ইনফান্তিনোর পথের কাঁটা কে এই ৪৫ বছর বয়সী নারী

নরওয়ে ফুটবল ফেডারেশনের প্রধান লিসে ক্লাভেনেসএএফপি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দায়িত্ব ছাড়লে তাঁর জায়গায় কে আসবেন, তা নিয়ে কয়েক দিন ধরেই চলছে জোর আলোচনা। এর মধ্যেই সামনে এসেছে নতুন এক নাম। নরওয়ে ফুটবল ফেডারেশনের প্রধান লিসে ক্লাভেনেসকে মনে করা হচ্ছে ইনফান্তিনোর সম্ভাব্য চ্যালেঞ্জারদের একজন। ৪৫ বছর বয়সী এই আইনজীবী সরাসরিই ইনফান্তিনোর পদত্যাগের দাবি তুলেছেন।

পেশায় আইনজীবী ক্লাভেনেস একসময় ফুটবলার ছিলেন। নরওয়ে জাতীয় দলের হয়ে খেলেছেন ৭৩টি ম্যাচ। ২০২২ সালে তিনি নরওয়ে ফুটবল ফেডারেশনের প্রধান হিসেবে দায়িত্ব নেন।

দায়িত্ব নেওয়ার কিছুদিনের মধ্যেই কাতারে বিশ্বকাপ আয়োজন নিয়ে প্রশ্ন তোলেন ক্লাভেনেস। এর পরের বছরই ইনফান্তিনোর পুনর্নির্বাচনের বিরোধিতা করে নরওয়ে। নরওয়ের সাংবাদিক মিনা ফিনস্তেদ বার্গের ভাষায়, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে যে সমালোচনা এখন বিভিন্ন মহলে শোনা যাচ্ছে, তার শুরুটা হয়েছিল ক্লাভেনেসের হাত ধরেই।

আরও পড়ুন

চলতি বছরে ইনফান্তিনোর বিরুদ্ধে অভিযোগের তালিকা আরও দীর্ঘ হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘শান্তি পুরস্কার’ দেওয়া, মার্কিন প্রেসিডেন্টের হস্তক্ষেপে বিশ্বকাপে ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত এবং বেসরকারি বিনিয়োগকারীদের জন্য ফিফার প্রতিযোগিতা উন্মুক্ত করার পরিকল্পনা নিয়ে আপত্তি তুলেছে নরওয়ে ফুটবল ফেডারেশন। এই তিন বিষয়ই ফিফার এথিকস কমিটির কাছে তুলেছে তারা।

বহু বছর বড় টুর্নামেন্টে সাফল্য না পাওয়া নরওয়ে এবার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠেছে। মাঠের এই সাফল্য ক্লাভেনেসকে নতুন করে আত্মবিশ্বাস জোগাতে পারে বলে মনে করা হচ্ছে।

ক্লাভেনেস নিজে এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থী হওয়ার ঘোষণা দেননি
এএফপি

তবে ক্লাভেনেস নিজে এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থী হওয়ার ঘোষণা দেননি। তিনি বিষয়টিকে ব্যক্তিগত ক্ষমতার লড়াই হিসেবেও দেখতে চান না। এদিকে দুর্নীতির অভিযোগে বিতর্কিত সাবেক ফিফাপ্রধান সেপ ব্লাটার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ফিফার নেতৃত্বে এখন একজন নারীর সময় এসেছে।

ক্লাভেনেসের সামনেও চ্যালেঞ্জ কম নয়। ইউরোপের বাইরে, বিশেষ করে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায় তাঁকে অতি-উদারপন্থী হিসেবে দেখা হয় বলে ধারণা করা হচ্ছে। এমনকি ইউরোপের সংস্থা উয়েফাতেও ২০২৩ সালের নির্বাহী কমিটির নির্বাচনে হেরে যান তিনি। পরে ২০২৫ সালে নারীদের জন্য সংরক্ষিত আসনে একমাত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে সেখানে জায়গা পান।

আরও পড়ুন

নরওয়ের সাবেক গোলরক্ষক এরিক থর্স্তভেট তাই প্রশ্ন তুলেছেন, ইউরোপেই যেখানে জেতা তাঁর জন্য এত কঠিন, সেখানে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার সমর্থন পাওয়া কতটা সম্ভব?

আগামী বছর মার্চে চতুর্থ ও শেষ মেয়াদের জন্য নির্বাচন করবেন ইনফান্তিনো। এখন পর্যন্ত তিনিই একমাত্র ঘোষিত প্রার্থী। তবে ক্লাভেনেস আনুষ্ঠানিকভাবে মাঠে নামলে সেই লড়াই জমে উঠতে পারে।