দুবাইয়ের শাসকের সঙ্গে ছবি পোস্ট করায় ইরান জাতীয় দল থেকে বহিষ্কার তারকা ফুটবলার

ইরানের তারকা ফুটবলার সরদার আজমুনরয়টার্স

ইরানের তারকা ফুটবলার সরদার আজমুনকে জাতীয় দল থেকে বহিষ্কার করা হয়েছে। সরকারের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগে তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। এই সিদ্ধান্তের ফলে ২০২৬ বিশ্বকাপে আজমুনের খেলার সম্ভাবনা একপ্রকার শেষ হয়ে গেল।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের কারণে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মেক্সিকো ও কানাডার সঙ্গে যৌথভাবে আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত বিশ্বকাপের সহ-আয়োজক দেশ যুক্তরাষ্ট্র।

বিশ্বকাপে যদি শেষ পর্যন্ত ইরান অংশ নেয়, সেখানে স্ট্রাইকার আজমুনের অনুপস্থিতি নিশ্চিতভাবেই দলটিকে দুর্বল করে দেবে। ২০১৪ সালে ১৯ বছর বয়সে ইরান জাতীয় দলে আজমুনের অভিষেক। ইরানের হয়ে ৯১ ম্যাচে তাঁর গোলসংখ্যা ৫৭। ইরান জাতীয় দলের ইতিহাসে আজমুন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা।

ইউরোপিয়ান ক্লাব ফুটবলে বায়ার লেভারকুসেন, জেনিত সেন্ট পিটার্সবার্গ ও রোমায় খেলেছেন আজমুন। এখন খেলেন আরব আমিরাতের ক্লাব শাবাবা আল-আহলিতে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলতি সপ্তাহে দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে সাক্ষাতের ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন আজমুন। আর এতেই চটেছে ইরান সরকার।

ইরানের হয়ে দুটি বিশ্বকাপে খেলেছেন আজমুন
রয়টার্স

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় নিহত হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আজমুনের সেই ছবি বিতর্ক ও অসন্তোষের জন্ম দিয়েছে।

আরও পড়ুন

ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ফারস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে আজমুনের দল থেকে বাদ পড়ার বিষয়টি জানানো হয়। ইরান জাতীয় দলের ‘একটি নির্ভরযোগ্য সূত্রের’ বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, আজমুনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ছবি মুছে ফেলা হয়েছে

আজমুন পরবর্তী সময়ে ছবিগুলো মুছে ফেললেও গত বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তাঁকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়। দেশটির ফুটবল বিশ্লেষক মোহাম্মদ মিসাঘি আজমুনের এ কর্মকাণ্ডকে আনুগত্যহীনতা বা বিশ্বাসঘাতকতা হিসেবে অভিহিত করেন।

আজমুনকে উদ্দেশ করে মিসাঘি বলেন, ‘এটি দুর্ভাগ্যজনক যে কোন সময়ে কেমন আচরণ করা উচিত, সেই কাণ্ডজ্ঞান আপনার নেই।’ মিসাঘি যোগ করেন, ‘এসব মানুষের ক্ষেত্রে আমাদের রাখঢাক করার প্রয়োজন নেই। তাদের স্পষ্ট বলে দেওয়া উচিত যে তারা জাতীয় দলের জার্সি পরার যোগ্য নয়।’

ইরানের জাতীয় সংগীতের প্রতি সম্মান ও জার্সির মর্যাদার কথা উল্লেখ করে এই বিশ্লেষক বলেন, ‘আমরা এ ধরনের মান-অভিমান বা শিশুতোষ আচরণ সহ্য করব না। জাতীয় দলে এমন খেলোয়াড় থাকা উচিত, যারা গর্বের সঙ্গে জাতীয় সংগীত গাইবে এবং ইরানের জার্সি পরার যোগ্যতা রাখবে।’

আরও পড়ুন

রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে ইরান ফুটবল ফেডারেশনের (এফএফআইআরআই) পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।

৩১ বছর বয়সী আজমুন ইরানের অন্যতম জনপ্রিয় ফুটবলার। পেশাদার ক্লাব ক্যারিয়ারের পুরোটা সময় দেশের বাইরে কাটানো ৩১ বছর বয়সী আজমুন ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে খেলেছেন।

গত বৃহস্পতিবার ‘নোভাদ নিউজ’–এর সূত্রহীন এক প্রতিবেদনে জানানো হয়, আজমুন এবং সংযুক্ত আরব আমিরাতে খেলা ইরানের আরেক ফরোয়ার্ড মেহেদী ঘায়েদি ও সাবেক ফুটবলার সরোশ রাফিয়ির সম্পদ জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।