‘লোকে বলে এই ব্রাজিল সেই ব্রাজিল নয়, কিন্তু তারপরও এটা ব্রাজিলই’

বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ভিনিসিয়ুসরা।এএফপি

দর্শকপ্রিয় দলগুলোর মধ্যে এবার সবার আগে কঠিন পরীক্ষায় ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে আফ্রিকান চ্যাম্পিয়ন মরক্কোর। চার বছর আগে প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনালে খেলেছিল তারা। এমনকি বর্তমান ফিফা র্যাঙ্কিংয়েও ব্রাজিলের (৬) খুব কাছেই (৮)। তাই অনেকের চোখেই ম্যাচটি ৫০-৫০ লড়াই।

তবে মরক্কো কোচ মোহাম্মদ উয়াহবির চোখে ব্রাজিলই এগিয়ে। সর্বশেষ পাঁচ বিশ্বকাপে ফাইনালও খেলতে পারেনি সেলেসাওরা। কিন্তু লাতিন আমেরিকার ফুটবল দলটির যে ফুটবল ঐতিহ্য আর বর্তমান স্কোয়াডের যে সক্ষমতা, তাতে ‘ব্রাজিল’ নামটাই ওজনদার বলে মনে করেন তিনি।

বিশ্বকাপে মরক্কোর প্রথম ম্যাচ নিয়ে নিউজার্সিতে সংবাদ সম্মেলনে উয়াহবি বলেন, ‘লোকে বলে এই ব্রাজিল সেই ব্রাজিল নয়, কিন্তু তারপরও এটা ব্রাজিলই।’ তবে ব্রাজিলকে সমীহ করলেও নিজেদের একেবারে পিছিয়েও রাখছেন না মরক্কোর কোচ। আশরাফ হাকিমি, ব্রাহিম দিয়াজদের নিয়ে গড়া দলটি যে কোনো প্রতিপক্ষের সঙ্গে লড়াই করতে পারে বলে বিশ্বাস তাঁর, ‘আমাদের শীর্ষ খেলোয়াড়দের একটি দল আছে, যারা সেরা দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলতে সক্ষম। ব্রাজিলের প্রতি পূর্ণ সম্মান রেখেই আমরা জয়ের তাড়না নিয়ে মাঠে নামবো।’

এরপর এক ধরনের ‘সতর্কবার্তা’ও হতে দিতে চেয়েছেন ব্রাজিলকে, ‘মাঠের লড়াই–ই ঠিক করবে কে কোন অবস্থানে। আমাদের পক্ষে যতটুকু সম্ভব, ততটুকু চেষ্টাই করবো আমরা।’

সংবাদ সম্মেলনে মরক্কো কোচ মোহাম্মদ উয়াহবি
এএফপি

জানুয়ারিতে আফ্রিকান অব নেশনস জেতা মরক্কো (মাঠে সেনেগাল জিতলেও পরে ট্রফি কেড়ে নেওয়া হয়, বর্তমান বিচারাধীন) এবার বিশ্বকাপেও শিরোপানির্ধারণী ম্যাচে খেলতে চায়। বিশ্বকাপের মাত্র তিন মাস আগে দায়িত্ব নেওয়া উয়াহবির সেটি তুলে ধরে বলেন, ‘মরক্কো এই বিশ্বকাপে অংশ নিতে আসেনি। আমাদের লক্ষ্য ইতিবাচক কিছু, সর্বোচ্চ সুযোগটা কাজে লাগানো।’

‘সি’ গ্রুপে ব্রাজিল–মরক্কো ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আগামীকাল ভোট ৪টায়।

আরও পড়ুন