এমবাপ্পেকে বর্ণবাদী গালি, দেশের সংসদ সদস্যের ওপর ক্ষুব্ধ প্যারাগুয়ে সরকার
বিশ্বকাপের শেষ ষোলোয় প্যারাগুয়েকে ১-০ গোলে হারায় ফ্রান্স। এই ম্যাচের পর ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে বর্ণবাদী গালি দেন প্যারাগুয়ের এক নারী সংসদ সদস্য। তাঁর এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে প্যারাগুয়ে সরকার।
দেশটির প্রধান বিরোধী দল লিবারেল পার্টির সদস্য সেলেস্তে আমারিল্লা এমবাপ্পেকে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্য করেন। এমবাপ্পেকে ‘ঔপনিবেশিক ক্যামেরুনিয়ান’ হিসেবে উল্লেখ করে সেলেস্তে বলেন, ‘সে নিজেকে ফরাসি বলে জাহির করে। সে তিক্ত, হঠাৎ বড়লোক, অহংকারী ও কুৎসিত মানুষ।’ প্যারাগুয়ে ম্যাচে এমবাপ্পে ‘মৃত্যুভয়ে ভীত’ ছিলেন বলেও অভিযোগ করেন আমারিল্লা।
প্যারাগুয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘ফরাসি জাতীয় দলের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে উদ্দেশ্য করে সিনেটর সেলেস্তে আমারিল্লার করা মন্তব্য আমাদের দেশের শান্তি, সম্প্রীতি ও মানবমর্যাদার পরিপন্থী। এই বক্তব্য কোনোভাবেই প্যারাগুয়ে সরকার বা এ দেশের জনগণের অবস্থানের প্রতিফলন নয়।’
সেলেস্তে আমারিল্লার মন্তব্য ফ্রান্সে তীব্র ক্ষোভের জন্ম দেয়। ফ্রান্স সরকার ও বিরোধী দলগুলোর পাশাপাশি এমবাপ্পে নিজেও এই মন্তব্যের তীব্র নিন্দা জানান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এমবাপ্পে লেখেন, ‘মিসেস সেলেস্তে আমারিল্লা, আপনি একজন ঘৃণ্য নারী এবং আপনার পদের যোগ্য নন। আপনি প্যারাগুয়ের প্রতিনিধিত্ব করেন না। এই পুরো টুর্নামেন্টে প্যারাগুয়ে আবেগ ও সম্মানের সঙ্গে লড়াই করেছে।’
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁও এমবাপ্পের প্রতি এই ‘বর্ণবাদী আক্রমণের’ তীব্র নিন্দা জানিয়েছেন। এলিসি প্যালেস (ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়) থেকে বলা হয়েছে, ‘ব্লুজদের (ফরাসি দল) অধিনায়কের ওপর যে বর্ণবাদী আক্রমণ হয়েছে, প্রেসিডেন্ট তার বিরুদ্ধে দাঁড়িয়ে কিলিয়ান এমবাপ্পে ও ফরাসি দলের পাশে আছেন।’
ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও আমারিল্লার এই মন্তব্যের নিন্দা জানিয়েছেন। ইনস্টাগ্রামে এক বিবৃতিতে ইনফান্তিনো বলেন, ‘সমগ্র ফুটবল–বিশ্ব ফ্রান্সের অধিনায়কের পাশে আছে। আমাদের সবাইকে একসঙ্গে বর্ণবাদের বিরুদ্ধে লড়তে হবে এবং একে পরাজিত করতে হবে।’