ব্রাজিলের বিদায় নিয়ে কী বললেন আর্জেন্টিনা কোচ

সংবাদ সম্মেলনে লিওনেল স্কালোনিএএফপি

বিশ্বকাপের শেষ ষোলোয় নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায়কে নিজেদের জন্য বড় সতর্কবার্তা হিসেবে দেখছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। পাশাপাশি ব্রাজিলের বিদায়ে গোলের মিসকে কারণ হিসেবে দেখছেন স্কালোনি। মিসর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন তিনি।

ব্রাজিল নরওয়ের বিপক্ষে ম্যাচে একের পর এক গোলের সুযোগ নষ্ট করেছে। নরওয়ে গোলকিপার ওরইয়ান নিলান্ডকে একা পেয়েও পরাস্ত করতে পারেননি। স্কালোনি মনে করেন, সুযোগ কাজে লাগালে ম্যাচের ফল অন্য রকম হতে পারত।

আর্জেন্টিনার কোচ এ নিয়ে বলেন, ‘ব্রাজিলের খেলা কমবেশি দেখেছি। নরওয়ে ভালো দল। শুরুর দিকে স্কোর যখন ০-০ ছিল, তখন এনদ্রিক যদি ওই গোলটা পেয়ে যেত, তাহলে আজ আমরা অন্য কিছু নিয়ে কথা বলতাম। ব্রাজিল শক্ত প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিল, এটাই আসল কথা। আমরা সতর্ক আছি; কারণ, আমরাও বড় প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছি।’

মিসরকে শেষ ষোলোর লড়াইয়ে বড় প্রতিপক্ষ হিসেবে দেখছেন স্কালোনি। মিসর ম্যাচে শুরুর একাদশ কেমন হবে, তা নিয়ে মুখ খোলেননি আর্জেন্টিনা কোচ, ‘আমি একাদশ ঠিক করে ফেলেছি। তবে সেটি এখনো খেলোয়াড়দের জানাইনি এবং আপনাদেরও বলব না। প্রেস অফিস থেকে আমাকে জানানো হয়েছে যে আপনারা সাংবাদিকেরা কমবেশি একাদশটি অনুমান করতে পেরেছেন। ধারণাটা ওই রকমই।’

অনুশীলনে মেসি
এএফপি

৩৯ বছর বয়সী মেসি তিন দিন আগে কেপ ভার্দের বিপক্ষে খেলেছেন ১২০ মিনিট। মিসর ম্যাচের আগে মেসি কি পুরোপুরি ফিট? উত্তরে স্কালোনি বলেন, ‘মেসি একদম ঠিক আছে। ৩৯ বছর বয়সেও আগের ম্যাচে টানা ১২০ মিনিট খেলেও সে ক্লান্তির কথা বলেনি।’

আরও পড়ুন

প্রতিপক্ষ মিসরকে সমীহ করে স্কালোনি বলেছেন, ‘মিসর দারুণ দল। তাদের খেলার একটি সুনির্দিষ্ট কৌশল রয়েছে। তারা রক্ষণভাগ মজবুত করে প্রতিপক্ষকে কঠিন পরীক্ষায় ফেলে। আমাদের বিপক্ষেও তারা এটাই করবে। দলটি অত্যন্ত শক্ত প্রতিপক্ষ। আর সালাহ একজন বড় মাপের খেলোয়াড়। তাঁর মুখোমুখি হওয়াটা রোমাঞ্চের। মিসর এই জায়গায় আসাটা প্রাপ্য ছিল।’

আরও পড়ুন