জার্মানির নতুন কোচ ইয়ুর্গেন ক্লপ

ফ্রাঙ্কফুর্টে সংবাদ সম্মেলনে জার্মানির নতুন কোচ ইয়ুর্গেন ক্লপএএফপি

জার্মানির নতুন কোচ হিসেবে ইয়ুর্গেন ক্লপের নাম ঘোষণা করা হয়েছে। ফ্রাঙ্কফুর্টে এক সংবাদ সম্মেলনে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফবি) সভাপতি বানর্ড নয়েনডর্ফ বলেন, ‘আজ নতুন কোচ হিসেবে ইয়ুর্গেন ক্লপকে পরিচয় করিয়ে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’

কিছুদিন আগে শেষ হওয়া বিশ্বকাপে শেষ বত্রিশের খেলায় প্যারাগুয়ের কাছে হেরে বিদায় নেয় জার্মানি। এরপর কোচ ইউলিয়ান নাগলসমানকে বরখাস্ত করে ডিএফবি।

নয়েনডর্ফ জানান, ক্লপের চুক্তির মেয়াদ ‘২০৩০ সালের গ্রীষ্ম পর্যন্ত। অর্থাৎ মরক্কো, স্পেন ও পর্তুগালে অনুষ্ঠিত হতে যাওয়া পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত।’ ডিএফবির প্রধান যোগ করেন, চুক্তিটি আগামী ১৫ আগস্ট থেকে কার্যকর হবে।

নাগলসমান দায়িত্ব ছাড়ার পর জার্মানির কোচ হওয়ার ইচ্ছার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন ৫৯ বছর বয়সী ক্লপ।

ক্লপ কি জার্মান ফুটবলের সুদিন ফেরাতে পারবেন। ফ্রাঙ্কফুর্টে সংবাদ সম্মেলনে
এএফপি

২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় জার্মানি। ২০১৪ আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর এবারসহ টানা তিন আসরে হতাশায় বিশ্বকাপ শেষ করেছে তারা। সর্বশেষ পাঁচটি বড় টুর্নামেন্টে নকআউটে জার্মানির জয় মাত্র একটি। ২০২৪ নিজেদের মাঠে আয়োজিত ইউরোয় কোয়ার্টার ফাইনালে ওঠাই সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় সাফল্য।

ক্লপের কোচিং ক্যারিয়ার শুরু হয়েছিল জার্মানির ক্লাব মাইনৎসে। এই ক্লাবে তিনি খেলোয়াড় হিসেবেও এক দশকের বেশি সময় কাটিয়েছিলেন। এরপর ডর্টমুন্ডের কোচ হিসেবে বুন্দেসলিগা জিতেছেন দুবার। চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও তোলেন ডর্টমুন্ডকে। তবে ক্লপ কিংবদন্তি হয়ে ওঠেন ইংল্যান্ডের ক্লাব লিভারপুলে। তাঁর অধীন দীর্ঘ ৩০ বছরের খরা কাটিয়ে ২০২০ সালে প্রিমিয়ার লিগ জেতে লিভারপুল। এর আগের বছর জিতেছে চ্যাম্পিয়নস লিগ শিরোপাও। ক্লান্তির কথা জানিয়ে ২০২৪ সালে লিভারপুল কোচের পদ ছাড়েন এই জার্মান।

২০২৫ সাল থেকে অস্ট্রিয়ান এনার্জি ড্রিংক প্রস্তুতকারক প্রতিষ্ঠান রেড বুলের ‘হেড অব গ্লোবাল সকার’ হিসেবে দায়িত্ব পালন করছিলেন ক্লপ। সেখানে তিনি রেড বুলের সঙ্গে সম্পৃক্ত ক্লাব লাইপজিগ, রেড বুল সালজবুর্গ ও নিউইয়র্ক রেড বুলসের ফুটবল কার্যক্রম তদারক করতেন।

আরও পড়ুন