‘মেক্সিকান যিশু’ ও ‘বাজপাখি'দেরও বিশ্বকাপ 

ওয়াইসের দেয়াল ভাঙতে পারেনি মেসিরাছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালোবেসে সবাই তাঁকে ‘মেমো’ নামে ডাকেন। তবে বিশ্বকাপ এলেই এর সঙ্গে ভালোবাসার আরও কিছু নাম যুক্ত হয়। এই যেমন ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে অতিমানবীয় পারফরম্যান্সের পর সমর্থকেরা তাঁকে বলেছিলেন ‘মেক্সিকোর যিশু’। এবারও অনেকটা সেই পথেই হাঁটছেন মেক্সিকোর গোলরক্ষক। বুঝতেই পারছেন, বলা হচ্ছে গিয়ের্মো ওচোয়ার কথা।

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে রবার্ট লেভানডফস্কির পেনাল্টি ঠেকিয়ে দলকে বাঁচিয়েছেন। পুরো ম্যাচে লেভানডফস্কিরা ওচোয়া নামের দেয়ালটাই ভাঙতে পারেননি। আগের দুই বিশ্বকাপের পারফরম্যান্স স্মৃতিতে ভাসালে সামনেও যে ওচোয়ার দেয়াল ভাঙাটা কঠিন হবে, সেটা বলাই যায়। এমনকি প্রতিপক্ষের নাম আর্জেন্টিনা হলেও।

এ তো গেল ওচোয়ার কথা। বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ পার হওয়ার আগেই আরও কয়েকজন গোলরক্ষকও ম্যাচের ভাগ্য বদলে দিয়েছেন। সেই গোলরক্ষকদের তালিকা করতে গেলে সবার আগে সৌদি আরবের গোলরক্ষক মোহাম্মদ আল–ওয়াইসের নামটাই লিখতে হয়। কারণটা কারও অজানা থাকার কথা নয়। লুসাইলে লাতিন জায়ান্টদের স্তব্ধ করে আরব বসন্ত নামানোর অন্যতম রূপকার যে ছিলেন গোলরক্ষক ওয়াইস!

সেদিন লুসাইলে আর্জেন্টিনা যখন ২-১ গোলে পিছিয়ে পড়েছিল, তখনো মেসিদের সামনে যথেষ্ট সময় ছিল গোল পরিশোধ করার। তাঁরা যে চেষ্টা করেননি, তা–ও নয়। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে হুলিয়ান আলভারেজ দারুণ এক হেড নিয়েছিলেন, তবে দুর্দান্ত ডাইভে সেই প্রচেষ্টা রুখে দিয়ে আর্জেন্টিনাকে গোল পেতে দেননি এই গোলরক্ষক। চীনের প্রাচীর হয়ে ওঠা ওয়াইস সেদিন নিরাশ করেছেন তালিয়াফিকো, মেসি ও আলভারেজদের।

কোর্তোয়া একটি পেনাল্টিসহ তিনটি দুর্দান্ত সেভ করেছেন
ছবি: এএফপি

আর্জেন্টিনার অঘটন হজম হতে না হতেই বিশ্বকাপ উপহার দিয়েছে আরেক অঘটনের। জার্মানির বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে যাওয়া ম্যাচটা দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জাপান জিতে নেয় ২-১ গোলে। সেই জাপান রূপকথার অন্যতম নায়কও গোলরক্ষক শুইচি গোন্দা। ম্যাচের দ্বিতীয়ার্ধে মাত্র ২০ সেকেন্ডের ব্যবধানে জার্মানদের চারটি আক্রমণ রুখে দেন এই গোলরক্ষক। পুরো ম্যাচে জার্মানদের আটটি শট ঠেকান গোন্দা।

আলোচনায় আরেকটি নাম আসবে অবধারিতভাবেই। তিনি অবশ্য রিয়াল মাদ্রিদের হয়ে সারা বছরই আলোচনায় থাকেন। বলা হচ্ছে থিবো কোর্তোয়ার কথা। কানাডার বিপক্ষে পুরো ম্যাচে কোণঠাসা হয়ে থাকা বেলজিয়াম যে জয়ের হাসি নিয়ে ফিরেছে, তার পেছনে সবচেয়ে বড় অবদান কোর্তোয়ার। ‘বাজপাখি’ হয়ে ওঠা কোর্তোয়া একটি পেনাল্টিসহ তিনটি দুর্দান্ত সেভ করেছেন।

দিন শেষে পার্থক্য গড়ে দিয়েছিল কোর্তোয়ার সেই পেনাল্টি সেভ। একটা তথ্য জানিয়ে রাখা ভালো, চলতি বছরে কোর্তোয়া নয়টি পেনাল্টির সামনে দাঁড়িয়ে পাঁচটি পেনাল্টিই সেভ করেছেন। তবে এমন পারফরম্যান্সের পরও ম্যাচসেরার পুরস্কার কেন কোর্তোয়ার হাতে ওঠেনি, সেটা রহস্যই বটে।

আরও পড়ুন

ফুটবলে গোলই শেষ কথা। তাই যাঁরা গোল করার কাজটা করেন, তাঁদের কদরটাই বেশি। ‘গোলরক্ষক দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ, এমনকি স্ট্রাইকারের চেয়েও’, কথাটা বলেছিলেন পেপ গার্দিওলা। তবে সময়ের অন্যতম সেরা কোচ যতই এই কথা বলুন না কেন, ফুটবলমহলে আলোচনা গোলদাতাদের নিয়েই বেশি। গোলরক্ষকদের আলোচনায় আসতে হয় তাঁদের অতিমানবীয় কোনো পারফরম্যান্স দিয়ে। কাতার বিশ্বকাপে সেই কঠিন কাজই বোধ হয় করছেন কোর্তোয়ারা।ক