আজই কি ক্লপের হাতে দায়িত্ব তুলে দেবে জার্মানি

ইয়ুর্গেন ক্লপএএফপি

জার্মানির কোচ হিসেবে ইয়ুর্গেন ক্লপের নাম আজই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। আজ সংবাদ সম্মেলন ডেকেছে জার্মানি ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)।

বরুসিয়া ডর্টমুন্ড ও বিশেষ করে লিভারপুলে কোচ হিসেবে দারুণ সাফল্য পেয়েছেন ক্লপ। জার্মানিকে আবারও সাফল্য এনে দিতে তাঁকে কোচ বানাতে চায় ডিএফবি। এ নিয়ে সংস্থাটির সঙ্গে ক্লপের আলোচনাও চলছে।

গতকাল বৃহস্পতিবার ডিএফবির তরফ থেকে জানানো হয়, শুক্রবার সকালে (স্থানীয় সময় বেলা ১১টা ও বাংলাদেশে বিকাল ৩টা ) ফ্রাঙ্কফুর্টে তাদের সদর দপ্তরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। তবে আলোচনার বিষয়বস্তু কী, তা নির্দিষ্ট করে বলা হয়নি।

বার্তা সংস্থা এএফপির ক্রীড়াভিত্তিক সংস্থা ‘এসআইডি’র প্রতিবেদনে বলা হয়, ক্লপের সঙ্গে চুক্তির বিষয়টিতে ডিএফবির নীতিনির্ধারণী পর্ষদ এখনো আনুষ্ঠানিক অনুমোদন দেয়নি বলেই সংবাদ সম্মেলনের মূল বিষয়টি খোলাসা করা হয়নি।

লিভারপুলের কোচ হিসেবে দারুণ সাফল্য পেয়েছেন ইয়ুর্গেন ক্লপ
এএফপি

৫৯ বছর বয়সী ক্লপ তাঁর প্রজন্মের সবচেয়ে সফল কোচদের একজন। ২০৩০ সালের পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত জার্মানির সঙ্গে তাঁর চুক্তির সম্ভাবনা রয়েছে।

ক্লপ ২০২৫ সাল থেকে অস্ট্রিয়ান এনার্জি ড্রিংক প্রস্তুতকারক প্রতিষ্ঠান রেড বুলের ‘হেড অব গ্লোবাল সকার’ হিসেবে দায়িত্ব পালন করছেন। সেখানে তিনি রেড বুলের সঙ্গে সম্পৃক্ত ক্লাব আরবি লাইপজিগ, রেড বুল সালজবুর্গ ও নিউইয়র্ক রেড বুলসের ফুটবল কার্যক্রম তদারক করেন।

আরও পড়ুন

জার্মান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কোনো ফি ছাড়াই ক্লপকে ছেড়ে দেবে রেড বুল। তবে এর পরিবর্তে মেরুদণ্ডের আঘাতসংক্রান্ত গবেষণায় সহায়তাকারী সংস্থা ‘উইংস ফর লাইফে’ ১০ লাখ ইউরো অনুদান গ্রহণ করবে তারা।

কিছুদিন আগে শেষ হওয়া বিশ্বকাপে শেষ ৩২ দলের রাউন্ডে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় নেয় জার্মানি। এরপর কোচ ইউলিয়ান নাগলসমানকে বরখাস্ত করে ডিএফবি।

২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় জার্মানি। সর্বশেষ পাঁচটি বড় টুর্নামেন্টে নকআউট পর্বে মাত্র এক ম্যাচ জিতেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ২০২৪ ইউরোর আয়োজক হিসেবে কোয়ার্টার ফাইনালে ওঠাই সাম্প্রতিক সময়ে তাদের বড় সাফল্য।

ক্লপের কোচিং ক্যারিয়ার শুরু হয়েছিল জার্মানির ক্লাব মেইঞ্জে। এই ক্লাবে তিনি খেলোয়াড় হিসেবেও এক দশকের বেশি সময় কাটান। এরপর ডর্টমুন্ডের কোচ হিসেবে বুন্দেসলিগা জিতেছেন দুবার। চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও তোলেন ডর্টমুন্ডকে।

তবে ক্লপ কিংবদন্তি হয়ে ওঠেন ইংল্যান্ডের ক্লাব লিভারপুলে। তাঁর অধীনেই দীর্ঘ ৩০ বছরের খরা কাটিয়ে ২০২০ সালে লিগ শিরোপা জেতে লিভারপুল। জিতেছে চ্যাম্পিয়নস লিগ শিরোপাও। ক্লান্তির কথা জানিয়ে ২০২৪ সালে লিভারপুল কোচের পদ ছাড়েন এই জার্মান।

আরও পড়ুন