গাম্পার ট্রফিতে লেভা–পেদ্রিদের গোলের মহড়া
হোয়ান গাম্পার ট্রফি—মৌসুম শুরুর আগে এ নামে একটি প্রীতি ম্যাচ প্রতিবছরই খেলে বার্সেলোনা। এবার বার্সেলোনার সমর্থকদের কাছে এ ম্যাচের অন্য রকম একটা গুরুত্ব ছিল। রবার্ট লেভানডফস্কির নেতৃত্বে কেমন করে বার্সার নতুন আক্রমণভাগ—এটা দেখে নেওয়ার একটা ব্যাপার ছিল।
যুক্তরাষ্ট্রে প্রাক্-মৌসুম প্রস্তুতি সফরে লেভানডফস্কি দুটি ম্যাচ খেললেও গোল পাননি। এ কারণে বার্সার সমর্থকেরা তাকিয়ে ছিলেন হোয়ান গাম্পার ট্রফিতে পিউমাস ইউএনএএমের বিপক্ষে ম্যাচটির দিকে—কেমন করেন লেভা! প্রথমার্ধের পর আর মাঠে নামেননি পোলিশ স্ট্রাইকার। তবে প্রথমার্ধেই দারুণ খেলে মন কেড়েছেন বায়ার্ন মিউনিখ থেকে আসা বার্সার নতুন স্ট্রাইকার।
লেভার নেতৃত্বে বার্সেলোনার নতুন আক্রমণভাগ কাল যেন গোলের মহড়ায় নেমেছিল, ইউএনএএম–কে তারা ভাসিয়েছে ৬-০ গোলে। এই ৬ গোলের ১টি করেছেন লেভা, ২টি গোলে করেছেন সহায়তা। লেভার মতো ১টি করে গোল পেয়েছেন উসমান দেম্বেলে, পিয়েরে-এমেরিক অবামেয়াং ও ফ্রেঙ্কি ডি ইয়ং। ২টি গোল করেছেন পেদ্রি।
কে কয়টি গোল করেছেন, এর চেয়ে বড় ব্যাপার ছিল লেভা ও পেদ্রির দারুণ রসায়ন। আক্রমণভাগের ডানে ও বাঁয়ে দেম্বেলে আর নতুন আসা রাফিনিয়ার মধ্যেও বোঝাপড়াটা ছিল দেখার মতো।
লেভার সঙ্গে জমে ওঠা নিয়ে ম্যাচ শেষে পেদ্রি বলেছেন, ‘এই মানের একজন ফুটবলারের সঙ্গে খেলতে পারলে সবকিছু সহজ হয়ে যায়। আমি সব সময়ই তাকে খুঁজে নিতে চেষ্টা করেছি। লেভানডফস্কির সঙ্গে খেলতে পারাটা দারুণ ব্যাপার। সত্যিকার অর্থেই তার শুটিং আর সহযোগিতা আমি উপভোগ করি। এটা আমাকে আনন্দ দেয়।’
বার্সেলোনার আক্রমণভাগের জমে ওঠা রসায়ন নিয়ে খুশি কোচ জাভি হার্নান্দেজও। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘সব মিলিয়ে মৌসুম শুরুর আগের প্রস্তুতিটা আমাদের ভালোই হয়েছে। ভালো ফুটবল খেলেছি আমরা। ফলও ভালো পেয়েছি। দলের আবহটা দারুণ।’
জাভির হাতে এখন অনেক বিকল্প। কাল হোয়ান গাম্পার ট্রফিতে দ্বিতীয়ার্ধে পুরো দলই বদলে ফেলেছেন। এর প্রভাব মাঠে পড়তে দেখা যায়নি। সব মিলিয়ে জাভি যেন একটু মধুর সমস্যায়ই আছেন, ‘শুরুর একাদশ বাছাই করাটাই কঠিন হয়ে যাবে। তবে এটা ভালো বিষয়। দলে প্রতিযোগিতা সবাইকে আরও ভালো করে তুলবে।’