রোনালদোর চোখে জোতার মৃত্যুর দিনে শেষ ষোলোয় ওঠা ‘অবিশ্বাস্য’

ম্যাচ শেষে জোতার ২১ নম্বর জার্সি পরে আকাশে তাকিয়ে কাকে দেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো? জোতাকে!এএফপি

সময় কত দ্রুত বয়ে যায়!

পর্তুগাল ফরোয়ার্ড দিয়োগো জোতার মর্মান্তিক মৃত্যু মনে হয় এই তো সেদিনের কথা, অথচ এক বছর হয়ে গেল! আর কী কাকতাল, গাড়ি দুর্ঘটনায় জোতার মৃত্যুর এক বছর পূর্তির দিনেই বিশ্বকাপে মাঠে নামল পর্তুগাল। যেখানে থাকার কথা ছিল জোতারও। অবশ্য রবার্তো মার্তিনেজের দলে জোতা তো না থেকেও আছেন!

বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার সময় পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজই তাঁকে দলে রেখেছিলেন। বলেছিলেন, পর্তুগালের স্কোয়াডের সদস্যসংখ্যা ‘২৬+১’। জোতা মার্তিনেজের চোখে পর্তুগাল দলের ‘আলো’।

টরন্টোতে জোতার ‘আলো’ হয়ে যাওয়ার বছর পূর্তির দিনেই বিশ্বকাপের শেষ ষোলোয় উঠল পর্তুগাল। শেষ ৩২ দলের রাউন্ডে মহানাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারায় মার্তিনেজের দল। এই ম্যাচ শুরু হয়েছে বাংলাদেশ সময় ৩ জুলাই ভোর ৫টায়, যদিও কানাডায় স্থানীয় সময় ছিল ২ জুলাই, তবে পর্তুগালে আবার ৩ জুলাই। গত বছরের ৩ জুলাই মাত্র ২৮ বছর বয়সে ভাই আন্দ্রে সিলভাকে নিয়ে উত্তর-পশ্চিম স্পেনের একটি সড়কে দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেন জোতা। দুই ভাই–ই সেই দুর্ঘটনায় প্রাণ হারান।

জোতার ২১ নম্বর জার্সি হাতে রোনালদো। সঙ্গে পর্তুগাল দল। ম্যাচ শেষে
এএফপি

জোতার মৃত্যুর বছর পূর্তির দিনেই পর্তুগালের বিশ্বকাপের শেষ ষোলোয় ওঠা রোনালদোর চোখে ‘জীবনের কাকতাল’। পেনাল্টি থেকে পর্তুগালকে প্রথম গোল এনে দেওয়া রোনালদো ম্যাচ শেষে ফক্স স্পোর্টসকে বলেন, ‘জীবনের কী কাকতাল, অবিশ্বাস্য! ম্যাচের আগেই আমরা বিষয়টি জানতাম। অত্যন্ত আবেগঘন মুহূর্ত। আজ দলের সবাই মিলে আমরা এই কাকতালীয় বিষয়টি নিয়ে কথা বলেছি। সত্যিই এটি অবিশ্বাস্য।’

জোতার ২১ নম্বর জার্সিটি গায়ে জড়িয়ে ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন রোনালদো। আকাশে তাকিয়ে আঙুল তুলে কিছু একটা দেখানও। সম্ভবত জোতাকে! ৪১ বছর বয়সী এই কিংবদন্তি আরও বলেন, ‘আমি সত্যিই অভিভূত। আজকের মুহূর্ত আমাদের কাছে অনেক বড় কিছু। শুধু ম্যাচটি জিতেছি বলেই নয়, যেভাবে জয়টি এসেছে, সেটিও দারুণ।’

আরও পড়ুন

সেই দারুণ জয়ে জোতা যে তাঁদের সঙ্গে ছিলেন, সে বিশ্বাসের কথাও বলেছেন রোনালদো। পর্তুগালের ‘স্পোর্ট টিভি’কে বলেন, ‘সে (জোতা) আমাদের মাঝেই আছে। তাকে সবচেয়ে ভালোভাবে সম্মান জানাতে আজকের জয়টি বড্ড দরকার ছিল।’

জয়ের পর পর্তুগাল সতীর্থদের সঙ্গে রোনালদো। গায়ে জোতার ২১ নম্বর জার্সি
এএফপি

পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ মনে করেন, এই জয়ের বিশেষ তাৎপর্য আছে। মার্তিনেজের ভাষায়, ‘পর্তুগিজ সমর্থকদের জন্য এটি অত্যন্ত আনন্দের একটি দিন। শুধু শেষ ষোলোতে উঠেছি বলেই নয়; বরং এই ম্যাচের ভিন্ন অর্থ আছে। যে বছরে আমরা দিয়োগো জোতাকে শ্রদ্ধা জানাচ্ছি, সেই বছরেই এই জয় এল।’

ডিআর কঙ্গোর বিপক্ষে বিশ্বকাপে পর্তুগালের প্রথম ম্যাচের আগে হিউস্টনের স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে জোতার একটি সাদা–কালো ছবি প্রদর্শন করে তাঁকে স্মরণ করা হয়।

টেক্সাসের আর্লিংটনে আগামী সোমবার রাতে শেষ ষোলোর ম্যাচে স্পেনের মুখোমুখি হবে পর্তুগাল।

আরও পড়ুন