লিভারপুল জানাল, মৌসুম শেষে বিদায় নেবেন ‘কিংবদন্তি’

মৌসুম শেষে লিভারপুলকে বিদায় জানাবেন রবার্টসনইনস্টাগ্রাম/রবার্টসন

মৌসুম শেষে অ্যান্ডি রবার্টসনের ক্লাব ছাড়ার ঘোষণা দিল লিভারপুল। ২০১৭ সালে হাল সিটি থেকে ৮০ লাখ পাউন্ডে লিভারপুলে যোগ দেন এই ডিফেন্ডার। এরপর গত ৯ বছরে লিভারপুলে দুর্দান্ত সফল সময় পার করেছেন রবার্টসন। তবে সব ভালোরই যেমন শেষ আছে, তেমনি লিভারপুলেও ভালো সময় কাটিয়ে এখন শেষ দেখছেন এই স্কটিশ তারকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে লিভারপুলের পক্ষ থেকে বলা হয়, ‘অ্যানফিল্ডে টানা নয়টি অত্যন্ত সফল মৌসুম কাটানোর পর স্কটল্যান্ড অধিনায়ক গ্রীষ্মে চুক্তির মেয়াদ শেষ হলে ক্লাব ছেড়ে যাবেন। তিনি সত্যিকারের এক কিংবদন্তি হিসেবেই লিভারপুল থেকে বিদায় নেবেন। এখন পর্যন্ত ৩৭৩টি ম্যাচ খেলে সাম্প্রতিক বছরগুলোয় দলের সাফল্যে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।’

লিভারপুলের হয়ে ২টি প্রিমিয়ার লিগ, ১টি চ্যাম্পিয়নস লিগসহ ৯টি শিরোপা জেতা রবার্টসন নিজের সিদ্ধান্ত জানিয়ে এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আমার মনে হয় এখনই সামনে এগিয়ে যাওয়ার সঠিক সময়। এই ৯ বছর আমি সব সময় হাসিমুখে স্মরণ করব।’

আরও পড়ুন

লিভারপুলের সঙ্গে নিজের সম্পর্ককে রবার্টসন ব্যাখ্যা করেছেন এভাবে, ‘এই ক্লাব আমার কাছে সবকিছু। সমর্থকেরা আমার কাছে সবকিছু। এই ক্লাবের সঙ্গে জড়িয়ে থাকা প্রতিটি মানুষ আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আমি মনে করি, শেষ দিন পর্যন্ত এই ক্লাবের জন্য আমার সর্বোচ্চটা দেওয়া আমার দায়িত্ব। ৯ বছর ধরে আমি সেটাই করে এসেছি, আর সেটা নিয়ে আমি খুব গর্বিত।’

রবার্টসনের আগে মৌসুম শেষে ক্লাব থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন মোহাম্মদ সালাহ। রবার্টসন ও সালাহ একই মৌসুমে লিভারপুলে যোগ দেন। সাম্প্রতিক বছরগুলোয় দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দুজন। সতীর্থ ও বন্ধু রবার্টসনের বিদায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সালাহ লিখেছেন, ‘তোমার সতীর্থ আর বন্ধু হতে পারাটা আমার জন্য গর্বের। তুমি সবকিছু জিতেছ, আর কিংবদন্তি হিসেবেই বিদায় নিচ্ছ। আমি নিশ্চিত, আবার আমাদের দেখা হবে।’

এর আগে গত জানুয়ারিতে টটেনহাম রবার্টসনকে দলে নিতে আগ্রহ দেখিয়েছিল, এমনকি দুই ক্লাবের মধ্যে প্রাথমিক সমঝোতাও হয়েছিল। কিন্তু লিভারপুল পরে আলোচনা থেকে পিছিয়ে আসে। লিভারপুল কোচ আর্নে স্লটের অধীন এ মৌসুমে রবার্টসনের একাদশে খেলার সুযোগ কমে গেছে।

আরও পড়ুন

এই মৌসুমে তিনি বেঞ্চেই বেশি সময় কাটিয়েছেন। লিগে মাত্র ছয়টি ম্যাচে শুরু থেকে মাঠে ছিলেন। এর পেছনে অবশ্য বড় কারণ হাঙ্গেরিয়ান লেফটব্যাক মিলোস কেরকেজের আগমন। ফলে সব মিলিয়ে রবার্টসনকে এখন নতুন ঠিকানাই খুঁজতে হচ্ছে।