন তাঁর সতীর্থরাও।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, এ সময় উদ্যাপনরত ব্রাজিল দলের খেলোয়াড়দের তাক করে কলা ছুড়ে মারা হয়। সিবিএফের বিবৃতিতে অবশ্য বলা হয়, কলাটি রিচার্লিসনকে তাক করে ছুড়ে মারা হয়েছে। রিচার্লিসন খেয়াল করলেও পাত্তা দেননি। বাকিরা যখন উদ্যাপনে ব্যস্ত তখন ব্রাজিলের মিডফিল্ডার ফ্রেড দর্শকদের দিকে একবার তাকিয়ে বাঁ পায়ের লাথিতে কলাটি টাচ লাইনের বাইরে পাঠান।
ম্যাচ শুরুর আগে বর্ণবাদ বিরোধী একটি ব্যানার নিয়ে মাঠে নেমেছিল ব্রাজিল দল। ‘কৃষ্ণাঙ্গ খেলোয়াড়দের ছাড়া আমাদের জার্সিতে তারকা থাকত না’—ব্যানারে এই কথা লিখে মাঠে নেমেছিল তিতের দল। বিশ্বকাপ জিতলে জাতীয় দলের জার্সিতে তারকা চিহ্ন বসানো হয়। সে যাই হোক, বিষয়টি কেউ ভালোভাবে নেয়নি।
কিছুদিন আগে স্পেনের লা লিগায় বর্ণবাদী আচরণের শিকার হন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস। স্পেনের ফুটবল এজেন্ট পেদ্রো ব্রাভো ভিনির গোল উদ্যাপনের ধরন নিয়ে আপত্তি তোলেন। তাঁকে ‘বানরের মতো আচরণ’ বন্ধ করতে বলেন ব্রাভো।
এরপরই শুরু হয়ে পেদ্রো ব্রাভোর মুণ্ডুপাত। সেই ঘটনার রেশ থামলেও কাল রাতে কলা ছুড়ে মারার এই ঘটনা বর্ণবাদী আচরণকে আবারও সামনে টেনে আনল।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) দর্শকদের এমন আচরণের প্রতিবাদ জানিয়েছে।
সিবিএফের পক্ষ থেকে বলা হয়, ‘বর্ণবাদের বিপক্ষে লড়াই’ অব্যাহত থাকবে। বিবৃতিতে বলা হয়, ‘দুর্ভাগ্যজনকভাবে মাঠে রিচার্লিসনের প্রতি কলা ছুড়ে মারা হয়। ব্রাজিলের হয়ে দ্বিতীয় গোলটি তার। বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ে শক্ত অবস্থানই নিচ্ছে সিবিএফ।’ সিবিএফ সভাপতি এদনালদো রদ্রিগেজ বলেছেন, ‘এমন আচরণের শাস্তি কঠোর হওয়া উচিত।’
কলা ছুড়ে মারা ছাড়াও মাঠে লেজার রশ্মি মেরে ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় অসুবিধা করেছেন গ্যালারির দর্শক। ম্যাচ এ জন্য দুবার থামানোও হয়েছিল। বিশ্বকাপে খেলতে কাতারে যাওয়ার আগে এটাই শেষ প্রস্তুতি ম্যাচ ছিল ব্রাজিলের। কাতার বিশ্বকাপে ‘জি’ গ্রুপ থেকে ব্রাজিলের প্রতিপক্ষ সার্বিয়া, ক্যামেরুন ও সুইজারল্যান্ড।