শুরুর আগেই এশিয়ান গেমস শেষ নবীরণের
১৯ সেপ্টেম্বর জাপানের আইচি-নাগোয়ায় শুরু হবে এশিয়ান গেমসের ২০তম আসর। তবে ফুটবল শুরু হচ্ছে এর আগেই। আগামীকাল প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। এরই মধ্যে বড় ধাক্কা খেয়েছে দলটি। এশিয়ান গেমস শুরুর আগেই চোটের কারণে ছিটকে গেছেন ডিফেন্ডার নবীরণ খাতুন।
দল সূত্রে জানা গেছে, ৭ সেপ্টেম্বর চায়নিজ উইমেন্স সুপার লিগের দল গুয়াংডং এফসির বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাঁটুতে গুরুতর চোট পান নবীরণ। চোটের কারণে তাঁকে আর এশিয়ান গেমসে পাওয়া যাচ্ছে না।
২০২২ থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলে খেলেছেন নবীরণ। এরপর জাতীয় দলে জায়গা করে নেন তিনি। গত বছরের মার্চে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় এই সেন্টারব্যাকের। ধীরে ধীরে বাংলাদেশের রক্ষণভাগের গুরুত্বপূর্ণ সদস্যও হয়ে ওঠেন নবীরণ।
তাঁর চোটে রক্ষণভাগ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে কোচ পিটার বাটলারকে। দলে থাকা অন্য চার সেন্টারব্যাক হলেন শিউলি আজিম, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু ও অর্পিতা বিশ্বাস। তাঁদের মধ্যে কোহাতি ও আফঈদাকে আগামীকাল উত্তর কোরিয়ার বিপক্ষে প্রথম একাদশে দেখা যেতে পারে।
দ্বিতীয়বারের মতো এশিয়ান গেমসে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২০২২ সালের আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল তারা। এবারও কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপে প্রতিপক্ষ উত্তর কোরিয়া ছাড়াও আছে দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার।
আগামীকাল উত্তর কোরিয়া ম্যাচের পর ১৭ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়া এবং ২১ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিয়ানমারের মুখোমুখি হবে বাংলাদেশ। তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বেলা একটায়।