সিডনিতে পৌঁছেই ক্লান্তি ভুলে অনুশীলনে ঋতুপর্ণারা

সিডনিতে গিয়েই অনুশীলনে নেমে পড়েছে বাংলাদেশ নারী দলবাফুফে

বাংলাদেশের নারী ফুটবল ইতিহাসে রচিত হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল মঞ্চে নামতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। ১-২১ মার্চ অস্ট্রেলিয়ার তিন শহরের পাঁচ ভেন্যুতে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে অংশ নিতে গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টায় (অস্ট্রেলিয়ান সময়) সিডনি পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল।

বিমানে দীর্ঘ ভ্রমণের ধকল থাকলেও বিশ্রামের সুযোগ ছিল সামান্যই। সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে পৌঁছানোর মাত্র সাত ঘণ্টা পরই কোচ পিটার বাটলার দলবল নিয়ে নেমে পড়েন অনুশীলনে। সিডনির সকালের রোদে নিজেদের ঝালিয়ে নিতে সকাল আটটাতেই মাঠে নেমে পড়েন আফঈদা-ঋতুপর্ণারা। সকালে মাঠের অনুশীলনের পর বিকেলের সেশনে জিম করে সময় কাটিয়েছেন তাঁরা।

বাফুফের পাঠানো এক ভিডিও বার্তায় গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ খেলোয়াড়দের শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে ইতিবাচক খবর দিয়েছেন। তাঁর কথায়, ‘দীর্ঘ ভ্রমণের ক্লান্তি খেলোয়াড়দের মধ্যে থাকলেও ইনজুরি নিয়ে কোনো শঙ্কা নেই। সবাই পুরো ফিট আছে। আমরা এখন মূলত এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে কাজ করছি। প্রথম দিনের ট্রেনিং সেশনটা বেশ ফলপ্রসূ হয়েছে।’

অনুশীলনে বাংলাদেশের মেয়েরা
বাফুফে

সিডনির বর্তমান আবহাওয়া ঢাকার অনেকটা কাছাকাছি। ঢাকায় ৩০ ডিগ্রির আশপাশে, সিডনিতে ২৩ ডিগ্রির আশপাশে। সকাল ও দুপুরে বেশ গরম সেখানে। এই আবহাওয়া বাংলাদেশের মেয়েদের জন্য সমস্যা হবে না বলেই মনে করছেন কোচিং স্টাফ।

আরও পড়ুন

ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কের সুযোগ-সুবিধা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে গোলকিপার কোচ আরও যোগ করেন, ‘একটি পরিপূর্ণ পেশাদার ফুটবল দলের জন্য যা যা সুযোগ-সুবিধা দরকার, তার সবই এখানে রয়েছে। কোচ পিটার বাটলারের নির্দেশনা অনুযায়ী খেলোয়াড়েরা নিজেদের মানিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করছে।’

অনুশীলনে আনিকা রানিয়া সিদ্দিকী
বাফুফে

এশিয়ান কাপের মূল লড়াইয়ে নামার আগে নিজেদের পরখ করে নিতে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ দল। ২৫ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন স্পোর্টস ক্লাবে স্থানীয় একটি ক্লাবের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচটি হবে নিজেদের কৌশল ঝালিয়ে নেওয়ার বড় সুযোগ।

ভ্যালেন্টাইন স্পোর্টস পার্ক থেকে ২৭ ফেব্রুয়ারি এএফসির নির্ধারিত অফিশিয়াল টিম হোটেলে উঠবে বাংলাদেশ দল।

আরও পড়ুন