নষ্ট করে দেওয়া মেসির দেয়ালচিত্রকে আগের রূপে ফিরিয়ে এনেছেন সমর্থকেরা
ইন্টার মায়ামি সমর্থকদের উচিত এ ঘটনার যোগ্য জবাব দেওয়া—মেসির দেয়ালচিত্র নষ্ট করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এভাবেই লিখেছিলেন ইন্টার মায়ামির এক সমর্থক।
জবাবটা ঠিকই দিয়েছেন মায়ামির সমর্থকেরা। পাল্টা কিছু নষ্ট করে নয়; বরং নষ্ট করা দেয়ালচিত্র আগের রূপে ফিরিয়ে এনে। এক দিন পরই নষ্ট করা সেই দেয়ালচিত্র প্রায় আগের রূপে ফিরিয়ে এনেছেন তাঁরা। একেবারে আগের রূপে ফেরাতে সময় লাগবে আরও দু-তিন দিন।
মেসির যুক্তরাষ্ট্রের ফুটবলে আসার ঘোষণার পর থেকেই মেসি–জ্বরে কাঁপছে যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় কিছুদিন আগে মেসির নান্দনিক একটি দেয়ালচিত্র অঙ্কন করে ইন্টার মায়ামির কট্টর সমর্থক গোষ্ঠী ভাইস সিটি ১৮৯৬। এই দেয়ালচিত্রে ইন্টার মায়ামির গোলাপি রঙের জার্সিতে দেখা যাচ্ছিল মেসিকে।
মেসির মায়ামিতে যাওয়া সবাই ভালোভাবে নিতে পারেননি। বিশেষ করে প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোর কট্টর সমর্থকেরা। তাই লোকচক্ষুর অন্তরালে মেসির এই দেয়ালচিত্র নষ্ট করেছেন প্রতিপক্ষ দলের সমর্থকেরা। কারা এই কাজ করেছেন, সেটা নিশ্চিত করে বলার সুযোগ নেই। তবে ধারণা করা হচ্ছে, দুটি দল এই কাণ্ড ঘটাতে পারে, যেখানে সম্ভাব্য একটি দল ভাবা হচ্ছে মায়ামি এফসি ও অন্য দলটি হলো অরল্যান্ডো সিটি এফসি।
এই ঘটনা যারাই ঘটাক না কেন, ভাইস সিটি ১৮৯৬ খুব একটা মাথায় ঘামায়নি। এই দেয়ালচিত্রের ডিজাইনার মোরামার্কোর ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন অনেকেই। আর এর শুরুটা হয়েছিল মোরামার্কোর এক অনুরোধে, ‘আমি গ্রুপ চ্যাটে একটা বার্তা পাঠাই, সবাইকে সাহায্য করার অনুরোধ করি। আমি বিশ্বাস করতে পারছি না কত মানুষ এগিয়ে এসেছে। সামষ্টিক এই কাজে আমরা গর্বিত। দেয়ালচিত্র নষ্টের এই প্রচেষ্টা আমাদের একত্র করেছে।’
৮০ জন মানুষের ৮ রাতের প্রচেষ্টায় গড়া দেয়ালচিত্র নষ্ট দেখার প্রতিক্রিয়ায় কেমন ছিল, এই প্রশ্নে মোরামার্কো বলেছেন, ‘আমি হেসেছি, কিন্তু খুব ধাক্কাও খেয়েছিলাম। কাউকে অনেক পথ পাড়ি দিয়ে সেখানে যেতে হয়েছে, ভেবেচিন্তে রং দিয়েছে। কেউ আমাদের কাজে বিরক্ত হচ্ছে মানে আমরা ঠিক কাজটাই করছি।’