বিশ্বকাপের আগে ইউরোপিয়ান দলের মুখোমুখি হবে আর্জেন্টিনা

আর্জেন্টিনা ফুটবল দলরয়টার্স

ইউরোপিয়ান দলের মুখোমুখি না হওয়ার খরা কাটছে আর্জেন্টিনার।

আগামী জুনে বিশ্বকাপ শুরুর আগে মধ্য আমেরিকার দেশ হন্ডুরাস এবং ইউরোপের দেশ আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) গতকাল এ খবর জানিয়েছে। ২০২২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথম ইউরোপিয়ান কোনো দলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

টেক্সাসের কাইল ফিল্ডে ৬ জুন হন্ডুরাসের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। এরপর ৯ জুন আলাবামায় তাদের মুখোমুখি হবে আইসল্যান্ড। বিশ্বকাপের জন্য ঘোষণা করা স্কোয়াড এ দুটি ম্যাচে খেলাবেন আর্জেন্টিনার কোচ স্কালোনি। বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড জমা দিতে ৩০ মে পর্যন্ত সময়সীমা পাচ্ছেন স্কালোনি। আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। এবার আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। ‘জে’ গ্রুপে আর্জেন্টিনার তিন প্রতিদ্বন্দ্বী দল অস্ট্রিয়া, জর্ডান ও আলজেরিয়া। ১৬ জুন আলজেরিয়ার মুখোমুখি হয়ে বিশ্বকাপ ধরে রাখার অভিযান শুরু করবে স্কালোনির দল।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি
এএফপি

আর্জেন্টিনার এ দুটি প্রীতি ম্যাচ ঠিক হওয়ার আগে জানা গিয়েছিল, এবারই প্রথম বিশ্বকাপ-চক্রে ইউরোপিয়ান কোনো প্রতিপক্ষের মুখোমুখি না হয়েই পরবর্তী বিশ্বকাপ খেলতে নামবে আর্জেন্টিনা। কিন্তু আইসল্যান্ড প্রীতি ম্যাচের প্রতিপক্ষ ঠিক হওয়ার পর এই কথা আর খাটছে না। বিশ্বকাপে নামার আগে আইসল্যান্ডের বিপক্ষে শেষ প্রীতি ম্যাচটি খেলবে আর্জেন্টিনা।

আরও পড়ুন

রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে লিওনেল মেসির পেনাল্টি ঠেকান আইসল্যান্ডের গোলকিপার হ্যানস হলডারসন। এখন পর্যন্ত এই একবারই মুখোমুখি হয়েছে দুই দল। এবার দুটি দলের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে আলাবামার জর্ডান-হের স্টেডিয়ামে। আমেরিকান ফুটবলের এ ভেন্যুর ৮৭ বছরের ইতিহাসে এটাই হবে প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ।

আর্জেন্টিনা এর আগে তিনবার হন্ডুরাসের মুখোমুখি হয়ে প্রতিবারই জিতেছে। এই তিন ম্যাচে ৭ গোল করার বিপরীতে তারা হজম করেছে মাত্র ১ গোল। ফিফা র‍্যাঙ্কিংয়ে হন্ডুরাস ৬৬তম এবং আইসল্যান্ডের অবস্থান ৭৫ নম্বরে।

আরও পড়ুন