ভিয়েতনাম ও সিঙ্গাপুর—দুই ম্যাচেই হামজাকে পাওয়ার আশা কাবরেরার

হামজা চৌধুরীশামসুল হক

হামজা চৌধুরী চোটে পড়লে দুশ্চিন্তা বেড়ে যায় বাংলাদেশের। লেস্টার সিটির মিডফিল্ডার যে এখন বাংলাদেশ দলেরও প্রাণভোমরা। চোটের কারণে এ মাসের প্রথম সপ্তাহ থেকে মাঠের বাইরে হামজা। পুরোপুরি সেরে উঠতে ৬-৮ সপ্তাহ লাগার কথা। তবে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরার আশা, হামজাকে সময়মতো পাওয়া যাবে।

পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে আজ বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ইফতার অনুষ্ঠানের একফাঁকে কাবরেরা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, তিনি নিয়মিত হামজা ও লেস্টার সিটির মেডিকেল টিমের সঙ্গে যোগাযোগ রাখছেন।

কোচের ভাষ্যমতে, হামজার পুনর্বাসনপ্রক্রিয়া খুব ভালোভাবেই এগোচ্ছে। মার্চের মাঝামাঝি তাঁর মাঠে ফেরার কথা রয়েছে এবং সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচেও তাঁকে দেখা যেতে পারে।

বাংলাদেশ দলের অনুশীলনে কোচ কাবরেরার সঙ্গে হামজা
প্রথম আলো

তার আগে ২৬ মার্চ ভিয়েতনামে ভিয়েতনামের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সে ম্যাচেও তাঁকে পাওয়ার ব্যাপারে আশাবাদী কোচ। হামজা শেষ পর্যন্ত ম্যাচ দুটি খেললে ঢাকা না এসে সরাসরি ভিয়েতনাম যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ প্রসঙ্গে কাবরেরা বলেন, ‘হামজাকে নিয়ে আমরা ইতিবাচক। আশা করি, ওর রিকভারি খুব ভালোভাবেই হবে।’

হামজার পাশাপাশি আরেক প্রবাসী ফুটবলার শমিত সোমের ব্যাপারেও সুখবর দিয়েছেন কোচ। শমিতের সঙ্গে তাঁর নিয়মিত কথা হচ্ছে এবং শমিত নিজেও জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে আগ্রহী। কাবরেরা চাইছেন, শমিত যেন ঢাকা থেকেই ক্যাম্প শুরু করতে পারেন।

শমিত সোমও খেলবেন মার্চের দুই আন্তর্জাতিক ম্যাচে
শামসুল হক

১৪ মার্চ বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচ শেষে ১৬ মার্চের দিকে ঢাকায় জাতীয় দলের প্রাথমিক ক্যাম্প শুরু হওয়ার কথা। ঢাকায় তিন-চারটি সেশন শেষ করে দল ভিয়েতনাম যাবে।

ভিয়েতনামের বর্তমান ফিফা র‍্যাঙ্কিং ১০৮ হওয়ায় তাদের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করেন কাবরেরা। বছরের শেষে সাফ চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখেই তিনি উচ্চ র‍্যাঙ্কিংয়ের দলগুলোর বিপক্ষে খেলার প্রস্তাব দিয়েছিলেন, যা বাফুফে গ্রহণ করেছে।

নিজের চুক্তির মেয়াদ এবং ভবিষ্যতে ডাগআউটে থাকা নিয়ে এখনই তাড়াহুড়া করতে রাজি নন এই স্প্যানিশ কোচ। কাবরেরা জানান, চুক্তির আরও দুই মাস বাকি আছে এবং সিঙ্গাপুর ম্যাচের পর বাফুফে সভাপতির সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। কাবরেরা বলেন, ‘সিদ্ধান্তটি এখনো চূড়ান্ত হয়নি। আমার মনে হয়, এ বিষয়ে আমাদের ধৈর্য ধরতে হবে। চুক্তির আরও দুই মাস বাকি আছে এবং আমার সামনে ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচ দুটি খুব গুরুত্বপূর্ণ। আমরা এরপর এ নিয়ে কথা বলব, তাড়াহুড়া করার প্রয়োজন নেই।’

বাংলাদেশে কোচ হিসেবে সাড়ে চার বছর কাটিয়েছেন হাভিয়ের কাবরেরা
শামসুল হক

গত সাড়ে চার বছরে বাংলাদেশে কাটানো সময় এবং এখানকার রমজান ও উৎসবের সংস্কৃতি তিনি ভীষণ উপভোগ করেন বলে জানান স্প্যানিশ এই কোচ, ‘এখানে প্রায় সাড়ে চার বছর হলো আছি। এটা সব সময়ই আনন্দের। আমি এখানকার সংস্কৃতি সত্যিই উপভোগ করি। দল, খেলোয়াড় ও কোচদের সঙ্গে এই সময়গুলো উপভোগ করার সুযোগ পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। এই সংস্কৃতির প্রতি আমি সব সময় শ্রদ্ধাশীল এবং যতটা সম্ভব উপভোগ করার চেষ্টা করি।’

এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়া যাওয়া বাংলাদেশ নারী ফুটবল দলকে শুভকামনা জানিয়েছেন কোচ। কাবরেরার বিশ্বাস, বাংলাদেশের মেয়েরা লড়াকু মানসিকতা নিয়ে এশিয়ান কাপে ভালো ফল করবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি তাঁর গভীর অনুরাগের কথাও জানান কাবরেরা।

আরও পড়ুন