বিশ্বকাপ সামনে রেখে উরুগুয়ে জাতীয় দলে ফিরতে চান সুয়ারেজ

উরুগুয়ের হয়ে বিশ্বকাপে ফিরতে চান লুইস সুয়ারেজএএফপি

২০২৬ সালের বিশ্বকাপে ফেরার ইঙ্গিত দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন উরুগুয়ের কিংবদন্তি ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, সম্প্রতি উরুগুয়ের সংবাদমাধ্যম ‘দিয়ারিও ওভাসিওন’কে দেওয়া সাক্ষাৎকারে সুয়ারেজ বলেন, জাতীয় দল চাইলে তিনি বিশ্বকাপ খেলতে অবসর ভেঙে ফিরতে প্রস্তুত। এই মন্তব্যে ৩৯ বছর বয়সী সুয়ারেজকে আবার বিশ্বকাপে দেখার সম্ভাবনা জোরালো হলো।

২০২৪ সালের ৩ সেপ্টেম্বর মন্তেভিদিওতে সংবাদ সম্মেলনে সজল চোখে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন সুয়ারেজ। তখন তিনি বলেছিলেন, ‘সময় হয়েছে সরে দাঁড়ানোর। জাতীয় দল থেকে অবসর নেওয়ার সাহস অর্জন করতে পেরেছি।’

এর চার দিন পর ৭ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ের দক্ষিণ আমেরিকা অঞ্চলের সপ্তম রাউন্ডে প্যারাগুয়ের বিপক্ষে পুরো ম্যাচ খেলেই উরুগুয়ের জার্সিকে বিদায় জানান সুয়ারেজ। দুই বছর পর এবার সুয়ারেজ আবার জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করলেন। সুয়ারেজ বলেন, ‘জাতীয় দল সব সময়ই এমন এক জায়গা, যেখানে আমি থাকতে চাই। বিশ্বকাপের আগে যদি দল আমাকে প্রয়োজন মনে করে, আমি কখনোই দেশকে “না” বলতে পারব না, কখনোই না।’

আরও পড়ুন

সুয়ারেজ জোর দিয়ে আরও বলেন, ‘আমি অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম যাতে অন্য খেলোয়াড়দের সুযোগ দেওয়া যায়। কারণ, আমি অনুভব করেছিলাম, আর দলের জন্য যথেষ্ট অবদান রাখতে পারব না। কিন্তু যদি দল আমাকে প্রয়োজন মনে করে, যতক্ষণ আমি সক্রিয় আছি, জাতীয় দলের ব্যাপারে “না” বলা আমার পক্ষে সম্ভব নয়।’

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার সময় লুইস সুয়ারেজ
রয়টার্স

সুয়ারেজ ইন্টার মায়ামির হয়ে সর্বশেষ খেলেছেন ৫ এপ্রিল। অস্টিনের বিপক্ষে মেজর লিগ সকারের (এমএলএস) সেই ম্যাচের ৭৪তম মিনিটে কোচ হাভিয়ের মাচেরানো তাঁকে বদলি হিসেবে নামান। তখন তাঁর দল পিছিয়ে ছিল ২–১ গোলে। ৮৩ মিনিটে গোল করে সুয়ারেজই সমতায় ফেরান দলকে। মায়ামির হয়ে সাম্প্রতিক পারফরম্যান্সও সুয়ারেজের জাতীয় দলে ফেরায় ভূমিকা রাখতে পারে। গত মৌসুমে ৫০ ম্যাচে ১৭ গোল করার পাশাপাশি ১৭টি গোল করান সুয়ারেজ।

সুয়ারেজ যদি শেষ পর্যন্ত উরুগুয়ের জাতীয় দলে ফিরে বিশ্বকাপে খেলেন, তবে লিওনেল মেসি (৩৯) এবং ক্রিস্টিয়ানো রোনালদোর (৪১) মতো তিনিও বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় নেওয়ার দারুণ সুযোগ পাবেন। সুয়ারেজের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে, তা জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন

উরুগুয়ের জার্সিতে ১৭ বছরের ক্যারিয়ারে সুয়ারেজই সর্বোচ্চ গোলদাতা। ১৪৩ ম্যাচে করেছেন ৬৯ গোল। উরুগুয়ে জাতীয় দলের হয়ে গোল করায় ইন্টার মায়ামি তারকার পরেই আছেন ৩৯ বছর বয়সী এদিনসন কাভানি, যার গোল ৫৮টি।
আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। এবার আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।