যুক্তরাষ্ট্র থেকে ম্যাচ না সরালে বিশ্বকাপ খেলার সম্ভাবনা কম: ইরান

গত মাসে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে মার্কিন–ইসরায়েল হামলায় নিহত স্কুল শিক্ষার্থীদের স্মরণে স্কুল ব্যাগ নিয়ে ইরানি ফুটবলাররারয়টার্স

বিশ্বকাপ শুরু হতে বাকি দুই মাস, তবে এখন পর্যন্ত ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটছে না। ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দানিয়ামালি বলেছেন, তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোয় না নেওয়া পর্যন্ত বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে সংশয় থেকে যাচ্ছে।

ফিফার কাছে করা ম্যাচ স্থানান্তরের অনুরোধ এখনো বহাল আছে জানিয়ে রোববার তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুকে তিনি বলেন, ‘অনুরোধ এখনো বহাল আছে, কিন্তু আমরা এখনো কোনো সাড়া পাইনি। যদি অনুরোধ গ্রহণ করা হয়, তবে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিশ্চিত হবে। এখন পর্যন্ত ফিফা এখনো কোনো উত্তর দেয়নি।’

ফিফার সাড়া না পাওয়া এবং ইরানের বর্তমান অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ম্যাচগুলোতে ইরানের অংশগ্রহণের সম্ভাবনা খুবই কম।’

সূচি অনুযায়ী বিশ্বকাপে ইরানের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে খেলার কথা রয়েছে। ১৬ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু হওয়ার কথা, এরপর ২২ জুন একই শহরে বেলজিয়াম এবং ২৭ জুন সিয়াটলে মিসরের মুখোমুখি হওয়ার কথা। ৪৮ দলের বিশ্বকাপে আয়োজক হিসেবে মেক্সিকো ও কানাডা থাকলেও সবচেয়ে বেশি ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে।

কোস্টারিকার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচেও নিহতদের ছবি নিয়ে আসে ইরান ফুটবল দল
এএফপি

দানিয়ামালি জানান, ইরানের খেলোয়াড়েরা বিশ্বকাপের জন্য প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। তবে ‘সংশ্লিষ্ট নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করা হলেই’ কেবল সরকার বিশ্বকাপে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানে হামলা শুরুর পর মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধ চলছে। যুদ্ধ শুরুর কিছুদিন পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ফুটবল দলকে যুক্তরাষ্ট্র স্বাগত জানানোর কথা বললেও সঙ্গে যোগ করেন, ‘কিন্তু তাদের নিজেদের জীবন ও নিরাপত্তার কথা বিবেচনা করলে সেখানে থাকা তাদের জন্য উপযুক্ত হবে বলে আমি সত্যিই মনে করি না।’

আরও পড়ুন

ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজ মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যের প্রতিক্রিয়ায় ‘যেহেতু ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে তিনি ইরানি জাতীয় দলের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না, তখন আমরা অবশ্যই আমেরিকায় যাব না। আমরা বর্তমানে মেক্সিকোতে ইরানের ম্যাচগুলো আয়োজনের জন্য ফিফার সঙ্গে আলোচনা করছি।’

ইরান–কোস্টারিকা ম্যাচ দেখতে তুরস্কে গিয়েছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো
এএফপি

তবে গত বুধবার ইরানের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, ‘ড্র অনুযায়ী ম্যাচগুলো যেখানে হওয়ার কথা সেখানেই হবে।’ পৃথক এক বিবৃতিতে মেক্সিকোয় ম্যাচ সরিয়ে নেওয়ার অনুরোধ নাকচ করে দিয়ে বলেন, ‘এখানে কোনো প্ল্যান বি, সি বা ডি নেই। প্ল্যান ‘এ’–ই একমাত্র পরিকল্পনা।’ তবে ইরান যেন উপযুক্ত পরিবেশে বিশ্বকাপ খেলতে পারে, তা নিশ্চিতে কাজ করবেন বলে জানান ফিফাপ্রধান।

আরও পড়ুন