মেসিদের জন্য আগের চেয়েও বেশি সুযোগ-সুবিধার প্রতিশ্রুতি ক্রীড়া প্রতিমন্ত্রীর
আবারও আর্জেন্টিনা জাতীয় দলকে ঢাকায় আনার পরিকল্পনা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২০১১ সালের ৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা।
গত মাসে শেষ হওয়া কাতার বিশ্বকাপের সময় আর্জেন্টিনা দলকে যেভাবে সমর্থন দিয়েছে বাংলাদেশ, সেই রেশ পৌঁছে গেছে লাতিন আমেরিকার দেশটিতেও। বাফুফে এরই মধ্যে আর্জেন্টিনা দলকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়ে সে দেশের ফুটবল অ্যাসোসিয়েশনকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে।
কিন্তু মেসিরা এলে খেলবেন কোথায়? বঙ্গবন্ধু স্টেডিয়ামে চলছে সংস্কারকাজ। ২০১৯ সালের আগস্ট থেকে এই স্টেডিয়ামে খেলা বন্ধ। তবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান আশা করছেন আগামী জুনে বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠ খেলার জন্য প্রস্তুত হয়ে যাবে। শুধু তা-ই নয়, আগেরবারের চেয়েও মেসিদের জন্য আবাসন, আতিথেয়তাসহ অন্যান্য সুযোগ-সুবিধা বেশি থাকবে বলে জানিয়েছেন তিনি।
পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে আজ জাতীয় পুরুষ হ্যান্ডবলের ফাইনাল দেখতে এসে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান বলেন, ‘বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংস্কার নিয়ে আমরা কয়েকবার বৈঠক করেছি। অ্যাথলেটিকসের যে ঠিকাদার আছেন, তিনি বলেছেন, নতুন ট্র্যাক ফেব্রুয়ারির মধ্যে বুঝিয়ে দেবেন। এরপর মার্চে ঘাস লাগানো হবে। পাশাপাশি ছাদের যে বাকি কাজ রয়েছে, সেটা বাইরে থেকে ক্রেন লাগিয়ে করা হবে। যাতে মাঠের মধ্যে খেলাধুলা চালু করা যায়। আমরা এরই মধ্যে নির্দেশনা দিয়েছি, এপ্রিলের মধ্যে মাঠের কাজ শেষ করতে।’
মাঠে ঘাস লাগানোর কাজ তত্ত্বাবধান করতে বাফুফেকে দায়িত্ব দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সে কথা জানিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘ফুটবল মাঠের ঘাস নিয়ে বিভিন্ন রকম বিতর্ক হয়। আগে ঘাস লাগানো নিয়ে কথা উঠেছে। এই জন্য এবার বাফুফেকে দায়িত্ব দিয়েছি ঘাস লাগানোর। যেহেতু মাঠটা ব্যবহার করবে তারা, তাই তাদের উপযোগী করে যেন ঘাস লাগাতে পারে। এ জন্য মার্চ মাসটা সময় নিয়েছে বাফুফে।’
বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফ্লাডলাইট বসানোর কাজ এখনো শুরুই হয়নি। তবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর আশা, জুনের আগে ফ্লাডলাইট বসবে স্টেডিয়ামে, ‘ফ্লাডলাইটের জন্য আমাদের হাতে ছয় মাস সময় আছে। আমরা টেন্ডার প্রক্রিয়ায় যাচ্ছি। এরই মধ্যে চেয়ারের টেন্ডার (দরপত্র) হয়ে গেছে। ওয়ার্ক অর্ডারও (কার্যাদেশ) হয়ে গেছে। পাশাপাশি ফ্লাডলাইটের টেন্ডারে যাব। আমাদের যে অতিরিক্ত বাজেট লাগবে, সেটা শুধু শেডের জন্য। এই বাড়তি কাজ প্রয়োজনে আর্জেন্টিনা খেলে যাওয়ার পর শুরু করব।’
ছাদের কাজ বাদে বাকি সবকিছু প্রস্তুত করে জুনের মধ্যে মাঠ বাফুফেকে বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ক্রীড়ামন্ত্রী, ‘আসলে সব কাজের পেছনে রয়েছে আর্থিক বিষয়টি। চেষ্টা করছি অর্থ মন্ত্রণালয় থেকে এই সমস্যা সমাধানের। জুনের আগে আমরা তাদের সবকিছু বুঝিয়ে দেব, যাতে মাঠে খেলা শুরু হতে পারে।’
মেসিদের ঢাকায় আসার দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। তবে বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য আগেরবারের চেয়ে বেশি সুযোগ–সুবিধা থাকবে বলে জানালেন জাহিদ আহসান, ‘এর আগে ২০১১ সালে আর্জেন্টিনাকে যেভাবে স্বাগত জানিয়েছিলাম, মাঠ ও অন্য সব মিলিয়ে যে ধরনের সুযোগ–সুবিধা দিয়েছিলাম, আশা করি এবার তার চেয়ে আরও উন্নত সুবিধা নিয়ে তাদের স্বাগত জানাতে পারব।’